Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৩ ১৪৩৩, রোববার ১৯ জুলাই ২০২৬

নৃত্যগীতি ও প্রবন্ধপাঠে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

প্রকাশিত: ১২:৩১, ১৫ মে ২০২৬

প্রিন্ট:

নৃত্যগীতি ও প্রবন্ধপাঠে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ছবি: বহুমাত্রিক.কম

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইতিহাস ও ঐতিহ্য এর আয়োজনে অনুষ্ঠিত হল ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠান। 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। এতে সম্মানীয় অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বঢ়ে। 

শিক্ষাবিদ অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক ও ইতিহাস গবেষক আশরাফুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, “সমাজে বিভিন্ন চিন্তা-চেতনার মানুষ থাকে। আমরা বিভিন্ন ধর্ম-বর্ণের, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন জাতিসত্তা সবার মাঝে ঐক্যবদ্ধ একটা ইনক্লুসিভ সমাজ চাই। আমাদের দেশে শান্তি চাই।”

ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বঢ়ে বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলাম ভারত এবং বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক চেতনার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছেন। তাঁদের অসামান্য অবদানকে স্বীকার না করে আমাদের দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও আবেগিক বন্ধনকে কল্পনা করাও অসম্ভব।’ 

ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় রবীন্দ্র ও নজরুল জয়ন্তীর এই আয়োজনে খ্যাতিমান নৃত্যগুরু শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের পরিচালনায় নৃত্যাঞ্চল এর শিল্পীদের মনোমুগ্ধকর ‘নৃত্যগীতি’ অনুরাগীদের মুগ্ধ করে। এই পর্বে রবীন্দ্রনাথ ও নজরুলের ১৪টি জনপ্রিয় গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। 

আয়োজনে রাজধানী ঢাকা ও সংলগ্ন এলাকার ১৩টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর আঁকা রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতি প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদের হাতে স্বীকৃতি সনদ তুলে দেন জুরি বোর্ডের প্রধান ও গ্যালারি চিত্রক এর প্রতিষ্ঠাতা শিল্পী মো. মনিরুজ্জামান, ইতিহাস ও ঐতিহ্য পরিষদের উপদেষ্টা এস এম মাহমুদুল হক পল্লব এবং  সহ-সভাপতি রবিউল ইসলাম মিল্টন। 

নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদকে উত্তরণীয় পরিয়ে সম্মানিত করেন ভারতীয় হাই কমিশন ঢাকার প্রথম সচিব (রাজনীতি ও গণমাধ্যম) গোকুল ভি. কে, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রফিকুল আলম ও লিলি ইসলাম। অনুষ্ঠানে আয়োজন সহযোগী ছিল সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবন, নৃত্যাঞ্চল ও বহুমাত্রিক.কম। 

Walton
Walton