Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩৩, শনিবার ২১ নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে বর্ণাঢ্য আয়োজন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ২১ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে বর্ণাঢ্য আয়োজন

ছবি সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণ, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন থেকে সেনাকুঞ্জের সংবর্ধনা-দিনজুড়ে থাকছে নানা কর্মসূচি।

দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে এই আয়োজন করা হবে।

মোনাজাতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হবে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এরপর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। তারা হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

দিনের কর্মসূচিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাতের বিষয়টিও রয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন রয়েছে।

দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত এই সংবর্ধনায় সামরিক ও বেসামরিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেবেন।

আমন্ত্রিতদের মধ্যে থাকবেন সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা। বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এ ছাড়া জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রাজধানীর বাইরেও দিবসটি পালনে বিস্তৃত আয়োজন থাকছে। সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি এবং সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সাধারণ মানুষের জন্যও থাকছে বিশেষ সুযোগ। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজগুলো দুপুর ২টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত নিকটবর্তী ঘাটে নোঙর করা থাকবে। এ সময় সর্বসাধারণের জন্য জাহাজগুলো পরিদর্শনের সুযোগ উন্মুক্ত থাকবে।

Walton
Walton