ছবি সংগৃহীত
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের দলের মধ্যে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। রোববার (২২ নভেম্বর) চার ঘণ্টার বৈঠকেও সম্ভাব্য জোট সরকার গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।
তেল আবিবের কাছাকাছি হার্জলিয়ার একটি হোটেলে আইজেনকোটের ইয়াশার পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রতিনিধিরা বৈঠকে বসেন। গত রোববার প্রথম দফার আলোচনার পর এটি ছিল দুই দলের দ্বিতীয় বৈঠক।
বৈঠক শেষে যৌথ বিবৃতিতে দল দুটি জানায়, ‘জোট গঠন নিয়ে সর্বশেষ আলোচনা শেষ হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।’
পরে আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হলেও পরবর্তী আলোচনার দিনক্ষণ জানানো হয়নি।
সাবেক সেনাপ্রধান আইজেনকোটের হাতে সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানোর সুযোগও রয়েছে। গত অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আইজেনকোটের নেতৃত্বাধীন জোটে আসন রয়েছে ৪৮টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এখন তাঁকে কয়েকটি বিকল্পের মধ্যে সিদ্ধান্ত নিতে হচ্ছে। অতি-ধর্মীয় ইহুদি দলগুলোর সঙ্গে জোট, আরব দলগুলোর সঙ্গে সমঝোতা কিংবা নেতানিয়াহুর লিকুদ পার্টিকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার-সব পথই আলোচনায় রয়েছে।
জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু
নেতানিয়াহু দুই দলের অংশগ্রহণে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে। এ ধরনের ব্যবস্থায় প্রধানমন্ত্রী পদ দুই নেতার মধ্যে পালাক্রমে ভাগ করে দেওয়ার প্রস্তাবও রয়েছে। ইসরায়েলের রাজনীতিতে অতীতেও এমন ব্যবস্থা চালু হয়েছিল।
তবে এই সমঝোতা নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে বিশেষ সুবিধা বয়ে আনতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসংক্রান্ত মামলাগুলো এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে স্বাধীন কমিশন গঠনের প্রশ্নে তাঁর অবস্থান-দুটিই এতে নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যে পড়তে পারে।
তবে আইজেনকোট প্রকাশ্যেই নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। নির্বাচনী প্রচারণায়ও নেতানিয়াহুর বিরোধিতাকে তিনি অন্যতম প্রধান অবস্থান হিসেবে তুলে ধরেছিলেন।
আইজেনকোটের রাজনৈতিক মিত্র ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও শনিবার নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই নেতানিয়াহু বা তাঁর জোটের সঙ্গে সরকার গঠনে যাব না।’
জোটে আরব দল থাকবে কি না, বড় প্রশ্ন
শনিবার ইয়াশার পার্টি নতুন করে আলোচনা শুরুর বিষয়টিকে ‘যতটা সম্ভব বিস্তৃত সরকার গঠনের আন্তরিক উদ্যোগ’ হিসেবে তুলে ধরে। দলটির ভাষ্য অনুযায়ী, সব সম্ভাব্য পথ খতিয়ে দেখতে প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন আইজেনকোট।
কিন্তু আলোচনার শুরুতেই জাতীয় ঐক্যের সরকারে অংশগ্রহণের জন্য কয়েকটি শর্ত দিয়েছে লিকুদ পার্টি।
দলটির অন্যতম দাবি, নেতানিয়াহু ও তাঁর সরকারের বিরুদ্ধে সব ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং ঘৃণা উসকে দেওয়ার বক্তব্য বন্ধ করতে হবে।
লিকুদ আরও বলেছে, ‘ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বে বিশ্বাসী’ সব দলকে একত্র করতে হবে। তবে এই জোটে আরব দলগুলোকে রাখা যাবে না।
ইসরায়েলের পার্লামেন্টে আরব দলগুলো এবার রেকর্ড ১৯টি আসন পেয়েছে। নেতানিয়াহুর ক্ষমতায় থাকার বিরোধিতা করে আসছে এসব দল। তাদের বাদ দিয়ে সরকার গঠনের শর্ত আইজেনকোটের জন্য নতুন রাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে।
ফিলিস্তিন রাষ্ট্র ও সামরিক নিয়ন্ত্রণ নিয়েও মতবিরোধ
জাতীয় ঐক্যের সরকার গঠনে কয়েকটি বড় নীতিগত বিষয়ে সমঝোতা চায় লিকুদ পার্টি।
এর মধ্যে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা এবং সিরিয়া, লেবানন ও গাজা উপত্যকার বিভিন্ন ভূখণ্ডে ইসরায়েলি নিয়ন্ত্রণ বজায় রাখা।
অতি-ধর্মীয় ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টিও আলোচনার অন্যতম জটিল ইস্যু। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘদিন ধরে এ নিয়ে বিতর্ক চলছে।
শুক্রবার আইজেনকোট সতর্ক করে বলেছেন, সরকার গঠন নিয়ে আলোচনা অনির্দিষ্টকাল চলতে দেওয়া হবে না। প্রয়োজনে তিনি পার্লামেন্টে ‘জরুরি জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব উত্থাপন করবেন।
কীভাবে এই সরকার গঠন করা হবে, তা বিস্তারিত ব্যাখ্যা করেননি তিনি। তবে তাঁর বক্তব্য থেকে ধারণা পাওয়া যাচ্ছে, প্রথমে প্রধান বিরোধী দলগুলোকে নিয়ে দ্রুত একটি সংখ্যালঘু সরকার গঠন এবং পরে অন্য দলগুলোকে যুক্ত করে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা থাকতে পারে।
আইজেনকোটের নেতৃত্বে সংখ্যালঘু সরকার গঠিত হলে পার্লামেন্টের ১৯ জন আরব দলীয় সদস্যের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তাঁর ডানপন্থী মিত্র আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সঙ্গে কাজ করতে রাজি নন। তিনি বরং অতি-ধর্মীয় ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনের পক্ষে।
এ অবস্থায় সরকার গঠনের জন্য আইজেনকোটকে একদিকে রাজনৈতিক আদর্শ, অন্যদিকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বাস্তব হিসাব-দুইয়ের মধ্যে সমন্বয় করতে হচ্ছে। ৬ ডিসেম্বরের সময়সীমার আগে তিনি কোন পথে এগোন, সেটিই এখন ইসরায়েলের রাজনীতির বড় প্রশ্ন।
সূত্র: এএফপি




