ফাইল ছবি
ঢাকায় কর্মরত অপরাধ বিষয়ক সিনিয়র সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই। তিনি দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের’ (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য ছিলেন।
বুধবার দুপুর ১টা ২০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি রাজশাহী সদরে। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ঢাকায় সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
জানা গেছে, বুধবার রাজধানীর আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে গিয়েছিলেন আবু হেনা রাসেল। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ক্র্যাব পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন সহকর্মী, সংগঠক ও আপনজনকে হারিয়ে শোকাহত তার সহকর্মীরা।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির নেতারা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার বিকেল সোয়া ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে ক্র্যাব কার্যালয়ের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
পেশাগত জীবনে আবু হেনা রাসেল সর্বশেষ দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ভোরের কাগজ, সমকাল, কালের কন্ঠসহ জাতীয় বিভিন্ন গনমাধ্যমে কাজ করছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের বিভিন্ন পদে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন। ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এক নম্বর নির্বাহী সদস্য ছিলেন।




