Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩, রোববার ২২ নভেম্বর ২০২৬

ইরানি বিতর্কিত বক্তাকে ঘিরে ব্রিটেনে সম্মেলনস্থল বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০০, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ০৯:০৬, ২২ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ইরানি বিতর্কিত বক্তাকে ঘিরে ব্রিটেনে সম্মেলনস্থল বাতিল

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কর্মকর্তা সাঈদ রেজা আমেলি ছবি সংগৃহীত

ব্রিটেনে ইসলামোফোবিয়া বিষয়ক একটি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ইরানের হিজাব নীতি ও ইন্টারনেট নিয়ন্ত্রণবিষয়ক নীতিনির্ধারক এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কর্মকর্তা সাঈদ রেজা আমেলি। তবে তাঁর অংশগ্রহণ নিয়ে বিতর্কের জেরে লন্ডনের একটি গ্যালারি সম্মেলন আয়োজনের জন্য দেওয়া বুকিং বাতিল করেছে। আয়োজকেরা জানিয়েছেন, স্থান পরিবর্তন হলেও সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং আমেলি ইরান থেকে ভিডিও বার্তার মাধ্যমে মূল বক্তব্য দেবেন।

ইসলামিক হিউম্যান রাইটস কমিশন (আইএইচআরসি) জানিয়েছে, পি২১ গ্যালারি কর্তৃপক্ষ তাদের বুকিং বাতিলের কারণ হিসেবে ব্রিটেনের চ্যারিটি কমিশনের সঙ্গে আমেলির অংশগ্রহণ নিয়ে আলোচনার কথা উল্লেখ করেছে।

আইএইচআরসির অভিযোগ, নিয়ন্ত্রক সংস্থাটির চাপের মুখেই গ্যালারি কর্তৃপক্ষ সম্মেলন আয়োজন থেকে সরে এসেছে। আগামী ১৩ ডিসেম্বর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইসলামোফোবিয়া নিয়ে সংস্থাটির ১৩তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। আয়োজকেরা জানিয়েছেন, নতুন ভেন্যুর নাম পরে ঘোষণা করা হবে।

আমেলি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইরানের সুপ্রিম কাউন্সিল অব দ্য কালচারাল রেভল্যুশনের (সাংস্কৃতিক বিপ্লববিষয়ক সর্বোচ্চ পরিষদ) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এখনো তিনি পরিষদটির সদস্য।

২০১৯ সালে এই পরিষদই বাধ্যতামূলক হিজাব কার্যকরে রাষ্ট্রীয় সংস্থাগুলোর জন্য আরও কঠোর নির্দেশনা অনুমোদন করেছিল। সে সময় আমেলি নতুন বিধিনিষেধের পক্ষে অবস্থান নিয়ে বলেছিলেন, ‘সামাজিক স্বাস্থ্য ও পরিবার সুরক্ষার’ স্বার্থেই এসব নিয়ম প্রয়োজন।

তবে ডেইলি মেইলকে দেওয়া এক বিবৃতিতে আইএইচআরসি দাবি করেছে, আমেলি প্রকাশ্যে বাধ্যতামূলক পর্দাপ্রথার বিরোধিতা করেছেন। ইসলামোফোবিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাঁর একাডেমিক গবেষণার ভিত্তিতেই তাঁকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

২০২২ সালের সেপ্টেম্বরে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর সময়ও আমেলি সাংস্কৃতিক বিপ্লববিষয়ক পরিষদের সচিব ছিলেন। হিজাবসংক্রান্ত অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক হওয়ার পর পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কানাডা আমেলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। একই বছরের জুলাইয়ে ব্রিটেনও ইরানের সাংস্কৃতিক বিপ্লববিষয়ক পরিষদের ওপর নিষেধাজ্ঞা দেয়। নারীদের পোশাকবিধি নির্ধারণ ও তা কার্যকর করতে অযৌক্তিক বলপ্রয়োগের ক্ষেত্রে পরিষদটির ভূমিকার কথা উল্লেখ করেছিল ব্রিটিশ সরকার।

তবে আইএইচআরসি জানিয়েছে, আমেলির বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো ব্রিটিশ নিষেধাজ্ঞা নেই।

মানবাধিকারবিষয়ক তথ্যভান্ডার ‘ফেসেস অব ক্রাইম’-এর তথ্য অনুযায়ী, আমেলি আইআরজিসির সাইয়্যেদ আল-শোহাদা ডিভিশনের ইমাম সাদেক ব্রিগেডের উপকমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১৫ সালে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাঁকে সুপ্রিম কাউন্সিল অব সাইবারস্পেসের সদস্য হিসেবে নিয়োগ দেন। এই পরিষদ দেশটির ইন্টারনেট নীতিমালা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ তদারক করে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেলি ১৯৯৭ সালে লন্ডনভিত্তিক ইসলামিক হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠায়ও যুক্ত ছিলেন। ব্রিটিশ কোম্পানি নিবন্ধন সংস্থার নথি অনুযায়ী, ২০০৬ সাল থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির পরিচালকদের একজন হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Walton
Walton