ছবি: সংগৃহীত
‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত ওই সাংবাদিকের নাম মাহফুজুর রহমান শিশির। তিনি দৈনিক সকালের রিপোর্টার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোন। মিছিলের পর ব্রিফিং চলাকালে কয়েকজন জামায়াত কর্মী এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেন। সাংবাদিকরা এই মন্তব্যের প্রতিবাদ করলে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে সংঘাতে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, জামায়াত কর্মীরা শিশিরের কলার ধরে তাকে ঘুষি মারেন এবং তিনি রাস্তায় পড়ে গেলে কয়েকজন তাকে লাথিও মারেন।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশির বলেন, জামায়াত কর্মীরা মারধর করে আমাকে আহত করেছেন, এটা লজ্জার।
সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ সম্পর্কে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’




