Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩, সোমবার ২৩ নভেম্বর ২০২৬

কতটা বাড়ল সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন?

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১১, ২৩ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

কতটা বাড়ল সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন?

ছবি: সংগৃহীত

জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে তা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। নতুন কাঠামোয় এ বেতন পর্যায়ক্রমে বেড়ে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত উন্নীত হবে। অন্যদিকে, বাহিনীপ্রধানদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা।

জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর গত ১৫ নভেম্বর ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)’ জারি করা হয়। প্রকাশিত গেজেট পর্যালোচনায় দেখা যায়, সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা হয়েছে। এতে বেতন বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। বিপরীতে বাহিনীপ্রধানদের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ১ লাখ ৭২ হাজার টাকা হয়েছে। এর আগে ১০ বছর পূর্বে জারি করা জেএসআই ০১/২০১৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হতো। এবারও মূলত একই পদ্ধতি অনুসরণ করে নতুন বেতন-ভাতা কাঠামো নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাহিনীপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুলনায় সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির হার বেশি হওয়া সত্ত্বেও একটি মহল বেতনবৈষম্যের বিষয়টি সামনে এনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ‘অফিসার বনাম সৈনিক’ বৈষম্যের অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। অথচ নতুন নির্দেশনায় আগের বেতন কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, জনপ্রশাসনসহ দেশের বিভিন্ন খাতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তাদের বেতনের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। সেই কাঠামোগত বাস্তবতা বিবেচনায় রেখেই বিভিন্ন সময়ে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।

যৌথ বাহিনী নির্দেশাবলি অনুযায়ী, নতুন কাঠামোয় ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৮ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ২২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ৫০০ টাকা হয়েছে, যা ১০২ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি। এ ছাড়া অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের ৮৫ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথম ধাপে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন ৪০ শতাংশ বাস্তবায়ন করা হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে বাস্তবায়ন করা হয়েছে ৫০ শতাংশ। তবে সশস্ত্র বাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন ভাতা বৃদ্ধির হার নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। সংশ্লিষ্টদের দাবি, সন্তোষজনক হারে ভাতা বাড়ানো হয়েছে। পাশাপাশি চারটি নতুন ভাতা সংযোজন করা হয়েছে, যা সদস্যদের আর্থিক সুবিধা বাড়াবে।

অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বয়সভেদে চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি এ বিষয়ে অভিন্ন বিভাজন পদ্ধতির সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

Walton
Walton