Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৮ ১৪৩৩, সোমবার ২৩ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় এখনও শ্রমিক আন্দোলনের রেশ: ছুটি ২১ কারখানা

প্রকাশিত: ১৬:২৩, ২৩ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

আশুলিয়ায় এখনও শ্রমিক আন্দোলনের রেশ: ছুটি ২১ কারখানা

আশুলিয়ায় এখনও শ্রমিক আন্দোলনের রেশ: ছুটি ২১ কারখানা

ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে এখনও রেশ রয়েছে পোশাক শ্রমিক আন্দোলনের। সেই ধারাবাহিকতায় ২১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে নির্ধারিত সময়ে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও বেশ কয়েকটি কারখানায় কাজ না করে কর্মবিরতি পালন করেন তারা। পরে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, এদিকে সকাল সোয়া ৯টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় একদল বিক্ষোভকারী সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা একটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আশপাশের কয়েকটি কারখানায়ও ইটপাটকেল ছোড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আশুলিয়ার বিভিন্ন স্থানে ২১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া চলমান আন্দোলনের মধ্যে বিভিন্ন কারণে শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া, নেক্সট কালেকশনসহ ২২টি কারখানা বন্ধ রয়েছে। দুটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করেন। তবে কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ না করে বসে থাকলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে আশপাশের আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এজ গ্রুপের কারখানার উচ্ছৃঙ্খল শ্রমিকরা প্রথমে শিক্ষার্থীদের পরিবহন করা একটি বাসে হামলা করেন। পরে পাশের কারখানায় হামলা চালালে তাদের সরে যেতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি সাউন্ড গ্রেনেড ও একটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

তিনি বলেন, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলসহ বিভিন্ন বস্তুর আঘাতে তিনজন শ্রমিক আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা ভালো।
 

Walton
Walton