ছবি সংগৃহীত
ইরাকের জুরফ আল-নাসর এলাকায় নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া আগামী এক মাসেরও কম সময়ের মধ্যে শেষ হতে পারে। এরই মধ্যে এলাকার তিনটি প্রধান নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির ফেডারেল পুলিশ। পর্যায়ক্রমে সেনা মোতায়েন, দায়িত্ব পুনর্বণ্টন এবং নতুন বাহিনীর কাছে নিরাপত্তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কাজ চলছে।
শনিবার ইরাকের সিকিউরিটি মিডিয়া সেলের (এসএমসি) প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাদ মান এ তথ্য জানিয়েছেন। ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ইরাকিয়া নিউজ টিভিকে দেওয়া বক্তব্যের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এ খবর প্রকাশ করেছে।
সাদ মান বলেন, নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ হিসেবে বর্তমানে বিভিন্ন বাহিনীর অবস্থান পুনর্বিন্যাস, সদস্যদের পর্যায়ক্রমে দায়িত্ব পরিবর্তন এবং নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের কাজ চলছে। বিদ্যমান বাহিনীর প্রত্যাহার ও বিকল্প বাহিনীর আগমন সমন্বয় করে একটি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পুরো প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
এলাকা থেকে প্রথম যে ইউনিটটি প্রত্যাহার করা হয়েছে, সেটি পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) ৪৫তম ব্রিগেডের প্রথম ব্যাটালিয়ন। তাদের স্থলাভিষিক্ত হয়েছে নতুন একটি বাহিনী, যারা ওই ব্যাটালিয়নের দায়িত্ব গ্রহণ করেছে।
তিনি জানান, তেল পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এনার্জি পুলিশ ৫ দশমিক ২ কিলোমিটার এলাকাজুড়ে ১২টি নিরাপত্তা চৌকি স্থাপন করেছে। অন্যদিকে, ফেডারেল পুলিশ আল-ফাদিলিয়া সেতু থেকে আল-মায়াদিন মোড় পর্যন্ত ৩০ কিলোমিটারের বেশি সড়কে নিরাপত্তা নিশ্চিত করেছে। এ জন্য বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি ও অস্থায়ী অবস্থানকেন্দ্র স্থাপন করা হয়েছে।
ইরাকি সেনাবাহিনীর ৩৮তম ব্রিগেডও ‘ইয়া হুসেইন’ প্রতিরক্ষা লাইন সুরক্ষার কাজ শুরু করেছে। আনবার অপারেশনস কমান্ডের সঙ্গে সীমানা নির্ধারণকারী এই প্রতিরক্ষা লাইনের দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার।
সাদ মান বলেন, অভিযানের অংশ হিসেবে আল-ফাদিলিয়া সেতু থেকে ফাদিলিয়া মোড়, আল-মায়াদিন ও জামালিয়া হয়ে পবিত্র কারবালা নগরী পর্যন্ত সড়কটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আগে সড়কটি বন্ধ ছিল। শুধু ধর্মীয় তীর্থযাত্রার সময় এটি ব্যবহার করতে দেওয়া হতো।
তিনি আরও জানান, শনিবার ফেডারেল পুলিশ আল-আনওয়ার, আল-শুহাদা ও আল-তাহরির—এই তিনটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এ কাজে পিএমএফের সমন্বয় কর্মকর্তারাও সহযোগিতা করেছেন।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সামরিক ইউনিটগুলোর দায়িত্ব পরিবর্তনের কাজ অব্যাহত রয়েছে। ৭২তম ও ৭৯তম ব্রিগেডের দায়িত্বাধীন এলাকাগুলোও এই পুনর্বিন্যাসের আওতায় রয়েছে।
কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে হস্তান্তর
নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি হস্তান্তরের সময়সীমা সম্পর্কে সাদ মান বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের ওপর নির্ভর করে এ কাজে কয়েক সপ্তাহ লাগতে পারে। তবে এক মাসের বেশি সময় লাগার কথা নয়।
তাঁর ব্যাখ্যা অনুযায়ী, সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র ও যোগাযোগব্যবস্থা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে হবে। পাশাপাশি বিভিন্ন সামরিক ইউনিটের চলাচল ও দায়িত্ব গ্রহণের সময়সূচিও সমন্বয় করতে হচ্ছে।
বর্তমানে এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তিনি। নিরাপত্তা মোতায়েনে বড় কোনো বাধাও নেই। তবে কিছু সড়ক ও এলাকায় সংস্কার এবং কারিগরি মেরামতের প্রয়োজন রয়েছে।
এ ছাড়া যুদ্ধের অবশিষ্টাংশ ও অবিস্ফোরিত বিস্ফোরক সরিয়ে নেওয়াও বড় একটি কাজ। এ জন্য সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিস্ফোরক নিষ্ক্রিয়করণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দলকে কাজে লাগানো হবে।
বাস্তুচ্যুতদের ফেরাতে সরকারের অগ্রাধিকার
জুরফ আল-নাসরের বাস্তুচ্যুত বাসিন্দাদের প্রত্যাবর্তন নিয়েও কথা বলেছেন সাদ মান। তিনি জানান, এলাকার বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। তবে তাঁদের ফেরার আগে প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই সম্পন্ন করতে হবে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি এলাকায় প্রবেশের সুযোগ না পায়।
এখনো কিছু বাসিন্দা জুরফ আল-নাসরে অবস্থান করছেন। তবে অধিকাংশই অন্য এলাকায় বসবাস করছেন বলে জানান তিনি।
বাসিন্দাদের প্রত্যাবর্তনের আগে কয়েকটি ধাপে কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রথমে নিরাপত্তা বাহিনীর মোতায়েন শেষ করে পুরো এলাকার দায়িত্ব রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিতে হবে। এরপর যুদ্ধের অবশিষ্টাংশ ও বিস্ফোরক অপসারণ করা হবে। সবশেষে অবকাঠামো সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।
সাদ মান জানান, ২০২৭ সালের জাতীয় বাজেটে জুরফ আল-নাসরের পুনর্বাসন, অবকাঠামো সংস্কার ও জনসেবা উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হবে।
তিনি বলেন, ইরাকের সব অঞ্চলে রাষ্ট্রীয় কর্তৃত্ব জোরদার করা এবং নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।
সূত্র: ইরাকি নিউজ এজেন্সি




