Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৮ ১৪৩৩, সোমবার ২৩ নভেম্বর ২০২৬

জয়ের নেশায় নৈতিকতার বিসর্জন, অস্ট্রেলীয় ক্রিকেটে বন্ধুত্বের মিথ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৬:৪২, ২৩ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

জয়ের নেশায় নৈতিকতার বিসর্জন, অস্ট্রেলীয় ক্রিকেটে বন্ধুত্বের মিথ

২০১৮ সালের ২৫শে মার্চ দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট চলাকালীন অস্ট্রেক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটকে দেখা যাচ্ছে। ছবি সংগৃহীত

‘আমি জানতাম, কাজটি ভুল। স্যান্ডপেপার ব্যবহার করা যে ক্রিকেটের আইনের সীমা একটু অতিক্রম করা নয়, বরং সরাসরি প্রতারণা-সেটাও আমার জানা ছিল।’

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটের লেখা ৪ হাজার শব্দের এক আত্মস্বীকারোক্তিমূলক নিবন্ধের শুরুটা এভাবেই। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বল বিকৃতির ঘটনায় নিজের জড়িত থাকার কথা এবার অকপটে স্বীকার করেছেন তিনি। শুধু প্রতারণাই নয়, তদন্তকারীদের পাশাপাশি অস্ট্রেলিয়ার সাধারণ মানুষকেও যে মিথ্যা বলেছিলেন, সেটিও স্বীকার করেছেন স্পষ্ট ভাষায়।

ঘটনাটির ভিডিও ফুটেজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচে বলের আকৃতি পরিবর্তনের উদ্দেশ্যে ট্রাউজারের সামনের অংশে স্যান্ডপেপার লুকিয়ে রাখতে দেখা গিয়েছিল ব্যানক্রফটকে। বল বিকৃতির সেই ঘটনা নিয়ে সন্দেহের অবকাশ ছিল না।

কিন্তু আট বছর পর বিতর্কের কেন্দ্র আর এক টুকরো স্যান্ডপেপারে আটকে নেই। প্রশ্ন উঠছে অস্ট্রেলীয় ক্রিকেটের এমন এক সংস্কৃতি নিয়ে, যেখানে নৈতিকতার চেয়ে জয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। দলের ভেতরে এমন ভয় ও চাপ তৈরি হয়েছিল যে সত্য গোপন করা, এমনকি সরাসরি মিথ্যা বলাও অনেকের কাছে টিকে থাকার উপায় হয়ে উঠেছিল। আর সেই সঙ্গে প্রশ্নবিদ্ধ হয়েছে অস্ট্রেলীয় পুরুষ ক্রিকেটের বহুল প্রচারিত ‘মেটশিপ’ বা সতীর্থদের প্রতি নিঃস্বার্থ বন্ধুত্বের ধারণা।

কী ঘটেছিল কেপটাউনে?
অস্ট্রেলিয়ার বল বিকৃতি কেলেঙ্কারির মূল ঘটনাগুলো বহু আগেই সামনে এসেছে। তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দলে ডেভিড ওয়ার্নারের উৎসাহ ও নীরব সম্মতিতে ব্যানক্রফট বলের পৃষ্ঠতল পরিবর্তনের একটি পরিকল্পনা বাস্তবায়ন করেন। লক্ষ্য ছিল, বলকে এমন অবস্থায় নেওয়া, যাতে রিভার্স সুইং করানো সহজ হয়। ঘটনাটি ঘটে ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর অস্ট্রেলিয়া ও আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে তীব্র ক্ষোভ তৈরি হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া দ্রুত তদন্ত শুরু করে। তবে সেই তদন্তের পরিধি নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। সফরকারী দলের অনেক সদস্যকে জিজ্ঞাসাবাদের আওতায় না এনে সংস্থাটি সিদ্ধান্ত দেয়, পরিকল্পনা সম্পর্কে জানতেন শুধু ব্যানক্রফট, ওয়ার্নার ও স্মিথ।

শাস্তিও ছিল কঠোর। স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

এরপর পদত্যাগ করেন প্রধান কোচ ড্যারেন লেম্যান। তাঁর সঙ্গে দায়িত্ব ছাড়েন কোচিং স্টাফের কয়েকজন সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও বোর্ডের সদস্যরাও।

আট বছর পর আবার সামনে পুরোনো বিতর্ক
দীর্ঘদিন এই ঘটনা নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটের অন্দরমহলে একধরনের নীরবতা বজায় ছিল। সেই নীরবতা ভাঙতে শুরু করে উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর। বইটিতে খাজা অভিযোগ করেন, সাজঘরের সবাই বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে জানতেন।

এরপর দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং কোচিং স্টাফের কয়েকজন প্রকাশ্যে এসে খাজার বক্তব্যের পক্ষে-বিপক্ষে কথা বলেন। কেউ তাঁর দাবিকে সমর্থন করেন, কেউ আবার পুরোপুরি প্রত্যাখ্যান করেন।

২০১৮ সালের সেই দলের সদস্য এবং বর্তমান অস্ট্রেলীয় টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও প্রকাশ্যে জানিয়েছেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তিনি কিছু জানতেন না।

ব্যানক্রফটের ভাষ্য অনুযায়ী, কামিন্সের এই বক্তব্যই ছিল তাঁর জন্য শেষ ধাক্কা। নিজের নিবন্ধে তিনি লিখেছেন, ‘এতে আমি ক্ষুব্ধ, বিশ্বাসঘাতকতার শিকার এবং একা বোধ করেছি।’

গত আট বছর প্রতারণার দায়ে অভিযুক্ত পরিচয়টি বহন করতে হয়েছে ব্যানক্রফটকে। অন্যদিকে তাঁর সাবেক সতীর্থরা টেস্ট ক্রিকেটে নিজেদের ক্যারিয়ার চালিয়ে গেছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে স্মিথ ও ওয়ার্নারও আবার দলে ফিরেছেন।

এবার ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার সত্য উদ্‌ঘাটনে একটি স্বাধীন ‘ট্রুথ ফোরাম’ গঠনের ঘোষণা দেয়। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরাপদ পরিবেশে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবেন বলে জানায় সংস্থাটি। প্রকাশ্যে একের পর এক স্বীকারোক্তি ও বিতর্কিত বক্তব্যের ঢেউ সামাল দেওয়ার চেষ্টা হিসেবেও এই উদ্যোগকে দেখা হচ্ছে।

ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত হয় ব্যানক্রফটের নিজের লেখা নিবন্ধটি।

সেখানে তিনি শুধু দাবি করেননি যে দলের সবাই পরিকল্পনাটি জানতেন, বরং এটিও বলেছেন, ঘটনাটি বিচ্ছিন্ন ছিল না। তদন্তে যে ধারণা দেওয়া হয়েছিল, তার বিপরীতে তিনি জানান, ওই বছর পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় ব্যানক্রফট লিখেছেন, ‘অস্ট্রেলীয় দলে জায়গা ধরে রাখতে এবং সবার একজন হয়ে উঠতে চেয়েছিলাম বলেই ভয়াবহ একটি সিদ্ধান্ত নিয়েছিলাম।’

দলে জায়গা ধরে রাখার চাপ
ব্যানক্রফটের সিদ্ধান্তের পেছনের পরিস্থিতিও বিবেচনায় নেওয়া দরকার বলে মনে করেন লেখক। ঘটনার সময় তাঁর বয়স ছিল ২৪ বছর। বয়সে প্রাপ্তবয়স্ক হলেও দলের তুলনামূলক নবীন সদস্য ছিলেন তিনি। সেটি ছিল তাঁর ক্যারিয়ারের মাত্র সপ্তম টেস্ট। দলের সঙ্গে মানিয়ে নেওয়া এবং সতীর্থদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার তাগিদ তাঁর মধ্যে প্রবল ছিল।

দক্ষিণ আফ্রিকা সফরের আগের কয়েক বছর অস্ট্রেলীয় ক্রিকেটে এমন এক পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে খেলোয়াড়ি চেতনার সীমারেখা বারবার পরীক্ষা করা হচ্ছিল। সুবিধা অনুযায়ী সেই সীমা প্রসারিত করা হচ্ছিল, কখনো আবার অগ্রাহ্যও করা হচ্ছিল।

অস্ট্রেলীয় পুরুষ দল নিজেদেরই মাঠের আচরণবিধির রক্ষক হিসেবে বিবেচনা করত। তাদের প্রচলিত বক্তব্য ছিল, প্রতিপক্ষের সঙ্গে কঠোর লড়াই হবে, তবে তা ন্যায্যতার সীমার মধ্যে থেকেই। ‘হার্ড বাট ফেয়ার’—অর্থাৎ কঠিন লড়াই, কিন্তু ন্যায্যতার সঙ্গে-ছিল তাদের বহুল ব্যবহৃত নীতি।

কিন্তু বাস্তবে দলের ভেতরে নৈতিক নেতৃত্বের ঘাটতি ছিল। কোচিং স্টাফ থেকে শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ প্রশাসন পর্যন্ত সেই দুর্বলতা ছড়িয়ে পড়েছিল।

ঘটনার পর অলাভজনক নৈতিকতা গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য এথিকস সেন্টার’ একটি স্বাধীন ও বিস্তৃত পর্যালোচনা চালায়। তাদের প্রতিবেদনে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাংগঠনিক সংস্কৃতি সম্পর্কে উঠে আসে উদ্বেগজনক চিত্র। সেখানে এমন এক মানসিকতার কথা বলা হয়, যেখানে পরিণতি বিবেচনা না করেই জেতাকে প্রাধান্য দেওয়া হতো।

এই সংস্কৃতির প্রভাব খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। সত্য কথা বললে কী পরিণতি হতে পারে, সেই ভয়ে অনেকেই মুখ খুলতে চাননি। দলের ভাবমূর্তি রক্ষা এবং নিজেদের অবস্থান টিকিয়ে রাখার তাগিদে নীরবতা ও অসততা জায়গা করে নিয়েছিল।

ব্যানক্রফটের ভাষায়, ‘আমরা ভীত ছিলাম। প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। পরিস্থিতি যখন দ্রুত আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন সেটি সামাল দেওয়ার চেষ্টা করছিলাম।’

‘মেটশিপ’ ধারণাই এখন প্রশ্নের মুখে
২০১৮ সালের পর অস্ট্রেলীয় টেস্ট দলের মাঠের আচরণ ও ভাবমূর্তিতে পরিবর্তন এসেছে। টিম পেইন এবং পরে প্যাট কামিন্সের নেতৃত্বে দলটি নিজেদের অবস্থান নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছে। কিন্তু পুরোনো ক্ষোভ ও অভিযোগের জের যে শেষ হয়নি, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তা আবার সামনে এসেছে।

এখন বল বিকৃতির কৌশল বা ক্রিকেটীয় আইনের ব্যাখ্যার চেয়ে বড় হয়ে উঠেছে অন্য প্রশ্ন—কে কী জানতেন, কে সত্য গোপন করেছেন এবং আসলে ঘটনার দায় কার?

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। শুরুতে অসম্পূর্ণ তদন্ত এবং পরবর্তী সময়ে অর্ধসত্য ও তথ্য গোপনের অভিযোগ প্রতিষ্ঠানটির ভাবমূর্তিকে নতুন করে চাপে ফেলেছে।

এই বিতর্ক অস্ট্রেলীয় সমাজের বহুল প্রচলিত ‘মেটশিপ’ ধারণাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অস্ট্রেলিয়ার জাতীয় পরিচয়ের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয় এই বন্ধন। এর অর্থ শুধু বন্ধুত্ব নয়; বরং বিপদে একে অপরের পাশে দাঁড়ানো, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সতীর্থের প্রতি দায়িত্ব পালন করা।

অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটারদের পরনে থাকা ব্যাগি গ্রিন ক্যাপ দীর্ঘদিন ধরে এই পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে এসেছে। কিন্তু একের পর এক নতুন তথ্য ও পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশ্যে আসায় সেই প্রতীকের মর্যাদাও প্রশ্নের মুখে পড়ছে।

অস্ট্রেলীয়দের পক্ষে মেনে নেওয়া কঠিন যে একজন তরুণ ক্রিকেটার সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে এবং দলের অংশ হয়ে থাকতে প্রতারণার পথ বেছে নিতে পারেন। এরপর সেই প্রতারণা আড়াল করতে মিথ্যার আশ্রয়ও নিতে পারেন। এমন বাস্তবতা মেনে নিতে হলে জাতীয় পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা নিঃস্বার্থ বন্ধুত্বের ধারণাটিকেও নতুন করে পর্যালোচনা করতে হবে। প্রশ্ন উঠবে, ব্যক্তিস্বার্থ কি শেষ পর্যন্ত সেই কথিত বন্ধনের চেয়েও বড় হয়ে উঠেছিল?

দায় এড়ানোর সুযোগ ছিল না ক্রিকেট অস্ট্রেলিয়ারও
অস্ট্রেলীয় ক্রিকেটের এই বিতর্ক থেকে বেরিয়ে আসার দাবি এখন জোরালো হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলতে থাকা এই কাহিনি নিয়ে জনমনে ক্লান্তিও তৈরি হয়েছে। অনেকেই চান, বিষয়টির অবসান হোক। কিন্তু অতীতের দিকে তাকালে অস্বস্তিকর কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

২০১৮ সালে কেপটাউনের ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলে ভিন্ন পথ নিতে পারত। শেষ টেস্টের আগে তিন মূল খেলোয়াড়কে সাময়িকভাবে দায়িত্বের বাইরে রেখে পুরো সফরকারী দলের সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা সম্ভব ছিল।

খেলোয়াড়দের প্রয়োজনীয় সহায়তা দেওয়া যেত। তাঁদের কাছ থেকে নির্ভয়ে সত্য বলার প্রত্যাশাও করা যেত। বল বিকৃতির প্রকৃতি, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দায় এবং অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে শাস্তির বিষয়টি নির্ধারণ করা সম্ভব ছিল। একই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়াও নিজেদের প্রশাসনিক দায় স্বীকার করতে পারত।

এমন উদ্যোগ সহজ হতো না। বিতর্কও তৈরি হতো। তবে তাতে হয়তো আজকের মতো ব্যক্তি, প্রতিষ্ঠান ও ক্রিকেটের ভাবমূর্তি নিয়ে এত দীর্ঘস্থায়ী সংকট তৈরি হতো না। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে একের পর এক স্বীকারোক্তি ও পাল্টা বক্তব্যে অস্ট্রেলীয় ক্রিকেটের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু ক্রিকেটারের ক্যারিয়ারও আগেভাগে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

২০১৮ সালে ব্যানক্রফট মনে করেছিলেন, অস্ট্রেলীয় দল তখন এতটাই গভীরে চলে গিয়েছিল যে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন।

আট বছর পরও অস্ট্রেলীয় ক্রিকেট নিজের ভুল ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে পারেনি। যে গর্ত তারা নিজেরাই তৈরি করেছিল, সেখানেই যেন আটকে রয়েছে দেশটির ক্রিকেট। 
সূত্র: আলজাজিরা

Walton
Walton