অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকরা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিয়মিত হামলার শিকার হন; এছাড়া তাঁদের নিজেদের জমিতে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধের মুখোমুখি হতে হয় এবং তাঁদের জলপাই গাছ উপড়ে ফেলার মতো ঘটনার শিকার হতে হয়। ছবি সংগৃহীত
দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাতের পর বাড়িতে ফিরছেন বাস্তুচ্যুত পরিবারগুলো। কিন্তু ফিরে এসে অনেকেই দেখছেন, তাঁদের পরিচিত জনপদ আর আগের অবস্থায় নেই। জলপাইগাছ উপড়ে ফেলা হয়েছে, কৃষিজমি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও অবকাঠামো পড়ে আছে ধ্বংসস্তূপে। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে জমিতে তাঁদের জীবিকা ও জীবনযাপন গড়ে উঠেছে, সেই জমিই এখন অনিশ্চয়তার মুখে।
অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিরাও একই ধরনের ক্ষতির শিকার হচ্ছেন। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে জলপাইবাগান ধ্বংস, কৃষিজমিতে প্রবেশে বাধা এবং পানির উৎস নষ্ট করার অভিযোগ রয়েছে। জীবিকার জন্য প্রয়োজনীয় সম্পদ নাগালের বাইরে চলে যাওয়ায় অনেক পরিবারের পক্ষে নিজেদের জমিতে টিকে থাকাও কঠিন হয়ে পড়ছে।
দক্ষিণ লেবানন, পশ্চিম তীর ও গাজার এসব ঘটনা নতুন একটি প্রশ্ন সামনে এনেছে-ইসরায়েলের সামরিক অভিযানে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তা কি কেবল যুদ্ধের পার্শ্বপ্রতিক্রিয়া, নাকি এর মধ্য দিয়ে মানুষের বসবাসের পরিবেশও পরিকল্পিতভাবে বদলে দেওয়া হচ্ছে? এর প্রভাব কি শেষ পর্যন্ত নির্ধারণ করছে কারা নিজেদের ভূমিতে থাকতে পারবেন, কারা বাস্তুচ্যুত হবেন এবং কারা বাড়িতে ফিরতে পারবেন?
দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ফিরে এমন বাস্তবতার মুখোমুখি হয়েছেন আব্বাস আলী। ইসরায়েল-হিজবুল্লাহর সর্বশেষ যুদ্ধবিরতির পর বাড়িতে ফিরে তিনি দেখেন, তাঁর শৈশবের বাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। জানালার কাচ ভাঙা, পাথরের দেয়াল ক্ষতবিক্ষত, পানির ট্যাংকটিও ধ্বংস হয়েছে।
আরব নিউজকে আলী বলেন, ‘অনেক কষ্টে যখন বাড়িতে ফিরতে পারলাম, গ্রামের অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি।’
তিনি বলেন, ‘আমাদের সংস্কৃতিতে ভূখণ্ড মানে শুধু একটি ভৌগোলিক জায়গা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি, ইতিহাস ও জীবনযাপন। আমরা সেগুলোই রক্ষা করার চেষ্টা করছি।’
হাওরা ইব্রাহিমও বাড়িতে ফিরে দেখেছেন, যেখানে একসময় সবুজ গাছপালা ছিল, সেখানে এখন ধ্বংসস্তূপের স্তূপ। তাঁর গ্রামের জলপাইগাছগুলো টিকে থাকলেও আশপাশের অনেক গ্রামের গাছের পরিণতি হয়েছে ভিন্ন।
ইব্রাহিমের ভাষ্য, ‘যেসব এলাকায় ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছে, সেখানে বুলডোজার দিয়ে জলপাইগাছ উপড়ে ফেলা হয়েছে। কোনো কোনো গাছ সরিয়েও নেওয়া হয়েছে। পড়ে আছে শুধু ধ্বংসের চিহ্ন।’
সাদা ফসফরাস ও কৃষিজমি ধ্বংসের অভিযোগ
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের পরিবেশগত প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছে বিভিন্ন মানবিক ও পরিবেশবাদী সংগঠন। বিশেষ করে সাদা ফসফরাসযুক্ত গোলাবারুদের ব্যবহার এবং কৃষিজমি ধ্বংসের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে।
গ্রিনপিসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের নির্বাহী পরিচালক ঘিওয়া নাকাতের মতে, এসব সামরিক অভিযান মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় পরিবেশগত ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
আরব নিউজকে তিনি বলেন, ‘মানুষ যে বাতাসে শ্বাস নেয়, যে পানির ওপর নির্ভর করে, যে মাটি ও বাস্তুতন্ত্র তাদের টিকিয়ে রাখে-সবকিছুই ধ্বংস হচ্ছে।’
ইসরায়েলি সামরিক বাহিনীর বক্তব্য, লেবাননে তাদের অভিযান হিজবুল্লাহকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলার পর সীমান্তে সংঘাত শুরু হয়। এরপর একাধিক দফায় দুই পক্ষের মধ্যে লড়াই হয়েছে।
ইসরায়েলের দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলো যাতে গাছপালা ও প্রাকৃতিক আড়াল ব্যবহার করে হামলা চালাতে না পারে, সে জন্য কিছু এলাকায় গাছপালা সরানো এবং নিরাপত্তাবেষ্টনী তৈরি করা প্রয়োজন। পরিবেশের ক্ষতি কমাতে তারা সতর্কতা অবলম্বন করে বলেও দাবি করেছে দেশটি। বেসামরিক মানুষকে উচ্ছেদের উদ্দেশ্যে গাছপালা ধ্বংস করা হচ্ছে-এ অভিযোগও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
তবে ধ্বংসযজ্ঞের ব্যাপকতা ও পদ্ধতি নিয়ে গবেষক এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রশ্ন রয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবাসিক এলাকার ভেতরে কিংবা আশপাশে ইসরায়েলের সাদা ফসফরাস ব্যবহারের ঘটনা নথিভুক্ত করেছে। এতে বেসামরিক মানুষের নিরাপত্তা এবং পরিবেশের ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সাদা ফসফরাস বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। এতে প্রচণ্ড তাপ ও ধোঁয়া তৈরি হয়। মানুষের শরীরে মারাত্মক রাসায়নিক দগ্ধ হওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি গাছপালায় আগুন ধরে বনভূমি ও কৃষিজমিতে তা ছড়িয়ে পড়তে পারে।
ইসরায়েলি বাহিনীর বক্তব্য, ধোঁয়ার আড়াল তৈরি কিংবা লক্ষ্যবস্তু চিহ্নিত করার মতো সামরিক প্রয়োজনে এসব গোলাবারুদ ব্যবহার করা হয়। আগুন লাগানো তাদের উদ্দেশ্য নয়। ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের গোলাবারুদ ব্যবহারের ক্ষেত্রেও তাদের নিয়মকানুন রয়েছে বলে দাবি করেছে দেশটি।
গবেষণায় উঠে এসেছে সাদা ফসফরাস ব্যবহারের চিত্র
নেদারল্যান্ডসের টিইউ ডেলফট বিশ্ববিদ্যালয়ের গবেষক আহমেদ বায়দুন যুদ্ধের স্থানিক ও পরিবেশগত প্রভাব নিয়ে কাজ করছেন। তাঁর গবেষণায় ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মে পর্যন্ত দক্ষিণ লেবাননে সাদা ফসফরাস ব্যবহারের ২৮২টি এবং উত্তর ইসরায়েলে একটি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।
গবেষণায় দক্ষিণ লেবাননের ২৮২টি হামলার মধ্যে ১২০টি আবাসিক এলাকায়, ৪০টি কৃষিজমিতে এবং ৯৩টি বনভূমি বা উন্মুক্ত এলাকায় সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
বায়দুনের দাবি, এসব ঘটনার প্রায় অর্ধেক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে।
তিনি বলেন, ‘সাদা ফসফরাস ব্যবহার করাই স্বয়ংক্রিয়ভাবে বেআইনি নয়। কিন্তু বেসামরিক মানুষের ওপর এটি ব্যবহার করা হলে তা বেআইনি হয়ে যায়।’
তবে আন্তর্জাতিক মানবিক আইনে বিষয়টি আরও নির্দিষ্টভাবে বিবেচিত হয়। কোনো এলাকায় বেসামরিক মানুষের উপস্থিতি, সামরিক লক্ষ্য ও সম্ভাব্য ক্ষতির অনুপাত এবং হামলার সময় প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছিল কি না-এসব বিষয়ের ওপর নির্ভর করে ব্যবহারের বৈধতা নির্ধারিত হয়।
বায়দুনের গবেষণায় আরও বলা হয়েছে, লেবাননে নথিভুক্ত ২৮২টি হামলার মধ্যে মাত্র ১৫টি ইসরায়েলের প্রস্তাবিত নিরাপত্তাবেষ্টনীর বাইরে সংঘটিত হয়েছে। দক্ষিণ লেবাননের ভেতরে এই বেষ্টনীর বিস্তৃতি সর্বোচ্চ ১০ কিলোমিটার পর্যন্ত বলে উল্লেখ করেছেন তিনি।
তাঁর মতে, নিরাপত্তাবেষ্টনী আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই এসব হামলার ধরন কার্যত তার সীমানা নির্দেশ করেছিল।
বায়দুন বলেন, ‘সীমান্তে দাঁড়িয়ে থাকা প্রতিটি গাছ সরিয়ে ফেলাই যেন তাদের উদ্দেশ্য ছিল। নজরদারি ও দৃশ্যমানতা নিশ্চিত করা, যাতে কোনো ব্যক্তি গাছের আড়ালে লুকাতে না পারে।’
লেবাননের কর্মকর্তারা ও পরিবেশবিষয়ক গবেষকদের একাংশ মনে করেন, ব্যাপক অগ্নিকাণ্ড, বুলডোজার দিয়ে গাছপালা উপড়ে ফেলা এবং আগাছানাশক ছিটানোর ঘটনা বিচ্ছিন্ন নয়। তাঁদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিকল্পিতভাবে সবুজ আচ্ছাদন সরিয়ে একটি জনবসতিহীন নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার চেষ্টা চলছে।
অন্যদিকে, ইসরায়েল পরিকল্পিত পরিবেশ ধ্বংসের অভিযোগ অস্বীকার করে বলছে, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা দুর্বল করা এবং সীমান্তে হামলা ঠেকানোই তাদের অভিযানের উদ্দেশ্য।
জলপাইবাগান হারিয়ে জীবিকা ও খাদ্যনিরাপত্তা হুমকিতে
অভিযানের উদ্দেশ্য নিয়ে বিতর্ক থাকলেও কৃষিনির্ভর পরিবারগুলোর ক্ষতি নিয়ে সংশয়ের সুযোগ কম। দক্ষিণ লেবাননের বহু পরিবারের জীবিকা নির্ভর করে জলপাই চাষ ও জলপাই তেল উৎপাদনের ওপর। কয়েক প্রজন্ম ধরে এই চাষাবাদ তাঁদের আয়ের উৎস হওয়ার পাশাপাশি পূর্বপুরুষের ভিটেমাটির সঙ্গে সম্পর্ক ধরে রেখেছে।
কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যপণ্যের নিরাপত্তা নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
ইব্রাহিম বলেন, ‘যেসব এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করা হয়েছে, সেখানকার জলপাই তেল কিনতেও এখন অনেকে ভয় পাচ্ছেন। তাঁদের আশঙ্কা, মাটি দূষিত হয়ে থাকতে পারে। সেই জমিতে উৎপাদিত তেল খাওয়ার উপযোগী না-ও হতে পারে।’
পরিবেশের ক্ষতি লেবাননের সাংস্কৃতিক ঐতিহ্যকেও বিপন্ন করছে বলে মনে করেন আলী।
তিনি বলেন, ‘আমাদের পাইনগাছ আছে, দেবদারুগাছ আছে। দেবদারু গাছ তো আমাদের জাতীয় পতাকাতেও রয়েছে। এসব গাছ আমাদের ঐতিহ্য ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে।’
আলীর অভিযোগ, ‘আমার বিশ্বাস, জমি ও সেখানে বেড়ে ওঠা সবকিছু ধ্বংস করতেই পরিকল্পিতভাবে সাদা ফসফরাস ব্যবহার করা হয়েছে।’
পানির সংকট বাড়াচ্ছে দুর্ভোগ
কৃষিজমি ও বনভূমির ক্ষতির পাশাপাশি জরুরি অবকাঠামো ধ্বংস হওয়ায় সংকট আরও জটিল হয়েছে। গত আগস্টে প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের সাত লাখের বেশি মানুষ নিরাপদ পানীয় জলের সরবরাহে সীমাবদ্ধতার মুখে পড়েছেন। পানি ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে লেবাননের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় অভিযোগ করে, ইসরায়েলের হালকা উড়োজাহাজ থেকে দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় গ্লাইফোসেট নামের আগাছানাশক ছিটানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষাগারে সংগৃহীত কিছু নমুনায় এই রাসায়নিকের উপস্থিতি স্বাভাবিক ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট মাত্রার ২০ থেকে ৩০ গুণ পর্যন্ত পাওয়া গেছে।
ঘিওয়া নাকাত বলেন, ‘এর ফলে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে, অনেক জায়গায় উদ্ভিদ পুড়ে গেছে। মাটির উর্বরতাও নষ্ট হচ্ছে। পানি ও খাদ্যশৃঙ্খলের ওপরও এর সম্ভাব্য ঝুঁকি রয়েছে।’
কৃষিজমি, গাছপালা ও প্রয়োজনীয় অবকাঠামো একসঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ায় যুদ্ধ থেমে গেলেও স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে পড়তে পারে। ঘরবাড়ি মেরামত করলেই সব সমস্যার সমাধান হবে না। দূষিত মাটি, পানির সংকট এবং কৃষি উৎপাদনব্যবস্থা পুনরুদ্ধারে দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে।
পশ্চিম তীরে জলপাইগাছ উপড়ে ফেলার অভিযোগ
অধিকৃত পশ্চিম তীরে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের ধরন কিছুটা আলাদা। সেখানে ফিলিস্তিনি কৃষকেরা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, নিজেদের জমিতে প্রবেশে বাধা এবং জলপাইগাছ উপড়ে ফেলার ঘটনার মুখোমুখি হচ্ছেন।
জাতিসংঘের হিসাবে, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত জলপাই সংগ্রহ মৌসুমকে কেন্দ্র করে বসতি স্থাপনকারীদের ২৭২টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর বক্তব্য, সড়ক ও আশপাশের জনবসতিতে হামলাকারীরা যাতে গাছপালার আড়াল ব্যবহার করতে না পারে, সে জন্য কিছু গাছ সরানো প্রয়োজন। তবে ব্যক্তিমালিকানাধীন জলপাইবাগান ধ্বংসের পক্ষে এই যুক্তি যথেষ্ট নয় বলে মনে করেন ফিলিস্তিনি বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলো।
পশ্চিম তীরের সাংবাদিক হুসেইন হুরেইনি বলেন, চলতি বছরের জলপাই সংগ্রহ মৌসুম ছিল বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।
তাঁর ভাষায়, ‘ফিলিস্তিনি কৃষকেরা জমিতে গেলেই বসতি স্থাপনকারীরা এসে পাথর ছোড়ে, গুলি করে। ইসরায়েলি সেনারাও সেখানে আসে। তারা বসতি স্থাপনকারীদের আড়াল করে, তাদের নিরাপত্তা দেয় এবং কৃষকদের জমি থেকে বের করে দেয়। ফলে কেউ জলপাই সংগ্রহ করতে পারে না।’
হুরেইনির অভিযোগ, মাসাফের ইয়াত্তা এবং রামাল্লার উত্তর ও পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে বসতি স্থাপনকারীরা গাছ কেটে ফেলেছে। রয়টার্সও পৃথক প্রতিবেদনে রামাল্লার কাছের একটি গ্রামে ইসরায়েলি সামরিক বুলডোজার দিয়ে সারি সারি জলপাইগাছ উপড়ে ফেলার খবর জানিয়েছে।
ফিলিস্তিনিদের কাছে জলপাইগাছের অর্থনৈতিক গুরুত্ব বোঝাতে হুরেইনি বলেন, ‘আমরা এখানে জলপাইগাছকে সবুজ পেট্রল বলি।’
তিনি এমন এক কৃষকের কথা তুলে ধরেন, যিনি আগে নিজের জমি থেকে প্রায় ৪০০ বোতল জলপাই তেল উৎপাদন করতেন। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবরের পর সহিংসতা বেড়ে যাওয়ায় তিনি আর নিজের জমিতে যেতে পারছেন না।
হুরেইনির বিশ্বাস, বসতি স্থাপনকারীদের হামলা এবং জমিতে প্রবেশে বাধা দেওয়ার উদ্দেশ্য ফিলিস্তিনিদের নিজেদের গ্রাম ছেড়ে যেতে বাধ্য করা।
ঘিওয়া নাকাতও পরিবেশ ধ্বংসের বৃহত্তর পরিণতি নিয়ে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আমি সত্যিই মনে করি, মানুষকে তাদের অঞ্চল থেকে উপড়ে ফেলা এবং বাস্তুচ্যুত করার একটি পরিকল্পিত ব্যবস্থার অংশ হিসেবেই এসব করা হচ্ছে।’
তাঁর আশঙ্কা, যুদ্ধ শেষ হলেও জীবিকা ও পরিবেশের প্রয়োজনীয় উপাদানগুলো হারিয়ে যাওয়ায় বাস্তুচ্যুত পরিবারগুলোর পক্ষে নিজেদের এলাকায় ফিরে নতুন করে জীবন শুরু করা কঠিন হবে।
বাড়ি ফিরেও নিরাপত্তাহীনতায় লেবাননের পরিবারগুলো
দক্ষিণ লেবাননে ফিরে আসা পরিবারগুলোর মধ্যেও অনিশ্চয়তা কাটেনি। ইব্রাহিম নাবাতিয়েহতে ফিরতে পারলেও তাঁর অনেক আত্মীয় এখনো বাস্তুচ্যুত।
তিনি বলেন, ‘এলাকাগুলো দখল করা হয়নি বলেই যে সেখানে নিরাপত্তা আছে, তা নয়। নিজের বাড়িতেও কখনো পুরোপুরি নিরাপদ বোধ করতে পারছেন না।’
যুদ্ধকালীন দূষণের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বিগ্ন ইব্রাহিম। বিশেষ করে তাঁর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। তবে এসব দূষণের কারণে ভবিষ্যতে ঠিক কী ধরনের স্বাস্থ্যগত প্রভাব দেখা দিতে পারে, তা এখনো নিশ্চিত নয়।
তিনি বলেন, ‘আমরা আগেও যুদ্ধের পরিণতি দেখেছি। আমার ভয়, ইতিহাস আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে।’
আলীর আশঙ্কা, গাজায় যে ধরনের ধ্বংসযজ্ঞ দেখা গেছে, একসময় দক্ষিণ লেবাননেও তার পুনরাবৃত্তি হতে পারে। নিজের বাড়ি ও আশপাশের পরিবেশ ধ্বংস হয়ে যাওয়ার পরও অবশ্য তিনি এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছেন না।
আলী বলেন, ‘যুদ্ধ আমাদের জীবন বদলে দিয়েছে। কিন্তু আমাদের ভূমির প্রতি ভালোবাসা কিংবা সেখানে ফিরে যাওয়ার সংকল্প কেড়ে নিতে পারেনি।’
সূত্র: আরব নিউজ




