ছবি সংগৃহীত
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা এসএস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত ছবিটি বিশ্বজুড়ে ১৮টি ভিন্ন প্রদর্শন ফরম্যাটে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। সিনেমাটির দৃশ্য ও শব্দের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি আইম্যাক্স ১.৪৩:১, ডলবি ভিশন ও ৪ডিএক্সসহ একাধিক উন্নত প্রযুক্তির ফরম্যাটে প্রদর্শনের প্রস্তুতি চলছে। এর মধ্যে আইম্যাক্সের বিশেষ অনুপাত দর্শকদের বড় পর্দায় আরও বিস্তৃত দৃশ্য দেখার সুযোগ দেবে।
প্রতিবেদন অনুযায়ী, ‘বারাণসী’র পুরো সিনেমাটিই আইম্যাক্স ১.৪৩:১ অনুপাতে ধারণ করা হয়েছে। ফলে আইম্যাক্সের উপযোগী প্রেক্ষাগৃহে দর্শকেরা নির্মাতার পরিকল্পিত দৃশ্যায়নের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পাবেন।
ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করার জন্য আগামী বছরের মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ৭ এপ্রিল সিনেমাটি মুক্তি পেতে পারে।
মহেশ বাবুকে কেন্দ্রীয় চরিত্রে রেখে নির্মিত এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও পৃথ্বীরাজ সুকুমারনের উপস্থিতিও বাড়তি আগ্রহ তৈরি করেছে। রাজামৌলির পরিচালনায় আন্তর্জাতিক পরিসরে ছবিটি কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




