ছবি সংগৃহীত
ফিলিপাইনে পোষা প্রাণীর মরদেহ দাহের নামে প্রতারণার অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। যেসব মালিক অর্থ খরচ করে প্রিয় কুকুর-বিড়ালের শেষকৃত্য সম্পন্ন করেছেন, তাঁদের অনেকেই এখন জানতে পারছেন, পোষ্যদের আদৌ দাহ করা হয়েছিল কি না। কারও কারও আশঙ্কা, দাহের জন্য হস্তান্তর করা প্রাণীর মরদেহ ফেলে দেওয়া হয়েছে রাস্তার পাশে, পরিত্যক্ত জমিতে কিংবা নদীতে।
ফেসবুকের একটি সরাসরি সম্প্রচার থেকেই সামনে আসে ভয়াবহ এই ঘটনা।
ভিডিওতে দেখা যায়, টাকমাথা এক ব্যক্তি, মুখে ছাঁটা দাড়ি ও চোখে লালচে রঙের সানগ্লাস, ভাঙাচোরা একটি সড়ক ধরে এগিয়ে যাচ্ছেন। তাঁর হাতে থাকা ক্যামেরা ঘুরতেই রাস্তার পাশের লম্বা ঘাসের মধ্যে পড়ে থাকা কয়েকটি প্লাস্টিকে মোড়ানো প্যাকেট চোখে পড়ে।
প্যাকেটগুলোর গায়ে লেখা কয়েকটি নাম-ব্র্যান্ডন, আইরা, লাকি, সুইট। পাশাপাশি রয়েছে ওজনের হিসাবও। একটির গায়ে লেখা ২৯ কেজি, অন্যটিতে ২ দশমিক ৫ কেজি। স্বচ্ছ প্লাস্টিকের ভেতর থেকে পশম, নখর ও থেঁতলে যাওয়া কানের মতো কিছু অংশ দেখা যাচ্ছিল।
‘এখানে প্রায় ২৫টি প্রাণীর মরদেহ ব্যাগে ভরে ফেলে রাখা হয়েছে। কয়েকটি বিড়াল, কয়েকটি কুকুরও রয়েছে,’ ভিডিওতে বলেন ওই ব্যক্তি।
পাশ থেকে ক্যামেরা হাতে থাকা নারীকে বলতে শোনা যায়, ‘এগুলো সবই উন্নত জাতের পোষা প্রাণী।’
ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গত কয়েক সপ্তাহে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছাকাছি বুলাকান প্রদেশের শহরতলিতে একের পর এক মরদেহ ফেলে রাখার স্থান শনাক্ত করেছেন প্রাণী উদ্ধারকারী সংস্থা লুনা অ্যান্ড ফারি সিবলিংসের (এলএএফএস) প্রতিষ্ঠাতা ক্রিস টেলর ও তাঁর স্ত্রী জেরাল্ডিন টেলর।
তাঁদের হিসাবে, এ পর্যন্ত ১৫টি স্থানে প্রায় ১৭০টি মৃত পোষা প্রাণীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে বেলজিয়ান ম্যালিনয়, গোল্ডেন রিট্রিভার, পাগ, বিভিন্ন বয়সী কুকুরছানা ও বিড়াল। কোথাও সড়কের পাশে ফেলে রাখা হয়েছে মরদেহ, কোথাও সেগুলো সেপটিক ট্যাংকে আটকে রাখা হয়েছে। আবার কিছু মরদেহ পাওয়া গেছে নদীতে ভাসমান অবস্থায় কিংবা পরিত্যক্ত জমিতে মাটিচাপা দেওয়া।
উদ্ধার হওয়া প্রাণীগুলোর অনেককেই মালিকেরা দাহ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এখন সেই মালিকদের সামনে কঠিন এক প্রশ্ন-প্রিয় পোষ্যটির শেষকৃত্য কি আদৌ সম্পন্ন হয়েছিল? বাড়িতে যত্ন করে রাখা ছাইভর্তি পাত্রে কি সত্যিই রয়েছে তাঁদের প্রাণপ্রিয় কুকুর বা বিড়ালের দেহাবশেষ? নাকি শেষ বিদায়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের মরদেহ ফেলে দেওয়া হয়েছিল আবর্জনার মতো?
ভিডিওটি দেখে একজন ফেসবুকে লিখেছেন, ‘আমার মনে হচ্ছে, ওই প্রাণীগুলোর একটি আমার।’
মন্তব্যের সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল আলসেশিয়ান কুকুরের ছবিও জুড়ে দেন তিনি।
১৫ স্থানে ১৭০ প্রাণীর মরদেহ
তিন সপ্তাহ আগে বুলাকানের একটি সড়কের পাশে প্রথম দফায় বিপুলসংখ্যক প্রাণীর মরদেহ উদ্ধারের সময় ক্রিস টেলরও বুঝতে পারেননি, ঘটনাটি এত বড় বিতর্কে রূপ নেবে। এরই মধ্যে অন্তত একটি প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ করেছে বলে খবর পাওয়া গেছে। চারজনের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রাণী নির্যাতনবিষয়ক আইন নিয়ে আলোচনার জন্য একজন সিনেটর তাঁকে বৈঠকে বসার আমন্ত্রণও জানিয়েছেন।
ক্রিস একসময় পুলিশ কর্মকর্তা ছিলেন। অবসরের পর স্ত্রীকে নিয়ে ফিলিপাইনের সান হোসে দেল মন্টে এলাকায় বসবাস করছেন। ম্যানিলার কেন্দ্র থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে তাঁদের বাড়িতেই গত তিন বছর ধরে পরিচালিত হচ্ছে প্রাণী উদ্ধারকেন্দ্রটি।
গত ৩০ অক্টোবর স্থানীয় জেলা কার্যালয়ে একটি প্রাণী অবহেলার অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। সেখানে পৌঁছে জানতে পারেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অন্য একটি অভিযোগের তদন্তে বেরিয়ে গেছেন। কাছাকাছি সড়কের পাশে বেশ কিছু প্রাণীর মরদেহ পড়ে থাকার খবর পেয়েছেন তিনি।
এর আগেও এমন ঘটনা দেখেছিলেন ক্রিস। সেবার ১৪টি কুকুরের মরদেহ উদ্ধার করে পরে আবার মাটিচাপা দেওয়া হয়েছিল। এবার আর ঘটনাটি এড়িয়ে যাননি। কর্মকর্তার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ছবি তোলেন, মরদেহগুলোর মাইক্রোচিপ শনাক্তের চেষ্টা করেন এবং ফেসবুকে ভিডিও প্রকাশ করতে থাকেন।
ক্রিস বলেন, ‘আমার মনে হয়েছিল, এর পেছনে আরও বড় কিছু আছে। তাই আমরা সবাইকে জানালাম, কারও কাছে অন্য কোথাও প্রাণীর মরদেহ ফেলে রাখার খবর থাকলে আমাদের জানাতে।’
এরপর আসতে শুরু করে একের পর এক তথ্য।
কেউ বার্তা পাঠিয়ে জানান, বাঁ পাশের বড় পরিত্যক্ত জমি থেকেই পচা গন্ধ আসছে। আরেকজন লেখেন, ‘আমরা যখন সেখানে পৌঁছাই, তখন পচা প্রাণীর গন্ধে দাঁড়ানো যাচ্ছিল না।’ বার্তার সঙ্গে একটি মানচিত্রের ছবিও পাঠান তিনি, যেখানে লাল বৃত্ত দিয়ে স্থানটি চিহ্নিত করা ছিল।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলএএফএস এখন পর্যন্ত ১৫টি স্থান শনাক্ত করেছে। উদ্ধার হওয়া প্রাণীর সংখ্যা আনুমানিক ১৭০।
ক্রিসের ভাষায়, ‘কোনো কোনো জায়গায় শুধু হাড়গোড় পাওয়া গেছে। আবার কিছু মরদেহ এতটাই পচে গিয়েছিল যে তরল হয়ে গেছে।’
প্রতিটি ঘটনাস্থলের ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য যত্নসহকারে সংরক্ষণ করছে সংস্থাটি। ক্রিসকে প্রায়ই দেখা যায়, এন৯৫ মাস্ক ও রাবারের গ্লাভস পরে ঝোপঝাড়ের মধ্যে বসে ফেলে দেওয়া প্লাস্টিকের ব্যাগ খুলে মরদেহ পরীক্ষা করছেন। পাশে দাঁড়িয়ে জেরাল্ডিন ক্যামেরায় পুরো প্রক্রিয়াটি ধারণ করেন।
তাঁদের ফেসবুক ভিডিওগুলোর দর্শকসংখ্যা ইতিমধ্যে তিন কোটির বেশি ছাড়িয়েছে। মন্তব্যের ঘরে অনেকে জানতে চান, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে তাঁদের পোষ্য রয়েছে কি না। কেউ কেউ পরিচয় শনাক্তের আশায় নির্দিষ্ট কোনো মরদেহের ছবি কিংবা সেটির গায়ে থাকা চিহ্ন দেখতে চান।
কিছু ক্ষেত্রে মালিকদের সঙ্গে মরদেহের পরিচয় মেলানোও সম্ভব হয়েছে। অক্টোবরের প্রথম রাতে উদ্ধার হওয়া ২৫টি প্রাণীর মরদেহই তাঁদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল।
তবে প্রতিটি উদ্ধারস্থল ঘিরেই একটি প্রশ্ন ঘুরেফিরে আসছিল-এভাবে পোষা প্রাণীর মরদেহ ফেলে রাখছে কারা?
মালিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ক্রিস একটি মিল খুঁজে পান। তাঁদের অনেকেই জানিয়েছেন, পোষ্যদের দাহ করার জন্য তাঁরা একই প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়েছিলেন। প্রতিষ্ঠানটির নাম আহজে পজ। এটি ম্যানিলার কাছাকাছি বেকুর শহরে অবস্থিত।
ক্রিস বলেন, ‘আমি ফেসবুকে লিখলাম, যাঁরা আহজে পজের সেবা নিয়েছেন, উদ্ধার হওয়া প্রাণীগুলো তাঁদেরও হতে পারে। এরপর একের পর এক বার্তা আসতে শুরু করল।’
‘ছাইয়ের পাত্রে আসলে কী আছে, ঈশ্বরই জানেন’
ফিলিপাইনে কুকুর পালনের প্রচলন বহুদিনের। তবে করোনাভাইরাস মহামারির পর পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে দেখার প্রবণতা অনেক বেড়েছে।
২০২১ সালের এক গবেষণায় দেখা যায়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে ফিলিপাইনেই কুকুর পালনের হার সবচেয়ে বেশি। পরবর্তী আরেকটি গবেষণার তথ্য অনুযায়ী, দেশটিতে পোষা কুকুরের সংখ্যা প্রতিবছর ৪ দশমিক ৭ শতাংশ হারে বাড়ছে। ২০২৫ সালে এই সংখ্যা দুই কোটি ১০ লাখ ছাড়িয়ে যায়।
পোষা প্রাণীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা, পরিচর্যা ও মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন করার ব্যবসাও বিস্তৃত হয়েছে।
ফিলিপাইন অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটির (পজ) পরিচালক আনা ক্যাব্রেরা বলেন, ‘পোষা প্রাণীর ব্যবসা সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে ফিলিপাইনে তাদের মরদেহ দাহ করার বিষয়টিও বেশ বড় ব্যবসায় পরিণত হয়েছে। এমনকি পোষ্যদের জন্য শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজনও করা হয়।’
এসব অনুষ্ঠানে মালিকেরা শেষবারের মতো প্রিয় প্রাণীটিকে দেখার সুযোগ পান। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় দাহ করার জন্য। অন্তত মালিকদের কাছে এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়।
কিন্তু সাম্প্রতিক ঘটনা সেই বিশ্বাসে বড় আঘাত হেনেছে।
বুলাকানের দক্ষিণে কাভিতে শহরে থাকেন রেভেকা কলিং। চলতি বছরের জানুয়ারিতে তাঁর পোষা কুকুর ওলাফ মারা গেলে দাহ করার জন্য তিনি আহজে পজকে ৮ হাজার ৫০০ ফিলিপাইন পেসো দেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২১ হাজার টাকা। (প্রতিবেদন প্রকাশের সময়কার বিনিময় হার অনুযায়ী, অর্থের পরিমাণে সামান্য পার্থক্য হতে পারে।)
ওলাফের ওজনের ভিত্তিতে খরচ নির্ধারণ করা হয়েছিল। প্যাকেজের মধ্যে ছিল ৩০ মিনিটের একটি বিশেষ সময়, যখন তিনি শেষবারের মতো কুকুরটিকে দেখতে ও বিদায় জানাতে পারবেন।
রেভেকার দাবি, দাহ করার পুরো প্রক্রিয়ার ভিডিও ধারণ করতে চাইলে প্রতিষ্ঠানটি জানায়, এতে কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পরে তারা ওলাফের মরদেহ নিয়ে যায়। কয়েক দিন পর একটি ছোট পাত্রে ছাই ফিরিয়ে দেয়, যা ওলাফের দেহাবশেষ বলে জানানো হয়েছিল।
কিন্তু নয় মাস পর যখন তিনি জানতে পারেন, পোষা প্রাণীর দাহের ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কারণে বিপুলসংখ্যক মরদেহ পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয়ে থাকতে পারে, তখন ভেঙে পড়েন তিনি।
রেভেকা বলেন, ‘পোষা প্রাণীর মালিকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব এসব প্রতিষ্ঠানের হাতে তুলে দেন। তাঁরা তাঁদের পরিবারের প্রিয় সদস্যের মরদেহের দায়িত্ব দেন। আমরা জানতে চাই, আসলে কী ঘটেছে।’
এদিকে বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া মরদেহের ব্যাগে প্রাণীর নাম ও ওজন লেখা লেবেলও পাওয়া গেছে। এমন একটি ব্যাগে লেখা ছিল ‘সাকুরা, ১৪.৫ কেজি’।
চলতি মাসের শুরুতে ফিলিপাইনের ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই) পোষা প্রাণীর মরদেহ ফেলে রাখার ঘটনায় চারজনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। তাঁদের মধ্যে রয়েছেন আহজে পজের মালিক এবং বুলাকানের পেট এইচপিএইচটি ক্রিমেটরির পরিচালনার সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি।
এনবিআইয়ের ভাষ্য অনুযায়ী, প্রথমে আহজে পজ পেট এইচপিএইচটির কাছ থেকে একটি মরদেহ দাহ করার যন্ত্র কেনার ব্যবস্থা করেছিল। কিন্তু যন্ত্রটি সরবরাহ করা সম্ভব না হওয়ায় তারা পোষা প্রাণীর মরদেহ দাহ করার জন্য ওই প্রতিষ্ঠানের কাছেই পাঠাতে শুরু করে।
একপর্যায়ে মরদেহের সংখ্যা পেট এইচপিএইচটির সামর্থ্যের বাইরে চলে যায়। তখন প্রতিষ্ঠানটি তৃতীয় একটি পক্ষকে অর্থ দিয়ে সেগুলো মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করে।
একটি ব্যাখ্যা হতে পারে, দুটি প্রতিষ্ঠান নিজেদের সক্ষমতার চেয়ে বেশি কাজের দায়িত্ব নিয়ে বিপাকে পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে না পেরে তারা মরদেহগুলো গোপনে সরিয়ে ফেলার পথ বেছে নেয়।
তবে তদন্তকারীদের সামনে আরও গুরুতর একটি সন্দেহ রয়েছে। পোষ্যদের দাহ করার নামে মালিকদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও প্রাণীগুলোকে আদৌ দাহ করা হয়নি। বরং মরদেহ ফেলে দিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফিলিপাইনের আইনে এ ধরনের প্রতারণাকে ‘এস্তাফা’ বলা হয়। কাউকে জেনেশুনে ভুল তথ্য দিয়ে আর্থিকভাবে প্রতারিত করাকে এই অপরাধের আওতায় বিবেচনা করা হয়। এনবিআই জানিয়েছে, সাম্প্রতিক ঘটনায় এমন প্রতারণার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই সপ্তাহ আগে আহজে পজের মালিক সান হোসে দেল মন্টে এলাকায় মরদেহ ফেলে রাখার ঘটনায় নিজের প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। প্রতিষ্ঠানটির কার্যক্রম এখন আর চলছে না বলে জানা গেছে। বিবিসি যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পায়নি।
বিবিসি পেট এইচপিএইচটির কাছেও বক্তব্য চেয়েছে। প্রতিষ্ঠানটি ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে মরদেহ ফেলে রাখার অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে।
একই প্রশ্ন এমিলিয়া লেগাডারও
আরেক পোষ্যপ্রেমী এমিলিয়া লেগাডা জানান, ছয় মাস আগে তাঁর কুকুর হার্ভিকে দাহ করার জন্য আহজে পজকে ১০ হাজার ফিলিপাইন পেসো দিয়েছিলেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ হাজার টাকা।
এখন তাঁর মনে একটাই প্রশ্ন-হার্ভির সঙ্গে আসলে কী ঘটেছিল?
এমিলিয়া বলেন, ‘ওর কী হয়েছিল, তা না জানার কষ্ট আমি মেনে নিতে পারছি না। হার্ভিকে সত্যিই দাহ করা হয়েছিল কি না, আর আমাকে যে ছাই দেওয়া হয়েছে, সেটি ওরই কি না, তা নিশ্চিত হতে চাই।’
একই অনিশ্চয়তায় দিন কাটছে আরও অনেকের। আনা ক্যাব্রেরার ভাষায়, ‘ওই পাত্রগুলোর ভেতরে আসলে কী ছিল, তা ঈশ্বরই জানেন।’
উদ্বিগ্ন মালিকদের সহায়তায় কাছের কুয়েজন সিটির একজন পশুচিকিৎসক বিনা মূল্যে ছাইয়ের ফরেনসিক পরীক্ষা করার উদ্যোগ নিয়েছেন। যেসব মালিকের পোষ্যদের মরদেহ উদ্ধার হয়েছে, তাঁদের জন্য অন্য কয়েকটি দাহকেন্দ্র বিনা খরচে যথাযথভাবে শেষকৃত্য সম্পন্ন করার প্রস্তাব দিয়েছে।
পজ ক্ষতিগ্রস্ত মালিকদের আইনি সহায়তাও দিচ্ছে। কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করতে তাদের আইনজীবীরা সহযোগিতা করছেন। এ পর্যন্ত ১৫০টির বেশি আইনি সহায়তার আবেদন পেয়েছে সংস্থাটি। পাশাপাশি দেশজুড়ে সব পোষা প্রাণীর দাহকেন্দ্রের কার্যক্রম নিরীক্ষার দাবি জানিয়েছে তারা।
প্রাণী নির্যাতন আইনের আওতায় আসছে না মৃত্যুর পরের ঘটনা
গত ২ নভেম্বর ফিলিপাইনের প্রগতিশীল রাজনৈতিক দল আকবায়ানের প্রতিনিধি পার্সিভাল ভিলার সেনদানা জাতীয় টেলিভিশনে হাজির হন। আলোচনার বিষয় ছিল পোষা প্রাণীর মরদেহ ফেলে রাখার ঘটনা, যা কয়েক দিনের মধ্যেই দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
বিলিওনারিও সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় আশঙ্কাগুলোই সত্যি হয়েছে। এখন দেখা যাচ্ছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। ব্যাপকভাবে পরিচালিত একটি চক্রের কার্যক্রমের অংশ।’
তবে পুলিশ কিংবা এনবিআই এখন পর্যন্ত ঘটনাগুলোর পেছনে কোনো সংঘবদ্ধ চক্রের অস্তিত্ব বা দেশজুড়ে বিস্তৃত তৎপরতার বিষয়টি নিশ্চিত করেনি। তদন্তের অনেক দিক এখনো অস্পষ্ট। তা সত্ত্বেও জনমনে ক্ষোভ বাড়ছে।
সেনদানা বলেন, ‘যারা এসব অসহায় পোষ্যপ্রেমীকে প্রতারণা করেছে, তাদের কারাগারে পাঠানো উচিত।’
এ পর্যন্ত অন্তত তিনজন এনবিআইয়ের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁদের বিরুদ্ধে নগরীর স্যানিটেশন বিধিমালা, পরিবেশগত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন এবং ফিলিপাইনের স্যানিটেশন কোড লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
কিন্তু ক্ষতিগ্রস্ত মালিকদের অনেকেই মনে করছেন, এসব অভিযোগ যথেষ্ট নয়। কারণ প্রাণীগুলোর মৃত্যুর পর তাদের মরদেহের সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছে, তার দায় নির্ধারণের বিষয়টি এতে স্পষ্ট হচ্ছে না।
আনা ক্যাব্রেরার মতে, ফিলিপাইনের প্রচলিত প্রাণী নির্যাতনবিরোধী আইনে মৃত্যুর পর প্রাণীর মরদেহের সঙ্গে কী আচরণ করা হয়েছে, তা অন্তর্ভুক্ত নেই।
তাঁর ভাষায়, ‘আইন না থাকলে অপরাধের বিচার করাও সম্ভব নয়।’
এই আইনি সীমাবদ্ধতা দূর করার দাবি উঠেছে সাম্প্রতিক ঘটনার পর। পার্সিভাল সেনদানার মতো কয়েকজন আইনপ্রণেতা প্রাণী কল্যাণবিষয়ক একটি জাতীয় কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছেন। তাঁদের লক্ষ্য, জীবিত অবস্থার পাশাপাশি মৃত্যুর পরও প্রাণীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করা।
অন্যদিকে ক্ষতিগ্রস্ত পোষ্য মালিকদের পক্ষে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পজ। আনা ক্যাব্রেরা বলেন, তাঁরা নৈতিক ও দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করবেন।
তদন্তের মুখে পুলিশও
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্রিসের কাছে প্রতিদিনই ফোন আসছে। যাঁরা ভিডিওগুলো দেখছেন, তাঁদের অনেকেই প্রিয় পোষ্যের খোঁজে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন।
ক্রিস বলেন, ‘শত শত মানুষ কান্নাজড়িত কণ্ঠে ফোন করছেন। কেউ শুধু কাঁদছেন, কথা বলার অবস্থায়ও থাকছেন না।’
তাঁর জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত আসে যখন কাউকে জানাতে হয়, তাঁর পোষ্যকে আর খুঁজে পাওয়া সম্ভব নয়।
‘অনেক সময় বলতে হয়, আপনার পোষ্যকে আর খুঁজে পাওয়া যাবে না। অনেক দেরি হয়ে গেছে, মরদেহ শনাক্ত করার মতো অবস্থায় নেই। কথাগুলো বলতে গিয়ে নিজেকেও ভেঙে পড়তে হয়,’ বলেন তিনি।
নিজেদের কাজের পাশাপাশি প্রচলিত আইন আরও কঠোরভাবে প্রয়োগের দাবি জানাচ্ছেন ক্রিস। তাঁর প্রশ্ন, মাত্র দুই সপ্তাহের মধ্যে তাঁরা এতগুলো মরদেহ উদ্ধার করতে পারলেন কীভাবে? আর সাধারণ মানুষ কেন পুলিশের কাছে অভিযোগ জানানোর বদলে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন?
বিবিসি এ বিষয়ে ফিলিপাইন ন্যাশনাল পুলিশের (পিএনপি) বক্তব্য জানতে চাইলেও কোনো জবাব পায়নি।
তবে চলতি মাসের শুরুতে পিএনপি প্রধান হোসে মেলেনসিও নারতাতেজ জুনিয়র বলেছেন, শোকাহত পোষ্য মালিকদের যারা প্রতারণার শিকার করেছেন, তাঁদের আইনের আওতায় আনার বিষয়ে কর্তৃপক্ষ বদ্ধপরিকর। স্থানীয় সংবাদমাধ্যম এবিএস-সিবিএনের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, এ ধরনের শোষণ ও প্রতারণা আইনের সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে।
নারতাতেজের ভাষায়, ‘প্রতারণার বিচার শুধু কত টাকা নেওয়া হয়েছে, তা দিয়ে হয় না। যাঁদের বিশ্বাস ভেঙে দেওয়া হয়েছে, তাঁদের ওপর যে ক্ষতি চাপিয়ে দেওয়া হয়েছে, সেটিও বিবেচনায় নিতে হবে।’
ক্ষতিগ্রস্ত পোষ্য মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই ঘটনায় আপনাদের পরিবার যে কষ্ট ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, আমরা তা উপলব্ধি করছি।’
তবে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
সোমবার ন্যাশনাল পুলিশ কমিশন কাভিতে ও বুলাকান এলাকার কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে। অভিযোগ, ঘটনাস্থলে এলএএফএসের কর্মীদের আগে পৌঁছানোর বিষয়টি সামনে এনে কর্মকর্তারা সংস্থাটির সদস্যদেরই মরদেহ ফেলে রাখার ঘটনায় জড়িত বলে ইঙ্গিত দিয়েছিলেন। এসব দাবির পক্ষে তাঁরা কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
এ ছাড়া টেলর দম্পতির বাড়িতে পুলিশ কর্মকর্তাদের যাওয়া এবং সেখানে ছবি তোলার অভিযোগও তদন্তের আওতায় এসেছে।
এত সব তদন্ত ও পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে অসহায় অবস্থায় রয়েছেন অসংখ্য পোষ্য মালিক। তাঁরা জানতে চান, তাঁদের প্রিয় কুকুর কিংবা বিড়ালের শেষ পরিণতি কী হয়েছিল। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।
রেভেকা কলিং বলেন, ‘আমরা চাই, ঘটনার সঠিক তদন্ত হোক এবং যারা দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনা হোক। আমার বিশ্বাস, কোনো সত্য চিরকাল চাপা থাকে না।’
এমিলিয়া লেগাডার চাওয়াও একই। তিনি জানতে চান, হার্ভির মরদেহ কোথায় এবং তাকে যথাযথভাবে দাহ করা হয়েছিল কি না।
শেষে তাঁর একটি কথাই যেন পুরো ঘটনার মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়-‘এখন আর কাউকে বিশ্বাস করা যায় না।’
সূত্র: বিবিসি




