যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিউইয়র্কের বহুল আলোচিত ‘হাশ মানি’ মামলাটি ফেডারেল আদালতে স্থানান্তরের আবেদন নতুন করে বিবেচনার সুযোগ তৈরি হয়েছে। দেশটির একটি ফেডারেল আপিল আদালত নিম্ন আদালতের আগের সিদ্ধান্ত বাতিল করে মামলাটি ফেডারেল এখতিয়ারে নেওয়া যায় কি না, তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সার্কিট কোর্ট অব আপিলসের তিন বিচারকের একটি প্যানেল এ আদেশ দেন। এর ফলে ট্রাম্পের আইনজীবীরা মামলাটিকে নিউইয়র্কের অঙ্গরাজ্য আদালত থেকে ফেডারেল আদালতে নেওয়ার প্রচেষ্টা আবার এগিয়ে নিতে পারবেন।
এর আগে জেলা আদালতের বিচারক অ্যালভিন হেলারস্টেইন তৃতীয়বারের মতো ট্রাম্পের আবেদন নাকচ করেছিলেন। তবে দুই পৃষ্ঠার লিখিত আদেশে আপিল আদালত বলেন, দণ্ড ঘোষণার পর কোনো অঙ্গরাজ্যের ফৌজদারি মামলাকে ফেডারেল আদালতে স্থানান্তর করা যাবে না-এমন সিদ্ধান্ত দিয়ে বিচারক হেলারস্টেইন আইনি ভুল করেছিলেন।
এখন ম্যানহাটনের একটি ফেডারেল আদালতকে বিবেচনা করতে হবে, মামলাটির বিচারিক কার্যক্রম ফেডারেল আদালতের এখতিয়ারে নেওয়া সম্ভব কি না।
ট্রাম্পের আইনজীবীদের একজন মুখপাত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া লিখিত বক্তব্যে বলেন, আপিল আদালতের দ্রুত ও সঠিক সিদ্ধান্তকে প্রেসিডেন্ট স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, বিচারব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে ডেমোক্র্যাটরা যে প্রচেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে ট্রাম্প ধারাবাহিকভাবে জয়ী হচ্ছেন।
তবে আপিল আদালতের এই সিদ্ধান্তে ট্রাম্পের আগের দণ্ড বাতিল হয়নি। বরং মামলাটি ফেডারেল আদালতে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে মাত্র।
কী অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্নো চলচ্চিত্রের অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মামলাটির সূত্রপাত।
ড্যানিয়েলসের দাবি ছিল, বিবাহিত অবস্থায় ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক হয়েছিল। তবে ট্রাম্প বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছেন। নির্বাচনী প্রচারের উত্তপ্ত সময়ে ড্যানিয়েলস যাতে এ বিষয়ে প্রকাশ্যে মুখ না খোলেন, সে জন্যই তাঁকে অর্থ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন কৌঁসুলিরা।
ট্রাম্প শেষ পর্যন্ত ২০১৬ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন।
তাঁর সাবেক আইনজীবী ও ঘনিষ্ঠ সহযোগী মাইকেল কোহেনের মাধ্যমে ড্যানিয়েলসকে ওই অর্থ দেওয়া হয়েছিল। কৌঁসুলিদের অভিযোগ, কোহেনকে দেওয়া অর্থ ফেরত দেওয়ার সময় ট্রাম্প নিজের ব্যবসায়িক নথিতে সেগুলোকে আইনি সেবার খরচ হিসেবে দেখান। এতে নির্বাচনের আগে অর্থ লেনদেনের প্রকৃত উদ্দেশ্য আড়াল করা হয়েছিল।
ব্যবসায়িক নথিতে মিথ্যা তথ্য দেওয়া সাধারণত অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হলেও অন্য কোনো অপরাধ সংঘটনের উদ্দেশ্যে তা করা হলে অভিযোগটি গুরুতর ফৌজদারি অপরাধে রূপ নিতে পারে। ট্রাম্পের ক্ষেত্রে কৌঁসুলিদের অভিযোগ ছিল, এই কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নিউইয়র্কের নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন।
২০২৪ সালের মে মাসে নিউইয়র্কের একটি জুরি বোর্ড তাঁকে ব্যবসায়িক নথিতে জালিয়াতির ৩৪টি গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত করেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক বা বর্তমান প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে দণ্ডিত হন ট্রাম্প।
২০২৫ সালের জানুয়ারিতে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুদিন আগে তাঁর সাজা ঘোষণা করা হয়। আদালত তাঁকে নিঃশর্ত অব্যাহতি দেন। অর্থাৎ কারাদণ্ড কিংবা আর্থিক জরিমানা কোনোটিই দেওয়া হয়নি। তবে দোষী সাব্যস্ত হওয়ার রায় এখনো বহাল রয়েছে।
কেন ফেডারেল আদালতে নিতে চান ট্রাম্প
নিজের বিরুদ্ধে দেওয়া দণ্ডাদেশ বাতিলের চেষ্টা ট্রাম্প দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছেন। সোমবারের আপিল আদালতের আদেশ সেই প্রচেষ্টায় নতুন সুযোগ তৈরি করেছে।
ট্রাম্পের আইনজীবীরা ফেডারেল আদালতে যুক্তি দিতে পারেন, নিউইয়র্কের কৌঁসুলিরা যেসব তথ্যপ্রমাণ ব্যবহার করে তাঁকে দোষী সাব্যস্ত করিয়েছেন, সেগুলোর কিছু প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। ফলে প্রেসিডেন্টের সাংবিধানিক দায়মুক্তির আওতায় সেসব তথ্যপ্রমাণ ব্যবহার করা যায় কি না, তা নতুন করে বিবেচনা করা প্রয়োজন।
এ ক্ষেত্রে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দেওয়া একটি ঐতিহাসিক রায়ের ওপর নির্ভর করতে পারে ট্রাম্পের আইনি দল।
ওই রায়ে সুপ্রিম কোর্টের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে নেওয়া ‘সরকারি কর্মকাণ্ডের’ ক্ষেত্রে একজন প্রেসিডেন্ট প্রাথমিকভাবে দায়মুক্তি পেতে পারেন।
তবে কোন কর্মকাণ্ডকে ‘সরকারি কাজ’ হিসেবে বিবেচনা করা হবে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। এর আগে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার আওতায় নেওয়া পদক্ষেপের ক্ষেত্রেই দায়মুক্তির বিষয়টি স্বীকৃতি দিয়েছিল।
ট্রাম্পের আইনজীবীদের যুক্তি, মামলার বিচার চলাকালে ব্যবহৃত কিছু তথ্যপ্রমাণ প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় সেগুলো দায়মুক্তির আওতায় পড়তে পারে।
আগের আইনি বাধা কাটলেও চূড়ান্ত সিদ্ধান্ত বাকি
সোমবারের আদেশের আগে ট্রাম্পের আইনি দল একাধিকবার বাধার মুখে পড়ে। গত আগস্টে বিচারক অ্যালভিন হেলারস্টেইন তৃতীয়বারের মতো মামলাটি ফেডারেল আদালতে স্থানান্তরের আবেদন খারিজ করেন। তাঁর মতে, অঙ্গরাজ্যের আদালত থেকে মামলাটি সরিয়ে নেওয়ার পক্ষে ট্রাম্পের যুক্তি যথেষ্ট ছিল না।
ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের জ্যেষ্ঠ ফেডারেল বিচারক হেলারস্টেইন গত মাসে ৯২ বছর বয়সে মারা যান।
আপিল আদালতের নতুন সিদ্ধান্তের কারণে নিউইয়র্কের আপিল বিভাগে ট্রাম্পের চলমান অঙ্গরাজ্য পর্যায়ের আপিলও আপাতত বাধাগ্রস্ত হচ্ছে। চলতি মাসের শুরুতে ওই আদালত তাঁর আপিলের বিষয়ে যুক্তিতর্ক শুনেছেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।
এদিকে মামলাটি সত্যিই নিউইয়র্কের অঙ্গরাজ্য আদালত থেকে ফেডারেল আদালতে স্থানান্তর করা হবে কি না, সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দিতে একজন ফেডারেল বিচারককে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।
সূত্র: আলজাজিরা




