Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩, শনিবার ২৮ নভেম্বর ২০২৬

শ্রমিকদের বিরুদ্ধে মামলা বন্ধের দাবি জাতিসংঘের ফোরামে

ডেস্ক প্রতিবেদন

প্রকাশিত: ২২:২২, ২৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

শ্রমিকদের বিরুদ্ধে মামলা বন্ধের দাবি জাতিসংঘের ফোরামে

ছবি : সংগৃহীত

বৈশ্বিক সাপ্লাই চেইনে শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা প্রতিশোধমূলক ফৌজদারি মামলা বন্ধ এবং ব্যবসাপ্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার জোরালো দাবি তুলেছে বাংলাদেশের ‘সেন্টার ফর হিউম্যানিটারিয়ান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট’ (সিএইচআরএসডি) ফাউন্ডেশন। 

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর প্যালেস দে নেশনসে অনুষ্ঠিত ‘ব্যবসা ও মানবাধিকারবিষয়ক জাতিসংঘের ১৫তম ফোরামে’ সংস্থাটির পক্ষ থেকে এই প্রশ্ন তোলা হয়।

বুধবার (২৫ নভেম্বর) শেষ হওয়া এই ফোরামের একটি অধিবেশনে অংশ নিয়ে সিএইচআরএসডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম এ রামিম বলেন, সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর জন্য শ্রমিকদের বিরুদ্ধে প্রতিশোধমূলক মামলা না করার শর্ত বাধ্যতামূলক করা হবে কি না, তা এখন বড় প্রশ্ন। 

একই সঙ্গে ইতোমধ্যে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ভুক্তভোগী শ্রমিকদের আইনি সহায়তার অর্থায়ন বৈশ্বিক ব্র্যান্ড ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করবে কি না—সে বিষয়েও তিনি দৃষ্টি আকর্ষণ করেন। এমন পদক্ষেপ না নেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কে জবাবদিহির আওতায় আনবে, সেই প্রশ্নও রাখেন তিনি।

মানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা জোরদারবিষয়ক সংলাপে বক্তব্য দেওয়ার সময় এম এ রামিম অধিবেশনে উপস্থাপিত একটি জরিপের তথ্য তুলে ধরেন। জরিপ অনুযায়ী, মানবাধিকার রক্ষাকারীদের বিষয়ে নীতিমালা রয়েছে এমন ৫০টিরও বেশি কোম্পানির মধ্যে মাত্র আটটি কোম্পানি ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের আগে মানবাধিকার ঝুঁকি মূল্যায়ন করে।

এ বিষয়ে এম এ রামিম বলেন, ‘জাতিসংঘের পথনির্দেশক নীতিমালার ১৫ বছর পরও প্রতিষ্ঠানগুলোর প্রতিশ্রুতি আর শ্রমিকদের বাস্তব অভিজ্ঞতার মধ্যে ব্যবধান অনেক। বৈশ্বিক সাপ্লাই চেইনের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে আমাদের শ্রমিক ও জনগোষ্ঠীর কণ্ঠস্বর পৌঁছাতে হবে।’

সিএইচআরএসডি ফাউন্ডেশনের দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এম এ রামিম। প্রতিনিধিদলের অপর সদস্য ছিলেন সংস্থাটির মহাসচিব মো. মোতালেব হোসেন। ফোরামের ফাঁকে প্রতিনিধিদলটি ব্যবসা ও মানবাধিকারবিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের চেয়ারপারসন রবার্ট ম্যাককরকোডেলের সঙ্গে বৈঠক করে। আলোচনায় বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানিনির্ভর খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও ব্যবসাপ্রতিষ্ঠানের জবাবদিহির বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

ব্যবসা ও মানবাধিকারবিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সচিবালয় সহায়তায় প্রতিবছর এই ফোরাম অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। ২০১১ সালে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল অনুমোদিত ‘ইউএন গাইডিং প্রিন্সিপালস অন বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস’ (ইউএনজিপি)-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে এবারের ফোরামের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়—‘ইউএনজিপি অ্যাট ফিফটিন: বিল্ডিং অন গেইনস, কনফ্রন্টিং গ্যাপস, রিইমাজিনিং দ্য ফিউচার’।

ফোরামে বাংলাদেশের প্রতিনিধিদলটি মানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে মানবাধিকার, অনানুষ্ঠানিক শ্রম ও সাপ্লাই চেইনের ঝুঁকি মোকাবিলা এবং বাধ্যতামূলক মানবাধিকার ডিউ ডিলিজেন্সে উত্তরণের বিষয়ে বিভিন্ন অধিবেশনে অংশ নেয়। পাশাপাশি দক্ষিণ এশিয়ার জন্য পরবর্তী পদক্ষেপ এবং ২০২৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থাপিতব্য ওয়ার্কিং গ্রুপের থিম্যাটিক প্রতিবেদন নিয়ে পরামর্শ সভায়ও তারা মতবিনিময় করেন।

সিএইচআরএসডি ফাউন্ডেশন জানিয়েছে, এই ফোরামের মাধ্যমে আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও নতুন যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হয়েছে। প্রতিনিধিদলটি ‘জাস্টিস অ্যান্ড পিস নেদারল্যান্ডস’-এর সঙ্গেও বৈঠক করবে, যেখানে মানবাধিকারকর্মীদের সুরক্ষা ও বাংলাদেশের সংগঠনগুলোর সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, বাংলাদেশভিত্তিক সিএইচআরএসডি ফাউন্ডেশন ২০২৩ সাল থেকে স্বাস্থ্য, অন্তর্ভুক্তি, গবেষণা, অ্যাডভোকেসি ও বনায়ন নিয়ে কাজ করে আসছে।

Walton
Walton