Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৮ ১৪৩৩, সোমবার ২৩ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষে ১৮ দিনে পোশাকশিল্পের ক্ষতি ৫১৩৩ কোটি টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ০৭:২১, ২৩ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

শ্রমিক অসন্তোষে ১৮ দিনে পোশাকশিল্পের ক্ষতি ৫১৩৩ কোটি টাকা

ছবি সংগৃহীত

শ্রমিক অসন্তোষের জেরে দেশের রপ্তানিমুখী পোশাকশিল্পে বড় ধরনের আর্থিক বিপর্যয় নেমে এসেছে। মাত্র ১৮ দিনে ৩১৭টি কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৩ কোটি ৭৬ লাখ টাকা। সংকটের সুযোগে বিদেশি ক্রেতারা ৫৯ মিলিয়ন পিস পোশাকের ক্রয়াদেশও অন্য দেশে সরিয়ে নিয়েছেন।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই চিত্র। রোববার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই ক্ষয়ক্ষতি হয়েছে।

জরিপ অনুযায়ী, উৎপাদন বন্ধ ও ব্যাহত থাকায় কারখানাগুলোর আর্থিক ক্ষতি হয়েছে ৪২ কোটি ৮ লাখ ডলার। এফওবি (ফ্রেইট অন বোর্ড) মূল্য বিবেচনায় এই হিসাব করা হয়েছে। জরিপে অংশ নেওয়া প্রতিটি কারখানায় উৎপাদন কার্যক্রম এক থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ ছিল।

উৎপাদনের ধাক্কা এখন শুধু কারখানার ভেতরেই সীমাবদ্ধ নেই। নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সময়মতো চালান পাঠাতে অনেক রপ্তানিকারককে ব্যয়বহুল আকাশপথে পণ্য পরিবহনের আশ্রয় নিতে হচ্ছে। কোথাও মূল্যছাড় দিতে হচ্ছে, কোথাও আবার ক্রয়াদেশ বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে।

সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ায়। বিজিএমইএর জরিপে পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের নিশ্চিত অর্ডার বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এসব ক্রয়াদেশের বাজারমূল্য ২৫ কোটি ৪ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৫৪ কোটি ৮৮ লাখ টাকা।

সংগঠনটির আশঙ্কা, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা হিসাবের চেয়েও অনেক বেশি। তাদের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। অথচ জরুরি এই সমীক্ষায় এখন পর্যন্ত তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি প্রতিষ্ঠান। ফলে সামগ্রিক আর্থিক বিপর্যয়ের পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও তথ্য সংগ্রহ প্রয়োজন।

জরিপের হিসাব ১৮ নভেম্বর পর্যন্ত হলেও শিল্পাঞ্চলে অস্থিরতা থামেনি। নতুন করে উৎপাদন ব্যাহত হলে ক্ষতির অঙ্ক আরও বাড়তে পারে। একই সঙ্গে রপ্তানি প্রতিশ্রুতি পূরণ, পণ্য সরবরাহ এবং কারখানাগুলোর আর্থিক সক্ষমতা নিয়ে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

শিল্পসংশ্লিষ্টদের মতে, বিদেশি ক্রেতারা একবার বিকল্প উৎপাদনকারী দেশে অর্ডার সরিয়ে নিলে তা ফিরিয়ে আনা সহজ নয়। দীর্ঘস্থায়ী অস্থিরতা বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক অবস্থান এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থাকে দুর্বল করে দিতে পারে।

বিজিএমইএর মূল্যায়নে, এই সংকটের প্রভাব কেবল তাৎক্ষণিক আর্থিক লোকসানে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে পরিচিতি এবং ভবিষ্যৎ ব্যবসার সম্ভাবনাও ঝুঁকির মুখে পড়ছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, দ্রুত অস্থিরতা নিরসন, কারখানার উৎপাদন সচল রাখা এবং বিদেশি ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনা জরুরি।

কারণ, তৈরি পোশাকশিল্প শুধু দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস নয়; এই খাতের সঙ্গে জড়িয়ে রয়েছে লাখ লাখ শ্রমিকের জীবিকা। এখানে দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে তার অভিঘাত কারখানার সীমানা পেরিয়ে কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে।

Walton
Walton