ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনার ভয়াবহতা ও তদন্তের অগ্রগতি সম্পর্কে এডিসি মো. জাহিদুল ইসলাম বলেন, চলন্ত বাসে কেউ যদি গান পাউডার মেরে চলে যায় তাহলে তারও তো জীবনের রিস্ক আছে। কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপার পুলিশ হেফাজতে আছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
অন্যদিকে অগ্নিনির্বাপণের বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগে। রাত ৭টা ৩৮ মিনিটে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নির্বাপণ করেন।
মিরপুরের ঘটনার আগে শনিবার ভোরের দিকে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়ন (এসপিবিএন)-এর একটি অকেজো গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ভোর সাড়ে ৪টার দিকে বসিলা সড়কের এসআরবি-২ সদর দপ্তরের পাশে অবস্থিত এসপিবিএন’র ওয়ার্কশপের সামনে এ নাশকতার ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোরের অন্ধকারে সংঘটিত এই নাশকতার বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, এসপিবিএন’র দুইটি অকেজো গাড়ি তাদের ওয়ার্কশপের সামনে ছিল। দুর্বৃত্তরা একটি গাড়িতে আগুন দেয়। এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। একই দিনে রাজধানীর দুটি পৃথক স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে।




