ছবি সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার-আশুলিয়ার পোশাকশিল্পে এখনো অস্থিরতা কাটেনি। শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের জেরে শিল্পাঞ্চলের পরিস্থিতি থমথমে। শনিবারের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার পর রোববার (২২ নভেম্বর) সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, শনিবার সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুর, কাঠগড়া, জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। অনেকেই কারখানায় হাজিরা দিয়ে কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসেন। পরে তাঁরা সড়কে নেমে বিক্ষোভ করেন।
কাঠগড়া এলাকায় ম্যাগপাই ও আগামী অ্যাপারেলসসহ কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
অস্থিরতার কারণে শনিবার ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার শ্রম আইনের ১৩(১) ধারায় ২১টি কারখানা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে সব কারখানায় অচলাবস্থা নেই। রোববার সকালে ঢাকা ইপিজেডের নতুন ও পুরোনো জোন, বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও কাঠগড়া এলাকার চালু কারখানাগুলোতে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। এসব কারখানায় উৎপাদনও চলছে। অন্যদিকে বেশ কিছু কারখানার সামনে এখনো ঝুলছে ছুটির নোটিশ।
শিল্প পুলিশ জানিয়েছে, আগামীকাল মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন শ্রমিক ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। দ্রুত মজুরি ঘোষণা হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন তাঁরা।




