Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৯ ১৪৩৩, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

চিপ থেকে এআই বিপ্লব, কীভাবে প্রযুক্তি দুনিয়ার শীর্ষে জেনসেন হুয়াং

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৮, ২৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

চিপ থেকে এআই বিপ্লব, কীভাবে প্রযুক্তি দুনিয়ার শীর্ষে জেনসেন হুয়াং

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির পেছনে যে প্রযুক্তি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, তার অন্যতম জোগানদাতা এনভিডিয়া। গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি বদলে দিয়েছে কম্পিউটিং প্রযুক্তির গতিপথ। আর এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং গত ৩৩ বছরে এনভিডিয়াকে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি ব্র্যান্ডে পরিণত করেছেন।

কালো টি-শার্ট ও চামড়ার জ্যাকেট পরা ৬৩ বছর বয়সী হুয়াং চার বছর আগেও সাধারণ মানুষের কাছে খুব একটা পরিচিত ছিলেন না। কিন্তু চ্যাটজিপিটির মতো এআই প্রযুক্তির বিকাশে প্রয়োজনীয় উন্নত চিপ ও প্রসেসর তুলে ধরতে গিয়ে দ্রুতই প্রযুক্তি দুনিয়ার পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তাঁর প্রযুক্তিপণ্যের ঘোষণা শুনতে এখন বড় বড় স্টেডিয়ামেও মানুষের সমাগম ঘটে।

গত ১২ নভেম্বর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের মধ্যে তাঁকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদ ছাড়তে হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন-এমন এক নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন হুয়াং। তবে সোমবার তাঁকে আবারও প্রধান নির্বাহী হিসেবে ফিরিয়ে আনা হয়।

এ ঘটনা প্রযুক্তি শিল্পে তাঁর অবস্থানের একটি দিক সামনে এনেছে। এআই বিপ্লব ও বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক উত্থানে এনভিডিয়ার গুরুত্ব এতটাই বেড়েছে যে প্রতিষ্ঠানটির নেতৃত্বে হুয়াংয়ের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক
এএফপির প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক নারীর সম্পর্কের কথা সামনে এসেছে। তাঁদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। চীনা প্রতিষ্ঠানগুলোকে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ সংগ্রহে সহায়তা করার অভিযোগে প্রতিষ্ঠানটি তদন্তের আওতায় রয়েছে।

গত রোববার নিউইয়র্ক টাইমস এ বিষয়ে আরও কিছু তথ্য প্রকাশ করে। সংবাদমাধ্যমটির দাবি, গোপন সম্পর্ক চলাকালে অ্যালিস চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্বেগের বিষয়ও এটি। বিশেষ করে চীনের সঙ্গে প্রযুক্তি ও গোয়েন্দা-সংশ্লিষ্ট নিরাপত্তার প্রশ্নে এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর ব্যক্তিগত যোগাযোগ কতটা সংবেদনশীল হতে পারে, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

দ্রুত উত্থান, বিশ্বের অন্যতম ধনী প্রযুক্তি উদ্যোক্তা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছে মূলত জিপিইউর বিপুল চাহিদার কারণে। গেমিং থেকে শুরু করে ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং এবং বর্তমানে জেনারেটিভ এআই-প্রযুক্তির প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই এসব চিপের ব্যবহার বাড়ছে।

ফোর্বসের হিসাব অনুযায়ী, হুয়াংয়ের সম্পদের পরিমাণ প্রায় ১৬০ বিলিয়ন ডলার। এনভিডিয়ার প্রায় ৪ শতাংশ শেয়ারের মালিক তিনি। তিন দশক আগে সিলিকন ভ্যালির একটি খাবারের দোকানে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন, সেটিই তাঁকে বিশ্বের শীর্ষ ধনীদের কাতারে নিয়ে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এআইবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবেও পরিচিতি রয়েছে হুয়াংয়ের। চলতি বছরের শুরুতে ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে চীন সফরেও গিয়েছিলেন তিনি।

তবে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি মার্কিন কর্মকর্তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তাইপে থেকে যুক্তরাষ্ট্র, কঠিন শৈশবের গল্প
১৯৬৩ সালে তাইওয়ানের রাজধানী তাইপেতে জন্ম জেনসেন হুয়াংয়ের। তাঁর জীবনকে অনেকেই যুক্তরাষ্ট্রের সাফল্যের প্রচলিত উদাহরণ হিসেবে দেখেন। তবে শৈশবটা মোটেও সহজ ছিল না।

মাত্র নয় বছর বয়সে তাঁকে ও তাঁর ভাইকে যুক্তরাষ্ট্রের কেনটাকির একটি বোর্ডিং স্কুলে পাঠানো হয়। তাইওয়ানে থাকা তাঁর বাবা-মাকে স্কুলটির পরামর্শ দিয়েছিলেন এক চাচা। তাঁর ধারণা ছিল, এটি একটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু পরে জানা যায়, স্কুলটি মূলত সমস্যাগ্রস্ত কিশোরদের জন্য পরিচালিত হতো।

বয়স কম হওয়ায় হুয়াং সেখানে নিয়মিত শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে পারেননি। তবে বোর্ডিংয়ে থেকে কাছের একটি সরকারি স্কুলে পড়াশোনা করেন। তাঁর সহপাঠীদের অনেকেই ছিলেন তামাকচাষি পরিবারের সন্তান।

ইংরেজিতে দুর্বল হওয়ায় তাঁকে সহপাঠীদের বিদ্রূপের শিকার হতে হতো। এমনকি টয়লেট পরিষ্কারের কাজও করতে হয়েছিল। প্রায় দুই বছর ধরে চলা সেই অভিজ্ঞতা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শৈশবের কথা স্মরণ করে হুয়াং বলেন, তাঁরা কঠোর পরিশ্রম করতেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করতেন এবং আশপাশের শিশুরাও ছিল বেশ কঠিন স্বভাবের।

তবে সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে তাঁর উপলব্ধি ছিল ভিন্ন। হুয়াং বলেন, শেষ পর্যন্ত ওই সময়টাকেই তিনি ভালোবেসে ফেলেছিলেন।

পরে তাঁর বাবা-মা তাঁকে নিজেদের কাছে ফিরিয়ে নেন। তত দিনে তাঁরা যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনে বসতি গড়েছেন। মাত্র ২০ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে চিপ ডিজাইনের কাজে যোগ দেন হুয়াং। প্রথমে কাজ করেন এএমডিতে, পরে এলএসআই লজিকে।

চিপ তৈরি ও নকশার কাজই ছিল তাঁর আগ্রহের মূল জায়গা।

এনভিডিয়া প্রতিষ্ঠা, জিপিইউ প্রযুক্তিতে নতুন অধ্যায়
প্রযুক্তিতে আরও বড় কিছু করার লক্ষ্য থেকেই ১৯৯৩ সালে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন হুয়াং। তাঁর উদ্দেশ্য ছিল এমন সমস্যার সমাধান করা, যেগুলো প্রচলিত কম্পিউটার দিয়ে সামাল দেওয়া সম্ভব নয়।

‘নো প্রাইরস’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ত্রিমাত্রিক গ্রাফিকস প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় শক্তিশালী সেমিকন্ডাক্টর তৈরি করাই ছিল তাঁদের প্রাথমিক লক্ষ্য।

১৯৯৯ সালে এনভিডিয়া প্রথম জিপিইউ তৈরি করে। এরপর ভিডিও গেম, ডেটা সেন্টার ও ক্লাউড কম্পিউটিংয়ের বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান শক্ত হয়। বর্তমানে জেনারেটিভ এআই প্রযুক্তির বিস্তার এনভিডিয়ার ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে গেছে।

হুয়াংয়ের পোশাকের ধরনও বেশ পরিচিত। প্রায় সব সময় কালো টি-শার্ট ও চামড়ার জ্যাকেটে দেখা যায় তাঁকে। শরীরে রয়েছে এনভিডিয়ার লোগোর ট্যাটু। স্পোর্টস কারের প্রতিও তাঁর আগ্রহ রয়েছে।

এনভিডিয়ার এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে দেওয়া বক্তব্যে হুয়াংকে তাঁর দেখা সবচেয়ে কর্মঠ ও লক্ষ্যে অবিচল ব্যক্তিদের একজন বলে বর্ণনা করেছেন।

এআই উন্নয়নে গতি কমানোর পক্ষে নন হুয়াং
এআই প্রযুক্তির দ্রুত বিস্তার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়লেও এর উন্নয়নের গতি কমানোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন হুয়াং। প্রযুক্তি খাতের কয়েকজন অভ্যন্তরীণ বিশেষজ্ঞ যেখানে সতর্ক করেছেন, আগামী এক দশকের মধ্যে এআই মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে, সেখানে হুয়াং দ্রুত অগ্রগতির পক্ষেই অবস্থান নিয়েছেন।

গত সেপ্টেম্বরে সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এআই নিয়ে এমন বিপর্যয়কর বর্ণনা অনেক বেশি আলোচনার জন্ম দেয়, কিন্তু এর পেছনে যথেষ্ট তথ্যভিত্তিক ভিত্তি নেই।

তাঁর বক্তব্য, ‘আমাদের যত দ্রুত সম্ভব এগিয়ে যাওয়া উচিত।’

তাইওয়ানে তারকাখ্যাতি, প্রতিষ্ঠানের ভেতরে কঠোর নেতৃত্ব
নিজ জন্মভূমি তাইওয়ানে গেলে হুয়াংকে ঘিরে ভক্তদের ব্যাপক আগ্রহ দেখা যায়। অটোগ্রাফ ও সেলফি নেওয়ার জন্য তাঁকে ঘিরে ধরেন অনেকে। সাংবাদিকেরাও অনুসরণ করেন তাঁর প্রতিটি পদক্ষেপ-এমনকি নাপিতের দোকান কিংবা পছন্দের রাতের বাজারে গেলেও।

এনভিডিয়া দীর্ঘদিন ধরে হুয়াংয়ের একটি বিতর্কমুক্ত, ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু প্রতিষ্ঠানের এক সাবেক কর্মকর্তা তাঁর ব্যক্তিত্বের ভিন্ন একটি দিকের কথাও জানিয়েছেন।

ওই কর্মকর্তার ভাষায়, হুয়াংয়ের ব্যক্তিত্বে এক ধরনের বৈপরীত্য রয়েছে। একদিকে তিনি কর্মীদের সুরক্ষায় সচেষ্ট, অন্যদিকে প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের মধ্যে কেউ ভুল সিদ্ধান্ত নিলে কিংবা দায়িত্ব পালনে ব্যর্থ হলে কঠোর ভাষায় সমালোচনা করতেও পিছপা হন না।

তাঁর বর্ণনায়, ভুলের জন্য কখনো কখনো সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘ছিন্নভিন্ন করে দেওয়ার মতো’ কঠোর আচরণ করেন হুয়াং।

এনভিডিয়ার নেতৃত্ব, এআই প্রযুক্তির ভবিষ্যৎ এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতার কেন্দ্রে জেনসেন হুয়াংয়ের অবস্থান তাই এখন নতুন করে আলোচনায়। তবে ব্যক্তিগত সম্পর্ক ঘিরে ওঠা অভিযোগ এবং তাঁর পুনরায় প্রধান নির্বাহীর দায়িত্বে ফেরার ঘটনাও প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

Walton
Walton