Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩৩, শনিবার ২১ নভেম্বর ২০২৬

কাতারে হাজারো সমর্থকের উচ্ছ্বাস, এগিয়ে যেতে চায় নেপাল ক্রিকেট

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ২১ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

কাতারে হাজারো সমর্থকের উচ্ছ্বাস, এগিয়ে যেতে চায় নেপাল ক্রিকেট

ছবি সংগৃহীত

কাতারে বসবাসরত হাজারো নেপালির কাছে ক্রিকেট এখন শুধু একটি খেলা নয়, দেশের প্রতি ভালোবাসা প্রকাশের উপলক্ষও। প্রবাসের মাটিতে জাতীয় দলকে সামনে থেকে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তাঁরা। তবে তাঁদের প্রত্যাশা আরও বড়-একদিন নেপাল ক্রিকেট বিশ্বের প্রতিষ্ঠিত দলগুলোর সঙ্গে সমানতালে লড়বে, জায়গা করে নেবে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পর্যায়ে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কাতারের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ছিল নেপালি সমর্থকদের উপচে পড়া ভিড়। লাল ও গাঢ় নীল রঙের ত্রিভুজাকৃতির জাতীয় পতাকায় ছেয়ে যায় গ্যালারি। কারও কাঁধে পতাকা, কারও হাতে উড়ছে দেশের প্রতীক। প্রতিটি বলের সঙ্গে উচ্ছ্বাস, প্রতিটি উইকেটের পতনে উদ্‌যাপন।

মাঠে তখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) রাইজিং স্টারস এশিয়া কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের ম্যাচ। প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। অর্থাৎ, ভারতের দ্বিতীয় সারির দল। টস জিতে প্রথমে বোলিংয়ে নামে নেপাল।

ভারতীয় অধিনায়ক তিলক ভার্মা ও ব্যাটসম্যান কুমার কুশাগ্রা একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছিলেন। নেপালের বোলারদের ওপর চাপ বাড়ছিল, ফিল্ডাররাও ব্যাটারদের আক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন। কিন্তু গ্যালারির উচ্ছ্বাসে ভাটা পড়েনি।

হাজার হাজার দর্শকের চিৎকার আর করতালিতে মুখর ছিল স্টেডিয়াম। দেশের মাটি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও প্রিয় দলকে সামনে থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি তাঁরা।

প্রবাসে জাতীয় দলকে ঘিরে অন্যরকম উচ্ছ্বাস
কাতারের অনাবাসী নেপালি সমিতির তথ্য অনুযায়ী, দেশটিতে অন্তত ৩ লাখ ৬৭ হাজার নেপালি বসবাস করেন। উপসাগরীয় দেশটিতে প্রবাসী জনগোষ্ঠীর আকারের দিক থেকে তাঁদের অবস্থান তৃতীয়।

এই বিপুল জনগোষ্ঠীর কাছে জাতীয় ক্রিকেট দল এক ধরনের মিলনমেলার উপলক্ষ তৈরি করেছে। খেলা দেখতে স্টেডিয়ামে ছুটে আসা হাজারো সমর্থকের মধ্যে ছিলেন প্রদীপ কুমার যাদবও।

সাত নেপালি বন্ধুকে সঙ্গে নিয়ে মাঠে এসেছিলেন তিনি। টুর্নামেন্টের সূচি প্রকাশের পর থেকেই তাঁরা ম্যাচটি দেখার পরিকল্পনা করছিলেন।

আলজাজিরাকে যাদব বলেন, ‘নিজ দেশের বাইরে নেপালের খেলা এবারই প্রথম দেখছি আমরা।’

প্রবাসে থেকেও জাতীয় দলের প্রতি এমন টান তাঁদের কাছে বিশেষ অভিজ্ঞতা। দেশের খেলোয়াড়দের সামনে থেকে দেখার আনন্দই ছিল তাঁদের মূল আকর্ষণ।

আন্তর্জাতিক ক্রিকেটে এগিয়ে যাওয়ার গল্প
নেপালের ক্রিকেটে আন্তর্জাতিক পরিচিতি বাড়তে শুরু করে গত এক দশকে। দেশটির আধুনিক ক্রিকেটযাত্রার সূচনা ১৯৯৬ সালে। ওই বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্যপদ পাওয়ার পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় নেপালের পুরুষ ক্রিকেট দল।

এরপর বড় অগ্রগতি আসে ২০১৪ সালে। প্রথমবারের মতো আইসিসির কোনো আসরে খেলার যোগ্যতা অর্জন করে দেশটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নেপালের পরিচিতি আরও বাড়ে।

ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটে নজর কাড়তে শুরু করেন দেশটির খেলোয়াড়েরা। লেগ স্পিনার সন্দীপ লামিছানের বিভিন্ন দেশের বড় টি-টোয়েন্টি লিগে সুযোগ পাওয়া নেপালের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তোলে।

দেশের ভেতরেও ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েছে। রাজধানী কাঠমান্ডুর গণ্ডি পেরিয়ে শহর, ছোট জনপদ ও গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে খেলাটি। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের অবকাঠামো গড়ে তোলার উদ্যোগও এ অগ্রযাত্রায় সহায়তা করছে।

নেপালি সমর্থকদের কাছে তাই জাতীয় দলের প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ শুধু প্রতিযোগিতা নয়, দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও একটি পরিচয়।

‘আমরা ক্রিকেট নিয়ে গর্বিত’
কাতারপ্রবাসী নেপালি সমর্থক হিম্মত যোশির মতে, জাতীয় দলের সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে দেশে ক্রিকেটের জনপ্রিয়তাও বেড়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচ দেখার সময় তিনি বলেন, ‘আমি খুব আনন্দিত। আগে ক্রিকেট অনুসরণ করতেন এমন মানুষের সংখ্যা কম ছিল। কিন্তু বছর পেরোনোর সঙ্গে সঙ্গে খেলাটির জনপ্রিয়তা বেড়েছে।’

গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শকের একজন মোহাম্মদ জাহুরের কাছেও জাতীয় দলের অগ্রগতি গর্বের বিষয়। তাঁর ভাষায়, নেপালিরা পরিশ্রমী জাতি। আন্তর্জাতিক পর্যায়ের ভালো দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এমন একটি ঘরোয়া ক্রিকেটব্যবস্থা গড়ে তুলছে দেশটি।

জাহুর বলেন, ‘নেপালি ক্রিকেটারদের দেশের প্রতিনিধিত্ব করতে দেখা অনেক গর্বের বিষয়। আমরা আবেগপ্রবণ ও ক্রিকেটপ্রেমী মানুষ।’

তাঁদের স্বপ্ন অবশ্য শুধু টি-টোয়েন্টিতে ভালো করা পর্যন্ত সীমাবদ্ধ নয়। সমর্থকেরা চান, একসময় নেপাল টেস্ট ক্রিকেট খেলা প্রতিষ্ঠিত দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুক। জায়গা করে নিক ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্করণে।

জাহুরের মতে, টেস্ট খেলুড়ে কোনো দেশকে হারাতে পারা হবে সেই স্বপ্ন পূরণের পথে বড় একটি অর্জন।

এভারেস্টের পাশাপাশি ক্রিকেটেও পরিচিতি চায় নেপাল
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের দেশ হিসেবে নেপালের পরিচিতি বিশ্বজুড়ে। পর্বতারোহণ ও হিমালয় ঘিরে দেশটির যে সুনাম রয়েছে, ক্রিকেটের মাধ্যমেও তেমন আন্তর্জাতিক পরিচিতি গড়ে তুলতে চান সমর্থকেরা।

জাহুর বলেন, ‘নেপালিরা ক্রিকেটকে উৎসবের মতো করে উপভোগ করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা ও স্বপ্ন, একদিন পর্বতারোহণের ঐতিহ্য এবং মাউন্ট এভারেস্টের জন্য যেভাবে নেপালিদের চেনে মানুষ, ক্রিকেটের জন্যও সেভাবে চিনবে।’

কাতারের স্টেডিয়ামে সেদিন উড়তে থাকা পতাকা, সমর্থকদের স্লোগান আর হাজারো মানুষের উপস্থিতি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটিয়েছে।

বড় হারেও কমেনি সমর্থকদের ভালোবাসা

তবে মাঠের ফল নেপালের সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ভারত ‘এ’ দলের কাছে ৩০৬ রানের বিশাল ব্যবধানে হেরে যায় নেপাল। এমন হার যে সমর্থকদের জন্য হতাশার, তা বলার অপেক্ষা রাখে না।

তবু ম্যাচ শেষে গ্যালারিতে আসা মানুষের আনন্দ পুরোপুরি ম্লান হয়নি। কারণ, তাঁদের অনেকের কাছে জয়-পরাজয়ের বাইরেও ছিল অন্য এক প্রাপ্তি।

প্রদীপ কুমার যাদব ও তাঁর বন্ধুদের মতো অনেকের জন্য দেশের বাইরে জাতীয় দলের খেলা সরাসরি দেখার সুযোগটাই ছিল বড় পাওয়া। অন্যদের কাছে এটি ছিল এমন একটি দলকে সমর্থন করার অভিজ্ঞতা, যে দল আন্তর্জাতিক ক্রিকেটে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছে।

নেপালের ক্রিকেট এখনো বিশ্বসেরাদের কাতারে পৌঁছায়নি। কিন্তু কাতারের গ্যালারিতে হাজারো প্রবাসীর উচ্ছ্বাস বলে দিচ্ছিল, সেই লক্ষ্যে পৌঁছানোর স্বপ্ন দেশটির মানুষের মধ্যে কতটা গভীর।
সূত্র: আলজাজিরা

Walton
Walton