ছবি সংগৃহীত
রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আহ্বানে সাড়া দিয়ে আজ সোমবার (২৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম দিনই বৈঠকে বসার কথা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে।
আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।
সম্প্রতি সংসদে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে কঠোর হুঁশিয়ারি দেন তারেক রহমান। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সংসদ অধিবেশনের শেষ দিন বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরপর ১১ দলীয় জোটের শরিক দলগুলোও নিজেদের মধ্যে আলোচনায় বসে। এসব বৈঠকের ধারাবাহিকতায় এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের সংকটময় পরিস্থিতিতে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানানোয় তাঁর দল তাতে সাড়া দিয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলকেও আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানা গেছে।
এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তাঁর দেশে ফেরার পর দলটির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে ২৭ অথবা ২৮ নভেম্বর।
জাতীয় ঐক্যের আহ্বানকে সামনে রেখে শুরু হতে যাওয়া এই সংলাপে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও সংকট মোকাবিলায় সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।




