Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩, রোববার ২২ নভেম্বর ২০২৬

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা, বাহরাইনে ইরানি হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৩, ২২ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা, বাহরাইনে ইরানি হামলার অভিযোগ

ছবি সংগৃহীত

বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবারের (২১ নভেম্বর) এ হামলায় স্থাপনাটির বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা।

বাহরাইন প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার গভীর রাতে ইরানের ছোড়া একাধিক আকাশপথের হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ‘ইরানের আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, হামলায় স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হননি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

কোন শিল্প স্থাপনায় হামলা হয়েছে কিংবা সেটি কোথায় অবস্থিত, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হামলার আগে দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। এ সময় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে কী ধরনের হামলার আশঙ্কা রয়েছে, সে বিষয়ে তখন কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

দুটি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

হামলার পর দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালানো হয়েছে।

সংস্থাটির দাবি, অভিযানে ঘাঁটি দুটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে।

আইআরজিসি বলেছে, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসন ও লঙ্ঘনের জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করার পর আইআরজিসির মহাকাশ বাহিনী মার্কিন সামরিক অবস্থানগুলোতে অভিযান চালায়।

এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনের শেখ ইসা ও জুফাইর এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি।

ইরানি বাহিনীর দাবি, ইরানের আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি হেনগাম দ্বীপে একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেও ওই অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে আছড়ে পড়ে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংস্থাটি বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলেছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বারবার দেখা দেওয়া ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে।

তবে এ দাবির বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চাইল বাহরাইন

সাম্প্রতিক হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছে বাহরাইন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানকে জাতিসংঘের ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে বাধ্য করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

গত ১১ মার্চ গৃহীত ওই প্রস্তাবে উপসাগরীয় দেশগুলো ও জর্ডানে ইরানের হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং সামুদ্রিক চলাচলে হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়েছিল।

বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। সংস্থাটির মহাসচিব জাসিম মোহাম্মদ আলবুদাইউই বলেছেন, বাহরাইনের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা, স্থাপনা এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা জিসিসিভুক্ত সব দেশের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরও বলেন, সদস্যদেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যেকোনো হুমকি মোকাবিলায় পরিষদ ঐক্যবদ্ধ। হামলার জবাবে বাহরাইন যেসব পদক্ষেপ নেবে, সেগুলোর প্রতিও জিসিসির সমর্থন থাকবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাহরাইনে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। সাম্প্রতিক কয়েক দিনের মধ্যেই সেখানে তিনটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

শুধু বাহরাইন নয়, সংঘাত শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও ইরানের হামলার মুখে পড়েছে বলে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এতে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: আলজাজিরা

Walton
Walton