ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কারাবন্দী নেত্রী শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিসর্গ হোসেন তূর্য মারা গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। মাকে শেষবারের মতো ছেলের মুখ দেখানোর জন্য আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে তূর্যের মরদেহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়। সেখানেই মা শেষবারের মতো সন্তানের মুখ দেখেন।
শনিবার দুপুরে শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে তার স্ত্রী সন্তানকে দেখেছেন।
এর আগে বেলা ১১টার দিকে তিনি জানিয়েছিলেন, কারা কর্তৃপক্ষ তাকে বলেছে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয় এবং তাকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই।
এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত কারাবন্দী কোনো আসামিকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে বলেও তাকে জানানো হয়।
এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেনের প্রতিবন্ধী সন্তান মারা গেছে এবং শেষবারের মতো মরদেহ দেখানোর জন্য আবেদন করা হয়েছিল।
তিনি বলেন, ‘বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে দুই মিনিটের মতো কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।’
এদিকে এ ঘটনা ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিন সুলতানা ও তার প্রয়াত ছেলের আগে দেওয়া বক্তব্যের দুটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।
একটি ভিডিওতে শারমিন সুলতানাকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, ‘আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা–বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।’
অন্যদিকে মারা যাওয়া তূর্যের একটি পুরোনো ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।’
উল্লেখ্য, গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ৪৪ বছর বয়সী শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে লালবাগ থানা-পুলিশ।
পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তূর্যের মৃত্যু এবং কারাফটকে মায়ের শেষ দেখার এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকসহ নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ফেসবুকে আয়েশা সোনিয়া লিখেছেন, বাচ্চাটির মাকে প্যারোলেও মুক্তি দেওয়া হয়নি সন্তানকে শেষ বিদায় জানাতে এবং মৃত শিশুর গাড়ি জেলগেটে যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, আসলে তার মায়ের অপরাধ কী ছিল এবং সে কয়জনকে হত্যা করেছে। মুস্তফা হুসাইন লিখেছেন, নিরাপত্তার অভাবের কথা বলে যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি এবং কারাগারের গেটে মাত্র দুই মিনিট মৃত সন্তানের মুখ দেখতে দেওয়া হয়েছে।
আশিষ কুমার দে তার দীর্ঘ পোস্টে ‘তূর্য, তুমি আমাদের ক্ষমা করো’ উল্লেখ করে লেখেন, একজন স্পেশাল চাইল্ডের কাছে তার মা পুরো পৃথিবী এবং মাকে ছাড়া তার নিরাপত্তা, চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজন সামলানো অসম্ভব। তিনি উল্লেখ করেন, গ্রেপ্তারের সময় শর্মি বারবার বলেছিলেন ‘আমার বাচ্চাটা আমাকে ছাড়া বাঁচবে না’, যা আজ নির্মম বাস্তবতায় পরিণত হয়েছে। তূর্যের সাক্ষাৎকারে সংবিধানের দোহাই দিয়ে মায়ের মুক্তি চাওয়ার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, রাষ্ট্রের দায়িত্বশীলদের হৃদয় একবারও সেই আর্তি স্পর্শ করেনি এবং সিলেকটিভ অ্যাক্টিভিজম এ ঘটনায় নীরব থাকবে।
কাজী জাহিদ তার পোস্টে লেখেন, ছেলেটা শেষ পর্যন্ত সবাইকে পরাজিত করে অভিমান নিয়ে চলে গেল এবং মাকে ছাড়া সে বাঁচবে না বলে তার কথা রেখেছে। তিনি উল্লেখ করেন, নড়াইলের মেয়ে শর্মী এক সময় ছাত্রলীগ ও যুব মহিলা লীগ করলেও অসুস্থ ছেলেকে নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন না, অথচ মিথ্যা মামলায় তাঁকে কারাগারে আটকে রেখে জামিন দেওয়া হয়নি। তূর্যের মামার স্ট্যাটাস থেকে মৃত্যুর খবর জানার পর থেকে লিখতে গিয়েও ভাষা খুঁজে পাচ্ছেন না বলে জানান তিনি।
প্রলয় সাহা সংক্ষেপে লিখেছেন, ‘মা কারাগারে তোমার সাথে দেখা করতে এসেছি!’ হেলাল উদ্দিন লিখেছেন, ‘তূর্যকে মরিয়া প্রমাণ করিতে হইল- মা ছাড়া তার দেখভাল করার কেউ নেই। মা ছাড়া সে বাঁচতে জানে না।’ মেহেদী হাসান শোয়েব তূর্যের বাবা নিপুকে উদ্দেশ্য করে লিখেছেন, রাত থেকে খবরটি দেখে তিনি বিষাদে ডুবে যাচ্ছেন এবং প্রশ্ন তোলেন তূর্যের এই চলে যাওয়ার দায় কার, সে কি প্রতিহিংসার রাজনীতির বলি হলো এবং রাষ্ট্র কি এর জবাব দিতে পারবে।
শাহনাজ শারমিন লিখেছেন, ‘অবশ্যই ক্ষমা করবে না.....’ এবং প্রণব সাহা লিখেছেন, ‘কি বলে সান্তনা দিবো বন্ধু নিপুকে? অসহায়ত্বকে ক্ষমা করে দিস !’
বাপ্পি তাঁর পোস্টে লেখেন, গ্রেপ্তারের পর শর্মি আপা কাঁদতে কাঁদতে বলেছিলেন তাঁর অসুস্থ বাচ্চাকে তিনি ছাড়া কেউ খাওয়াতে পারে না ও দেখার কেউ নেই, কিন্তু প্রশাসনের মন গলেনি এবং আজ মায়ের অভাবে বাচ্চাটি চরম কষ্ট নিয়ে বিদায় নিল।
জাহেদ সেলিম লিখেছেন, ‘তূর্য্য মাকে চেয়েছিল বেঁচে থাকার জন্য, রাষ্ট্র সেই মায়ের কাছে তাকে পাঠাল মৃত্যুর পর......।’
ইখতিয়ার উদ্দিন তূর্যকে রাজনৈতিক জিঘাংসার বলি উল্লেখ করে লিখেছেন, এই অমানবিকতার প্রতিকার রাষ্ট্রের আদালতে না হলেও প্রকৃতির প্রতিশোধ বলে কিছু আছে।
এ ছাড়া আনিস আলমগীর লিখেছেন, ১৫ বছরের প্রতিবন্ধী শিশু নিসর্গ হোসেন তূর্যের সার্বক্ষণিক পরিচর্যার প্রয়োজন ছিল এবং মাকে ছাড়া যার জীবন ছিল অসহায়, সেই শিশুটিকে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল।
পরিবারের দাবি অনুযায়ী, রাজনৈতিক পরিচয়ের কারণে মব করে ধরে নিয়ে মিথ্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। আনিস আলমগীর আরও লেখেন, মা বেঁচে থাকতে সন্তানকে দেখতে পাননি এবং শেষ পর্যন্ত নিথর দেহ কারাফটকে নিয়ে যেতে হয়েছে; যে দেশে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই, সেখানে প্রতিবন্ধী শিশুর বেঁচে থাকার লড়াই বোঝার সময় রাষ্ট্রের কোথায় এবং রাজনীতির প্রতিশোধ যখন মানবিকতাকে গ্রাস করে, তখন রাষ্ট্র নিরপরাধ স্বজনদেরও শাস্তি দেয়।




