Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩, রোববার ২২ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গড়তে চান আইজেনকট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:১০, ২২ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গড়তে চান আইজেনকট

গাদি আইজেনকোট ছবি সংগৃহীত

ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী লিকুদ পার্টিকে জোট আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন গাদি আইজেনকট। শনিবার (২১ নভেম্বর) আইজেনকটের দল ইয়াশার এ তথ্য জানিয়েছে। রোববার থেকে দুই দলের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

আইজেনকটের মধ্যপন্থী দল ইয়াশার এক বিবৃতিতে জানিয়েছে, যতটা সম্ভব বিস্তৃত রাজনৈতিক জোট গঠনের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবেই লিকুদ পার্টিকে আলোচনায় ডাকা হয়েছে।

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকটকে আগামী মাসের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে। অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই এককভাবে সরকার গঠনের মতো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্থলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন তিনি।

তবে আইজেনকটের নেতৃত্বাধীন রাজনৈতিক শিবিরের মধ্যেই জোট গঠন নিয়ে মতপার্থক্য রয়েছে। অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে জোট করা হবে, নাকি আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সঙ্গে সমঝোতায় যাওয়া হবে-এ নিয়ে বিভক্তি রয়েছে। নেতানিয়াহুর শিবিরকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে কি না, সেটিও আলোচনার বড় বিষয়।

ইয়াশারের বিবৃতিতে বলা হয়, ‘নতুন সরকার গঠনের সব সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগ হিসেবে দলটির চেয়ারম্যান গাদি আইজেনকট আলোচক দলকে লিকুদ পার্টির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন। রোববারের পূর্বনির্ধারিত বৈঠক দিয়ে শুরু হবে ধারাবাহিক আলোচনা।’

এদিকে আইজেনকটের রাজনৈতিক শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার ‘আইজেনকটের নেতৃত্বে জায়নবাদী ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, তাঁর দল নেতানিয়াহু কিংবা তাঁর নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের সঙ্গে সরকার গঠনে অংশ নেবে না।

অন্যদিকে নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তাঁর দাবি, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সরকার প্রয়োজন।

আইজেনকটের সঙ্গে জোট আলোচনার আমন্ত্রণ পাওয়ার পরপরই নিজেদের অবস্থান তুলে ধরেছে লিকুদ পার্টি। দলটি জানিয়েছে, ঐক্যের সরকার গঠনের আগে নেতানিয়াহু ও তাঁর সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, উসকানিমূলক বক্তব্য এবং রাজনৈতিক বয়কট বন্ধ করতে হবে।

আইজেনকট ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহুর লিকুদ পার্টির কয়েকজন সদস্যকে নিয়ে সরকার গঠনে তাঁর আপত্তি নেই। তবে এর আগে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারের অংশ হবেন না।

লিকুদ পার্টি আরও প্রস্তাব দিয়েছে, ইসরায়েলকে ইহুদি জনগোষ্ঠীর জাতিরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়—এমন সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের যৌথ ঘোষণা দিতে হবে। এ সরকারে কোনো আরব দল অংশ নিতে পারবে না বলেও শর্ত দিয়েছে দলটি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর নেতানিয়াহু ও তাঁর মিত্ররা আরব দলগুলোর নেতাদের সমালোচনা করে আসছেন। তাঁদের অভিযোগ, হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করতে আরব দলগুলোর নেতারা অস্বীকৃতি জানিয়েছেন। তবে আরব দলগুলোর সব নেতাই ওই হামলার নিন্দা জানিয়েছেন।

ঐক্যের সরকার গঠনে লিকুদের প্রস্তাবিত নীতিমালায় আরও কয়েকটি শর্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলকে ইহুদি জনগোষ্ঠীর জাতিরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা এবং সিরিয়া, লেবানন ও গাজায় ইসরায়েলের কথিত ‘নিরাপত্তা অঞ্চল’ বজায় রাখা।

এ ছাড়া অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি নিয়েও সম্প্রদায়টির নেতাদের সঙ্গে বৃহত্তর সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিয়েছে লিকুদ পার্টি।

এর আগে শুক্রবার আইজেনকট জানিয়েছেন, সরকার গঠনের আলোচনা দীর্ঘায়িত হতে দেবেন না তিনি। বিস্তৃত রাজনৈতিক জোট গঠনের প্রচেষ্টা ব্যর্থ হলে বিকল্প হিসেবে সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাব সংসদে ভোটাভুটির জন্য তুলতেও প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।

এখন রোববারের আলোচনা থেকে দুই পক্ষের মধ্যে কী ধরনের সমঝোতা আসে, তার ওপরই অনেকটা নির্ভর করছে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের গতিপথ।

Walton
Walton