ছবি: সংগৃহীত
রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রীয় আন্তর্জাতিক টেলিভিশন এবং ডিজিটাল সংবাদ নেটওয়ার্ক রাশিয়া টুডে’র সেমিনারে অংশ নিয়েছেন বাংলাদেশের শতাধিক সাংবাদিক।
গতকাল শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে (RT) বাংলাদেশি সাংবাদিকদের জন্য রাশিয়ান হাউস ইন বাংলাদেশের প্রধান মিলনায়তনে এই বিশেষ সেমিনারের আয়োজন করে। এতে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরটি ইন্ডিয়ার প্রোগ্রাম ডিরেক্টর রুসলান ইমায়েভ এবং আরটি একাডেমির প্রধান মিস আন্না কোভতুনোভা। তাঁরা যথাক্রমে “সংবাদ কনটেন্টের মাধ্যমে দর্শকদের সম্পৃক্ত করা” (Engaging Audience Through News Content) এবং “আরটি একাডেমির সাথে শিক্ষামূলক সুযোগ” (Educational Opportunities with RT Academy) বিষয়ে উপস্থাপনা প্রদান করেন।

ইমায়েভ বর্তমান পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশে সংবাদ উপস্থাপন ও দর্শক-পাঠকদের সম্পৃক্ত করার কার্যকর পদ্ধতিগুলো তুলে ধরেন। অন্যদিকে, মিস কোভতুনোভা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে আরটি একাডেমির অনলাইন ও সরাসরি প্রশিক্ষণসহ বিভিন্ন পেশাগত উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
স্বাগত বক্তব্যে রাশিয়ান হাউস ইন বাংলাদেশের পরিচালক মিস আলেকজান্দ্রা এ. খলেভনয় বক্তা ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং পেশাগত সংলাপ, গণমাধ্যম বিনিময় ও শিক্ষামূলক সুযোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা সাংবাদিকতা, গণমাধ্যমের বিষয়বস্তু এবং পেশাগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আরটি প্রতিনিধিদের কাছে প্রশ্ন করেন এবং বিস্তারিত উত্তর লাভ করেন।

অংশগ্রহণকারী সাংবাদিকরা বাংলায় সংবাদ ও অন্যান্য গণমাধ্যমের কনটেন্ট তৈরি ও প্রকাশের সম্ভাব্য সহযোগিতাসহ আরটির সঙ্গে ভবিষ্যতে আরও পেশাগত সম্পৃক্ততার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। আরটি একাডেমিও বাংলাদেশের সাংবাদিকদের জন্য অনলাইন ও সরাসরি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করে। এই সেমিনারটি আরটি ও বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত মতবিনিময়, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ সম্পৃক্ততার নতুন সম্ভাবনা সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।




