Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৯ ১৪৩৩, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বৈঠক হয়েছিল কুমের যে ভবনে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:১০, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ০৭:১৮, ২৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বৈঠক হয়েছিল কুমের যে ভবনে

২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর সভার একটি স্ক্রিনগ্র্যাব, যেখানে মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছিল। ছবি সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের গোপন বৈঠকটি কোথায় হয়েছিল, এত দিন তা প্রকাশ করেনি দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে আট মাস পর প্রকাশিত একটি ভিডিওর কয়েকটি দৃশ্য বিশ্লেষণ করে বৈঠকের স্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। ভিডিওতে দেখা যায়, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে উত্তরসূরি নির্বাচনের ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। বৈঠকটি হয়েছিল ইরানের কোম শহরের ইসলামিক রেভল্যুশন অ্যান্ড হলি ডিফেন্স জাদুঘরের ইসার সম্মেলনকক্ষে।

ইরানের সংবিধানের ১০৭ অনুচ্ছেদ অনুযায়ী, দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস)। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর নতুন নেতা নির্বাচনের জন্য পরিষদটি বৈঠকে বসে।

পরিষদের দুই সদস্যের বক্তব্য অনুযায়ী, বৈঠকটি অনুষ্ঠিত হয় ৮ মার্চ। এর কয়েক ঘণ্টা পর, তেহরানের স্থানীয় সময় ৯ মার্চ মধ্যরাত পেরিয়ে মোজতবা খামেনিকে উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়।

গত ২২ নভেম্বর, অর্থাৎ উত্তরসূরি নির্বাচনের আট মাসেরও বেশি সময় পর ৫৩ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। সেখানে পরিচয় প্রকাশ না করা এক ব্যক্তিকে বলতে শোনা যায়, মোজতবা খামেনি দুই-তৃতীয়াংশের বেশি ভোট পেয়েছেন। ঘোষণার পর উপস্থিত পরিষদ সদস্যরা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেন।

তবে ভিডিওতে মোজতবা খামেনিকে দেখা যায়নি। দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর কোনো ছবি, ভিডিও কিংবা অডিও রেকর্ডিংও স্বাধীনভাবে যাচাই করে প্রকাশ করা সম্ভব হয়নি। তাঁর নামে বিভিন্ন নির্দেশনা প্রকাশ্যে এসেছে তারিখবিহীন বিবৃতি এবং কর্মকর্তাদের মাধ্যমে। জনসমক্ষে তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে-তিনি আদৌ জীবিত আছেন কি না এবং ইরানের ক্ষমতাধর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তুলনায় তাঁর প্রকৃত কর্তৃত্ব কতটুকু।

বৈঠকের ভিডিওতে পরিষদ সদস্যদের প্রতিক্রিয়া ও নিরাপত্তা পরিস্থিতির কিছু বিবরণও উঠে এসেছে। সাক্ষাৎকারে কয়েকজন সদস্য হত্যার আশঙ্কা এবং তাঁদের বৈঠকস্থলে পৌঁছে দেওয়ার নিরাপত্তাব্যবস্থা নিয়ে কথা বলেছেন।

পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোহসেন কোমি বৈঠকটি আয়োজনের সুযোগ করে দেওয়ার কৃতিত্ব দিয়েছেন বিপ্লবী গার্ড বাহিনীকে।

ইনস্টাগ্রামে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর সঙ্গে দেওয়া ক্যাপশনে একে মোজতবা খামেনির নাম ঘোষণার প্রথম ভিডিও বলে দাবি করা হয়। পর্দায় প্রদর্শিত ব্যানারেও একই কথা লেখা ছিল। তবে কোথায় এবং কোন তারিখে বৈঠকটি হয়েছিল, সে বিষয়ে ভিডিও বা ক্যাপশনে কোনো তথ্য দেওয়া হয়নি।

এর আগে ৫ মার্চ ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছিল, ওই দিন বিশেষজ্ঞ পরিষদের যে বৈঠক হওয়ার কথা ছিল, সেটি মূলত অনলাইনে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। অন্তত আটজন সদস্যের অনুপস্থিত থাকার কথাও জানিয়েছিল সংবাদমাধ্যমটি। কিন্তু প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘোষণার সময় পরিষদ সদস্যরা একই কক্ষে সশরীরে উপস্থিত ছিলেন।

যেভাবে বৈঠকের স্থান শনাক্ত করা হলো
বৈঠকের কক্ষের সামনের দিকে বড় পর্দার নিচে বালুর বস্তার নকশায় তৈরি একটি দেয়াল দেখা যায়। এর সামনে ছিল তিনটি সমান্তরাল খাঁজযুক্ত কাঠের একটি ডেস্ক।

ছয় মাস পর কোম প্রদেশের প্রশাসনিক পরিষদের এক বৈঠকের ছবিতেও একই দেয়াল ও ডেস্ক দেখা যায়। দুটি ছবির এই মিল থেকেই বৈঠকস্থল শনাক্ত করার সূত্র পান প্রতিবেদক।

গত ২২ সেপ্টেম্বর ডেফা প্রেস ছবিগুলো প্রকাশ করে। আলোকচিত্রী জেইনাব জামানির তোলা ছবিতে আগের সন্ধ্যায় অনুষ্ঠিত কোম প্রাদেশিক প্রশাসনিক পরিষদের পঞ্চম অধিবেশনে সভাপতিত্ব করতে দেখা যায় প্রদেশটির গভর্নরকে। ছবির ক্যাপশনে বৈঠকস্থল হিসেবে উল্লেখ করা হয় কোমের কালচারাল সেন্টার অ্যান্ড মিউজিয়াম অব দ্য ইসলামিক রেভল্যুশন অ্যান্ড হলি ডিফেন্সের ইসার সম্মেলনকক্ষ।

আসনবিন্যাসেও মিল পাওয়া গেছে। দুই সেট ছবিতেই ডান পাশের চলাচলের পথের পাশে একই ধরনের পাঁচটি চেয়ার, মাঝখানের সারিতে সামনের দিকের স্বতন্ত্র আসন এবং ওই সারির সামনে একটি ছোট বহনযোগ্য টেবিল দেখা যায়। এসব বৈশিষ্ট্য বৈঠকস্থল শনাক্ত করার দাবিকে আরও জোরালো করেছে।

সদস্যদের বক্তব্যে বৈঠকের তারিখের সূত্র
বৈঠকের পেছনে থাকা বড় পর্দায় লেখা ছিল, ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টসের বিশেষ অধিবেশন, এসফান্দ ১৪০৪’। ইরানি বর্ষপঞ্জি অনুযায়ী, এসফান্দ মাসটি ২০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত বিস্তৃত ছিল।

আলী খামেনির মৃত্যুর পর এবং তাঁর উত্তরসূরির নাম ঘোষণার আগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মেহের নিউজ এজেন্সি ৯ মার্চ তেহরানের স্থানীয় সময় রাত ৩টা ১৭ মিনিটে উত্তরসূরি নির্বাচনের খবর প্রকাশ করে। তখন আন্তর্জাতিক মান সময় (জিএমটি) অনুযায়ী তারিখ ছিল ৮ মার্চ।

৯ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে মেহের নিউজ বিশেষজ্ঞ পরিষদের সদস্য আহমদ খাতামির বক্তব্য উদ্ধৃত করে জানায়, আগের সন্ধ্যায় কোম শহরে সশরীরে বৈঠকে বসেছিলেন ধর্মীয় নেতারা। ওই সন্ধ্যা ছিল পবিত্র রমজানের প্রথম কদরের রাত।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে মোহসেন কোমিও বৈঠকের তারিখ ৮ মার্চ বলে উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পরিষদের ৮৪ সদস্যের মধ্যে ৫৯ জন উপস্থিত ছিলেন। ভোটের ফলও সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয়। মোজতবা খামেনি পেয়েছিলেন আনুমানিক ৭৫ শতাংশ ভোট।

পরিষদের আরেক সদস্য ও নাজাফাবাদের জুমার নামাজের খতিব মোস্তফা হাসানাতি ভোট গ্রহণের আগের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন। ২৩ নভেম্বর এনতেখাব প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, শুরুতে সদস্যদের কাছ থেকে আলাদাভাবে সিল করা খামে ভোট নেওয়া হয়েছিল।

কিন্তু এভাবে ভোট গ্রহণের পদ্ধতি নিয়ে পরে প্রশ্ন উঠতে পারে-এমন আশঙ্কা করেন কয়েকজন সদস্য। তাই তাঁরা সরাসরি বৈঠকে বসার সিদ্ধান্ত নেন। তাঁদের বক্তব্য ছিল, ‘টুকরো টুকরো হয়ে গেলেও আমরা সশরীরে বৈঠক করতে চাই।’

হাসানাতির দাবি, কদরের রাতে সদস্যদের একত্র করতে তিন থেকে চার দিন সময় লেগেছিল। সম্ভাব্য তিনটি রাতের মধ্যে ৮ মার্চই ছিল উত্তরসূরির নাম ঘোষণার আগের একমাত্র রাত। বাকি দুটি ছিল ১০ ও ১২ মার্চ।

উপস্থিতির সংখ্যা নিয়েও কোমি ও হাসানাতির বক্তব্যে মিল রয়েছে। দুজনই বলেছেন, বৈঠকে ৫৯ জন সদস্য অংশ নিয়েছিলেন। হাসানাতির হিসাবে, তাঁদের মধ্যে ৪৯ জন মোজতবা খামেনির পক্ষে ভোট দেন। অর্থাৎ উপস্থিত সদস্যদের প্রায় ৮৩ শতাংশ তাঁর পক্ষে ছিলেন।

দুই সদস্যের দেওয়া হিসাবই ভিডিওতে ঘোষিত ‘দুই-তৃতীয়াংশের বেশি ভোট’ পাওয়ার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ভিডিও দেখে ভোটের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

ফাতিমা মাসুমেহ মাজারে বৈঠকের পরিকল্পনা বাতিল
হাসানাতি জানান, শুরুতে কোম শহরের ফাতিমা মাসুমেহ মাজারে পরিষদের সদস্যদের একত্র করার পরিকল্পনা ছিল। কিন্তু আকাশে যুদ্ধবিমান উড়তে দেখে নিরাপত্তার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়।

এর আগে ৫ মার্চ ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছিল, ওই দিন নির্ধারিত অধিবেশনটি মাজারের পাশের একটি ভবন থেকে পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল।

তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২ মার্চ রাতে তেহরানে বিশেষজ্ঞ পরিষদের কার্যালয়ে হামলা হয়। পরদিন কোমে পরিষদের সচিবালয়েও হামলা চালানো হয়। তাসনিমের দাবি, হামলার সময় কোমের ভবনটি খালি ছিল।

পরে কোমের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক উপগভর্নর জানান, শহরের রেসালাত স্কয়ার এলাকায় হামলায় ছয়জন নিহত এবং ৩০ জন আহত হন। অন্যদিকে, বিশেষজ্ঞ পরিষদের সচিবালয় জানিয়েছিল, তাদের তিন কর্মী নিহত হয়েছেন।

তবে সচিবালয়ে হামলার সময় ভেতরে কেউ ছিলেন কি না, সে বিষয়ে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি। মোহসেন কোমি কোম শহরে পরিষদের দুটি ভবনে হামলার কথা উল্লেখ করেছেন। আর ভিডিও ও ছবির দৃশ্যগত মিলের ভিত্তিতে প্রতিবেদকের অনুসন্ধান বলছে, উত্তরসূরি নির্বাচনের বৈঠকটি হয়েছিল জাদুঘরের সম্মেলনকক্ষে।

নিরাপত্তা নিয়ে যা বললেন ধর্মীয় নেতারা
ভিডিওতে প্রকাশিত সদস্যদের সাক্ষাৎকার থেকে বৈঠকের আগে ও পরের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। যুদ্ধের মধ্যে অল্প সময়ের জন্য একত্র হয়েছিলেন তাঁরা। প্রত্যেকের নিরাপত্তা নিয়ে ছিল উদ্বেগ।

রেজা রামেজানি জিলানি জানান, তাঁকে একটি গাড়িতে করে প্রায় দুই ঘণ্টা ঘোরানো হয়েছিল। অন্যদিকে, মোহাম্মদ বাকের মোহাম্মদি লায়েনি বলেন, বৈঠকস্থলে পৌঁছানোর পর সেখানে শুধু বিশেষজ্ঞ পরিষদের সদস্যদেরই দেখতে পেয়েছিলেন তিনি।

আলী আব্বাসির ভাষ্য অনুযায়ী, বৈঠকস্থলে পৌঁছানো থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত তাঁদের সময় লেগেছিল সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ মিনিট। তবে এই সময়ের কতটা অংশ আলোচনায় ব্যয় হয়েছিল, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

মোহসেন মোহাম্মদি আরাকি দাবি করেন, পরিষদের সব সদস্যই হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। হাশেম হোসেইনি বুশেহরি যুদ্ধকালীন পরিস্থিতিতে এমন একটি সিদ্ধান্ত নেওয়ার কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

ভিডিওতে রহিম তাভাকোলকেও বলতে শোনা যায়, ‘আমরা আমাদের কথায় অটল আছি।’ তবে বক্তব্যটির আগে-পরে বিস্তারিত কথোপকথন না থাকায় তিনি ঠিক কোন প্রসঙ্গে কথাটি বলেছেন, তা স্পষ্ট নয়।

ভোটের ফল ঘোষণার দৃশ্য
ভিডিওর শেষাংশে দেখা যায়, কক্ষের সামনের দিকে দাঁড়িয়ে এক ব্যক্তি নির্বাচনের ফল ঘোষণা করছেন।

তিনি বলেন, ‘তাঁর মহামান্য আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি দুই-তৃতীয়াংশের বেশি ভোট পেয়ে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।’

ঘোষণার পর উপস্থিত সদস্যরা সমস্বরে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেন।

প্রতিবেদকের দৃশ্যগত বিশ্লেষণ অনুযায়ী, বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল কোম শহরের আভিনি নর্থ বুলেভার্ডে অবস্থিত মিউজিয়াম অব হলি ডিফেন্সের ইসার সম্মেলনকক্ষে। গুগল ম্যাপসে স্থানটির প্লাস কোড JV22+3XR।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Walton
Walton