Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৮ ১৪৩৩, সোমবার ২৩ নভেম্বর ২০২৬

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:০৯, ২৩ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ

ছবি সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর আজ জানা যাবে, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র নতুন করে যাচাইয়ের আবেদনে কতজন শিক্ষার্থীর ফল বদলেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে পুনর্নিরীক্ষণের ফল। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরেও পৌঁছে যাবে ফলের তথ্য এসএমএসের মাধ্যমে।

রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এবার পুনর্মূল্যায়নের অপেক্ষায় রয়েছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী। দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে জমা পড়া এসব আবেদনের ভিত্তিতে মাত্র ১৪ দিনে যাচাই করা হয়েছে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র।

গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছিল চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।

প্রকাশিত ফলাফলে এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৯৮ হাজার ৪০। দুই বিষয়ে পাস করতে পারেননি আরও ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। ফল প্রকাশের পরদিন, ১ নভেম্বর থেকেই উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়।

পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষার মধ্যেই সামনে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আগামী ১ ডিসেম্বর শুরু হবে এইচএসসির সম্পূরক পরীক্ষা, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যেই ব্যবহারিক পরীক্ষাও শেষ করতে হবে।

এবার মূল ফল প্রকাশের মাত্র এক মাসের মধ্যেই সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এক কিংবা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন।

Walton
Walton