Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৯ ১৪৩৩, বুধবার ২৫ নভেম্বর ২০২৬

আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৭, ২৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১

ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাস আল খাইমাহর আল ওয়াতান সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।

মন্ত্রণালয় বলেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট জরুরি উদ্ধারকারী বিভিন্ন দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও জরুরি তৎপরতা শুরু করা হয়েছে।

দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের পরিবার, স্বজনদের প্রতি শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস বলেছে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া এই দুর্ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, সেই তথ্যও জানায়নি মন্ত্রণালয়।

এই দুর্ঘটনার মাত্র ১২ দিন আগে দেশটির ফুজাইরাহ এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ১৪ জনের প্রাণহানি ও ৩০ জন আহত হন। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বলেছে, গত ১২ নভেম্বর শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দুটি দুর্ঘটনা ঘটেছিল।
প্রথমটিতে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অন্য একটি যানবাহনের সংঘর্ষ হয়। আর অপর দুর্ঘটনায় দুটি শিপিং কন্টেইনার বহনকারী একটি ট্রাক উল্টে যাওয়ার আগে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।
 

Walton
Walton