Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩৩, শনিবার ২১ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ২১ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি সংগৃহীত

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের পাশে রাষ্ট্র থাকবে। তাঁদের সম্মান ও সহযোগিতা দেওয়ার ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল ও অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করবে।

শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব পাওয়া নিঃসন্দেহে গৌরবের বিষয়। তবে স্বাধীনতার জন্য লড়াই করে একটি দেশকে বিজয় এনে দেওয়ার গৌরব আরও বড়। জীবনে সবাই এমন অর্জনের সুযোগ পান না। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই জাতির কাছে অনন্য।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাঁরা সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।

তিনি বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের কষ্ট ও পঙ্গুত্বের বিনিময়ে এসেছে বাংলাদেশের স্বাধীনতা। সশস্ত্র বাহিনী দিবসে তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষায়, তাঁদের সম্মান জানানোর মধ্য দিয়ে রাষ্ট্র নিজের সেই দায়িত্ব কিছুটা হলেও পালনের চেষ্টা করেছে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, এমন আয়োজনে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকে আবেগাপ্লুত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের রায়ে যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরব ধরে রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণের কথা বিবেচনা করে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। পরের বছর, ২০০২ সালে প্রণয়ন করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।

বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা এখন ক্লান্ত। কিন্তু তাঁদের চোখে স্বাধীনতার স্বপ্ন ও দীপ্তি এখনো অমলিন। তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে আয়োজন করে, তা প্রশংসার দাবি রাখে।

সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় মানুষের প্রতি সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগে অর্জিত বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত বাস্তবতায় বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করবে।

মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁদের সেই অবদান যেন রাষ্ট্রের সম্মান ও সহযোগিতায় প্রতিফলিত হয়, সে ধারাও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

Walton
Walton