ছবি সংগৃহীত
দেশের আট জেলায় একযোগে ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও চার প্লাটুন সদস্য।
শনিবার (২১ নভেম্বর) বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এই মোতায়েনের তথ্য প্রকাশ করা হয়।
নিরাপত্তা দায়িত্বে সবচেয়ে বেশি সদস্য পাঠানো হয়েছে গোপালগঞ্জে-২৯ প্লাটুন। ঢাকা জেলায় রয়েছে ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে পাঁচ প্লাটুন এবং গাজীপুরে ১৫ প্লাটুন।
এ ছাড়া নারায়ণগঞ্জে ছয়, কক্সবাজারে ছয়, ফরিদপুরে পাঁচ এবং ময়মনসিংহে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন মোতায়েন করা সদস্যরা।
তাদের নজরদারির আওতায় থাকবে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ স্পর্শকাতর বিভিন্ন স্থান। জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে-এমন কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি সহিংসতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকবেন তারা।
মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণে এবার প্রযুক্তিনির্ভর নজরদারির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় ধারণ করা সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন পর্যায়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রেখে কাজ করছেন বিজিবি সদস্যরা।
সাধারণ মানুষের জানমালের সুরক্ষা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখাই এই নিরাপত্তা তৎপরতার অন্যতম লক্ষ্য। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেও বাহিনীটি প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




