ছবি সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র এখন ৪ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম-এমন দাবি করেছেন দেশটির এক আইনপ্রণেতা। একই সময়ে তেহরান সিটি করপোরেশন পরিচালিত দৈনিক হামশাহরির প্রথম পাতায় দাবি করা হয়েছে, পুরো ইউরোপ এখন ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়। তেহরানের এমন বক্তব্যের পর ইউরোপে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে বিশেষজ্ঞদের বক্তব্য, বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের কিছু ইঙ্গিত দিলেও ৪ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে-এমন সক্ষমতার নির্ভরযোগ্য প্রমাণ এখনো দেখাতে পারেনি।
সোমবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিটির সদস্য আহমদ বাখশায়েশ আরদেস্তানি ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪ হাজার ৫০০ কিলোমিটার হওয়ার দাবি করেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রযুক্তিগত তথ্য বা প্রমাণ দেননি তিনি।
তেহরান পৌর কর্তৃপক্ষ পরিচালিত সংবাদপত্র হামশাহরি আরও বড় দাবি করেছে। তাদের ভাষ্য, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৫ হাজার কিলোমিটার। অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের পাল্লার ক্ষেত্রে নিজেদের আরোপ করা ২ হাজার কিলোমিটারের সীমা তারা তুলে নিয়েছে। তবে এর চেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র বাস্তবে মোতায়েন করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বাহিনীটি।
দিয়েগো গার্সিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে কী জানা গেল
ইরানের পুরোনো ২ হাজার কিলোমিটার পাল্লার সীমা অতিক্রম করার সবচেয়ে জোরালো ইঙ্গিত পাওয়া যায় গত মার্চে। সে সময় ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সির দিকে ইরান দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বলে খবর প্রকাশিত হয়। এর একটি আকাশেই প্রতিহত করা হয়। অন্যটি উড্ডয়নের সময় ব্যর্থ হয়।
যুক্তরাষ্ট্রের মিডলবেরি কলেজের জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী জিম ল্যামসনের মূল্যায়ন, ক্ষেপণাস্ত্র দুটি ছিল মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইআরবিএম)। এ ধরনের ক্ষেপণাস্ত্র অন্তত ৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।
ল্যামসনের ভাষায়, এই ঘটনা থেকে বোঝা যায়, ইরান অন্তত আইআরবিএমের প্রোটোটাইপ তৈরি করেছে। তবে এসব ক্ষেপণাস্ত্রের নকশা কতটা পরিণত এবং উৎপাদনের পর্যায় কোথায় পৌঁছেছে, তা এখনো পরিষ্কার নয়।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও উৎপাদনকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্বল্প সময়ের মধ্যে তেহরান এ ধরনের আরও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির জ্যেষ্ঠ গবেষক ফারজিন নাদিমির মতে, ইরান বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কাজে লাগিয়েই পাল্লা বাড়ানোর সক্ষমতা রাখে।
তার ধারণা, দিয়েগো গার্সির দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি খোররামশাহর-৪-এর পরিবর্তিত সংস্করণ হতে পারে। খোররামশাহর-৪ একটি মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র, যার ঘোষিত পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার। তবে ক্ষেপণাস্ত্র দুটির প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
নাদিমি বলেন, দুটি ক্ষেপণাস্ত্রের উড্ডয়নপথ বিশ্লেষণ করলে বোঝা যায়, প্রযুক্তিগতভাবে সেগুলোর দিয়েগো গার্সি পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা ছিল।
ওই উৎক্ষেপণের ঘটনা অন্তত একটি বিষয় স্পষ্ট করেছে-আগের ঘোষিত সীমার অনেক বাইরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করতে তেহরান প্রস্তুত।
নাদিমির হিসাব অনুযায়ী, ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্রের আওতায় দক্ষিণ-পূর্ব ইউরোপের কিছু অঞ্চল ইতিমধ্যে রয়েছে। পাল্লা ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ কিলোমিটারে পৌঁছালে ইউরোপের আরও বিস্তৃত অঞ্চল, এমনকি যুক্তরাজ্যের কিছু অংশও সম্ভাব্য লক্ষ্যবস্তুর আওতায় আসতে পারে।
ইউরোপের কী প্রস্তুতি নেওয়া উচিত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিরক্ষা নীতির উপসহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করা সিমোন লিডিন মনে করেন, যুক্তরাজ্য ও পশ্চিম ইউরোপের জন্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা একটি উদীয়মান নিরাপত্তা হুমকি। এ পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোকে এখনই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
লিডিনের বক্তব্য, সম্ভাব্য এই সক্ষমতা বাস্তবে দেখা দেওয়ার পর ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় না থেকে ইউরোপীয় সরকারগুলোর আগেভাগেই প্রস্তুতি নেওয়া উচিত।
তবে তাঁর মতে, সবচেয়ে তাৎক্ষণিক বিপদ এখনো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা ও মিত্রদের জন্য। কারণ ইরানের বিদ্যমান ক্ষেপণাস্ত্র দিয়েই ওই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে হলে ইরানকে আরও অনেক বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে হবে। লিডিন ও নাদিমি দুজনই মনে করেন, ইরানের মহাকাশ কর্মসূচিতে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরির সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রযুক্তি রয়েছে। তবে এ ধরনের অস্ত্র তৈরির জন্য আরও উন্নয়ন ও পরীক্ষা প্রয়োজন।
এখনই কেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হুমকি দিচ্ছে তেহরান
ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন দাবিগুলো এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের পরদিন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, নতুন বছরের পরও কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে আবার সামরিক হামলা চালানোর বিষয়ে তিনি আগ্রহী।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা কেরি বিটসফ মনে করেন, ওয়াশিংটন ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টি করতেই তেহরান ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর বিষয়টি সামনে আনছে। তাঁর দায়িত্বের সময় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিতে সরবরাহকারী বিভিন্ন নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের কাজে তিনি যুক্ত ছিলেন।
বিটসফের মতে, নতুন করে সামরিক অভিযান থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরত রাখা এবং যুদ্ধের বিরুদ্ধে জনমত গড়ে তোলাই ইরানের এই প্রচারের অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের সক্ষমতা এখন চাপের মুখে। এমন পরিস্থিতিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে প্রচার চালিয়ে তেহরান একদিকে প্রতিপক্ষকে চাপে রাখতে চাইছে, অন্যদিকে বাস্তবে এসব অস্ত্র মোতায়েনের সক্ষমতা কতটা রয়েছে, তা অনিশ্চিতই থেকে যাচ্ছে।
বিটসফের ভাষায়, ‘আমি বিষয়টিকে দেখছি শাসকগোষ্ঠীর নতুন করে দর-কষাকষির হাতিয়ার খোঁজার চেষ্টা হিসেবে।’
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল




