ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। এ সময় বাড়িতে তাঁর বাবা-মা ছিলেন। তবে এলাকাবাসীর চেষ্টায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয় বলে জানিয়েছেন সাদিক কায়েম।
রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে এ ঘটনার কথা জানান তিনি। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তাঁদের বাড়ির চারপাশে পেট্রোলবোমা ছোড়া হয়। একই সঙ্গে ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করা হয়। হামলাকারীদের উদ্দেশ্য ছিল পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া।
তিনি বলেন, এলাকাবাসীর চেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে সাদিক কায়েম বলেন, হামলা, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জুলাই আন্দোলনপন্থী ছাত্র-জনতাকে দমিয়ে রাখা যাবে না। রাতের আঁধারে এ ধরনের হামলা তাঁদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা সফল হবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না বলেও নিজের অবস্থান জানান ডাকসুর ভিপি।
এ ঘটনায় এখন পর্যন্ত তাঁর ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।




