ছবি সংগৃহীত
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। রোববার (২২ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরকটি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের আমলে ফেলে যাওয়া একটি স্থলমাইন। ইদলিব প্রদেশের গ্রামীণ এলাকার উম খুজাইম গ্রামে এ বিস্ফোরণ ঘটে।
সিরিয়ায় ১৩ বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের ক্ষত এখনো কাটেনি। সংঘাত চলাকালে বিভিন্ন পক্ষ দেশের নানা এলাকায় স্থলমাইন পুঁতে রাখে। যুদ্ধ শেষ হলেও এসব মাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ এখনো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। প্রতিনিয়ত প্রাণহানির ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ।
জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের নেতৃত্বে পরিচালিত দেশব্যাপী সমন্বয় ব্যবস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতন থেকে চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর সময় পর্যন্ত সিরিয়ায় বিস্ফোরক অস্ত্রসংক্রান্ত ১ হাজার ৩৩৭টি দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় ২ হাজার ৩৭৫ জন নিহত বা আহত হয়েছেন। তাঁদের মধ্যে শিশুর সংখ্যা ৮৫০-এর বেশি।
মাইন অপসারণে কাজ করা বেসরকারি সংস্থা হালো ট্রাস্টের সিরিয়া কর্মসূচির ব্যবস্থাপক সাইমন জ্যাকসন গত সেপ্টেম্বরে এএফপিকে জানিয়েছিলেন, স্থলমাইন ও যুদ্ধের অবিস্ফোরিত গোলাবারুদের কারণে সিরিয়ায় গড়ে প্রতি ছয় ঘণ্টায় একজন মানুষ নিহত বা আহত হচ্ছেন।
মাইন ও ক্লাস্টার যুদ্ধাস্ত্র পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ল্যান্ডমাইন অ্যান্ড ক্লাস্টার মিউনিশন মনিটরের জুনে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বে মাইন ও যুদ্ধের অবিস্ফোরিত বিস্ফোরকের কারণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সিরিয়ায়। ওই বছর দেশটিতে নিহত ও আহত হয়েছেন ১ হাজার ৬০০ মানুষ।
গৃহযুদ্ধের অবসান হলেও মাটির নিচে ও ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা বিস্ফোরক এখনো সিরিয়ার মানুষের জন্য বড় বিপদ হয়ে রয়েছে। বিশেষ করে শিশুরা এসব বিপজ্জনক বস্তু সম্পর্কে সচেতন না থাকায় তাদের প্রাণহানির আশঙ্কা বেশি।
উম খুজাইম গ্রামের সাম্প্রতিক বিস্ফোরণ সেই বিপদেরই আরেকটি নির্মম উদাহরণ।
সূত্র: এএফপি




