ফাইল ছবি
নতুনভাবে মঞ্চে এলো দেশের অন্যতম নৃত্য প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের সাড়া জাগানো নৃত্যনাট্য ‘নকশি কাঁথার মাঠ’। মঞ্চে নাচের দুই উজ্জ্বল তারকা শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার অনবদ্য পরিবেশনা শুধু দর্শক নয়, মুগ্ধ করেছে শোবিজ অঙ্গনের তারকাদেরও।
আসন্ন আন্তর্জাতিক নৃত্য দিবস এবং জসীম উদ্দীনের ১২৩তম জন্মবার্ষিকী উদ্যাপনে আয়োজন করা হয় ‘মায়া বেঙ্গল ইন মোশন’-এর তৃতীয় আসর
শুক্রবার আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আয়োজনে দর্শক সারিতে উপস্থিত ছিলেন শোবিজের জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম মৌ, অপি করিম, ঈশিতা, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, নাদিয়া আহমেদ, তাহমিনা সুলতানা মৌ, শবনম ফারিয়া, পিয়া জান্নাতুল, রিচি সোলায়মান, আজমেরী হক বাঁধনরা
সব মিলে যেন তারকাখচিত সন্ধ্যা উপহার দেয় এমডাব্লিউ ম্যাগাজিন। এদিকে বড় পরিসরে নৃত্যনাট্যের সেট, টেকনিক্যাল সাপোর্ট আর কিংবদন্তি দুই নৃত্যশিল্পীর নিপুণ পরিবেশনা মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয় পুরো অনুষ্ঠান প্রাঙ্গনে।
অনুষ্ঠানের আয়োজন উৎসর্গ করা হয় পল্লীকবি জসীম উদ্দীনের স্মরণে। ‘নকশী কাঁথার মাঠ’ তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি, যা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। এটিকে লোকনৃত্যনাট্যের মাধ্যমে আবার মঞ্চে তুলে ধরেছেন শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। রূপাই ও সাজুর প্রেম আর বিচ্ছেদের হৃদয়স্পর্শী গল্প জীবন্ত হয়ে ওঠে তাদের নৃত্যে।
আয়োজনটির পরিকল্পনা করেছেন আরেক গুণী নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। অনুষ্ঠানে দেশীয় নৃত্য ও বিদেশে এর পরিচিত প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ।
বিশেষ নৃত্যনাট্যটি আগামী ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসে মাছরাঙা টেলিভিশনে সম্প্রচার করা হবে।




