Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩৩, শনিবার ২১ নভেম্বর ২০২৬

আকভানের প্রভাব কাটছে, আজ কমতে পারে বৃষ্টিপাত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ২১ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

আকভানের প্রভাব কাটছে, আজ কমতে পারে বৃষ্টিপাত

ছবি সংগৃহীত

টানা বৃষ্টির পর আবহাওয়ায় কিছুটা স্বস্তি ফিরতে পারে আজ শনিবার। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর আকাশ মেঘলা থাকলেও দিনের কোনো একসময় দেখা মিলতে পারে সূর্যের।

শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। শনিবার পরিস্থিতির উন্নতি হলেও কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যবর্তী কিছু এলাকা, ময়মনসিংহ বিভাগের কয়েকটি স্থান এবং উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে।

সাম্প্রতিক বৃষ্টিপাতের পরিসংখ্যানে সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড কুমিল্লায়। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এর আগের দিন পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ছিল যশোরে, ১৩৩ মিলিমিটার। রাজধানীতেও বৃষ্টির পরিমাণ ছিল উল্লেখযোগ্য। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, আগের দিন যার পরিমাণ ছিল ১৯ মিলিমিটার।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলামের ভাষ্য, ঘূর্ণিঝড়টি এখন অনেকটাই দুর্বল। সুস্পষ্ট লঘুচাপে রূপ নেওয়ায় এর প্রভাবে শনিবার বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।

তিনি জানান, উপকূলীয় অঞ্চল, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানীতে মেঘের আনাগোনা থাকলেও মাঝেমধ্যে রোদ উঠতে পারে।

সব মিলিয়ে ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতে শুরু করায় দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। যদিও কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা এখনো পুরোপুরি কাটেনি।

Walton
Walton