Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩, শনিবার ২৮ নভেম্বর ২০২৬

ন্যাফথা মজুত সংকট, তেল শোধন বন্ধের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২০, ২৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ন্যাফথা মজুত সংকট, তেল শোধন বন্ধের আশঙ্কা

ছবি : সংগৃহীত

বরাদ্দকৃত ন্যাফথা (পেট্রোলিয়ামজাতীয় তরল উপজাত) নির্ধারিত সময়ে উত্তোলন না করায় রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে (ইআরএল) সংরক্ষণ সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ট্যাংক খালি না থাকায় অপরিশোধিত তেল পরিশোধনের মূল ইউনিট বন্ধ করে দিতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংকট মোকাবিলায় বেসরকারি রিফাইনারিগুলোকে দ্রুত বরাদ্দের ন্যাফথা নেওয়ার তাগিদ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে উদ্বৃত্ত ন্যাফথা বিদেশে রপ্তানির অনুমতি চেয়েছে ইআরএল। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও জ্বালানি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শরীফ হাসনাত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত তেল পরিশোধন করে ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল উৎপাদন করে ইআরএল। প্রতিষ্ঠানটি দৈনিক প্রায় সাড়ে চার হাজার টন অপরিশোধিত তেল শোধন করে, যা থেকে উপজাত হিসেবে দৈনিক প্রায় ৭০০ টন ন্যাফথা উৎপাদিত হয়—যা মোট অপরিশোধিত তেলের ১২ থেকে ১৫ শতাংশ।

উৎপাদিত ন্যাফথার একটি অংশ ইআরএল নিজস্ব সিআরইউ ও মেরক্স ইউনিটে পেট্রোল তৈরিতে ব্যবহার করে; এভাবে বছরে ৫০ থেকে ৬০ হাজার টন ন্যাফথা নিজস্ব ইউনিটে কাজে লাগানো যায়। বাকি বিপুল পরিমাণ ন্যাফথা বেসরকারি রিফাইনারিগুলোকে সরবরাহ করতে হয় কিংবা রপ্তানি করতে হয়। যদিও ২০২১ সালের পর থেকে ন্যাফথা রপ্তানি বন্ধ রয়েছে।

বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের বেসরকারি রিফাইনারিগুলো এসব ন্যাফথা শোধন করে জ্বালানি তেল উৎপাদন করছে এবং তা বিপিসিকে সরবরাহ দিচ্ছে।

ন্যাফথা সংরক্ষণে তৈরি হওয়া এই চাপের কথা জানিয়ে বিপিসি চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছে ইআরএল। চিঠির তথ্য অনুযায়ী, ইআরএলের ন্যাফথা সংরক্ষণ ট্যাংকগুলোর মোট ধারণক্ষমতা ২৮ হাজার ৮৫০ টন। এর বিপরীতে ইতোমধ্যে প্রায় ২৫ হাজার টন ন্যাফথা জমা হয়ে গেছে।

কারখানা চালু থাকায় প্রতিদিন নতুন করে প্রায় ৭০০ টন ন্যাফথা যুক্ত হচ্ছে। এই হারে মজুত বাড়তে থাকলে দুই থেকে চার দিনের মধ্যেই ন্যাফথা রাখার জায়গা সংকট চরম আকার ধারণ করতে পারে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের পাঁচটি বেসরকারি রিফাইনারিকে ন্যাফথা বরাদ্দ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড, পারটেক্স পেট্রো লিমিটেড এবং পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই পাঁচ প্রতিষ্ঠানের কোনোটিই তাদের বরাদ্দকৃত ন্যাফথা পুরোপুরি উত্তোলন করেনি; সবাই আংশিক সরবরাহ নিয়েছে। ফলে ইআরএলের মজুত দ্রুত বেড়ে গিয়ে এই সংকট তৈরি হয়েছে।

কেন বরাদ্দের পুরো ন্যাফথা নেওয়া হচ্ছে না—এমন প্রশ্নে নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি একটি রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক বলেন, আন্তর্জাতিক বাজারদর এবং দেশে উৎপাদিত ও পরিশোধিত পণ্যের মূল্য নির্ধারণে বড় ব্যবধান থাকায় তারা ন্যাফথা নিতে আগ্রহী নন।

তার ভাষ্য, বিপিসি আন্তর্জাতিক বাজারদরে বেসরকারি রিফাইনারিগুলোকে ন্যাফথা সরবরাহ করে। কিন্তু আন্তর্জাতিক বাজারে ন্যাফথার দাম তুলনামূলক বেশি হলেও বেসরকারি রিফাইনারিগুলোতে উৎপাদিত ডিজেল, অকটেন, পেট্রোল, কেরোসিনসহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের বিক্রয়মূল্য ভিন্ন আন্তর্জাতিক মূল্যসূচক ও স্থানীয় মূল্য কাঠামোর ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।

এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হয় বলে ইচ্ছা থাকা সত্ত্বেও ইআরএল থেকে ন্যাফথা নিতে চান না তাঁরা। এর বদলে বিদেশ থেকে কনডেনসেট ও ন্যাফথা আমদানি করে জ্বালানি তেল উৎপাদন করা তুলনামূলক সহজ বলে মনে করেন ওই কর্মকর্তা।

এদিকে বিপিসি চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক অনুরোধ জানিয়েছেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বরাদ্দ অনুযায়ী বেসরকারি রিফাইনারিগুলো যেন যথাসময়ে ন্যাফথা গ্রহণ করে, তা নিশ্চিত করা হোক। পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলোর বিদেশ থেকে ন্যাফথা বা কনডেনসেট আমদানির জন্য বিপিসির অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার ক্ষেত্রে ইআরএলের মজুত পরিস্থিতি বিবেচনায় নেওয়ার সুপারিশ করা হয়েছে।

জরুরি পরিস্থিতি সামাল দিতে আগের মতো ন্যাফথা রপ্তানির উদ্যোগ নিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পূর্বানুমোদন চাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে চিঠিতে।

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শরীফ হাসনাত বলেন, ন্যাফথা রাখার সংকট তৈরি হয়েছে। তবে বেসরকারি রিফাইনারিগুলো যাতে তাদের নামে বরাদ্দকৃত ন্যাফথা পুরোপুরি সরবরাহ নেয়, সে তাগিদ দেওয়া হয়েছে। বিপিসি ও মন্ত্রণালয় যৌথভাবে বিষয়টি নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো বরাদ্দের ন্যাফথা নিলে সংকট হবে না; কিন্তু সময়মতো না নিলে বিকল্প ভাবতে হবে। প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং ইতোমধ্যে কিছু ন্যাফথা সরবরাহ নেওয়া হলেও উত্তোলনের গতি আরও বাড়ানো প্রয়োজন, যার জন্য মন্ত্রণালয় ও বিপিসি কাজ করছে।

Walton
Walton