প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি সংগৃহীত
বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা নোয়াখালীর স্বর্ণদ্বীপে এবার একসঙ্গে মিলিত হচ্ছে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত তিন ইউনিট। তাদের সমন্বিত সামরিক সক্ষমতার চূড়ান্ত অনুশীলন সরাসরি দেখতে মঙ্গলবার ২৪ নভেম্বর সকালে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ নামের এই আয়োজন সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, ২৪ নভেম্বর সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছাবেন সরকারপ্রধান। সেখানে তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করবেন তিনি।
সফরসূচিতে রয়েছে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন। পাশাপাশি অনুশীলনস্থলে কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী।
মহড়ায় থাকছে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট
এই বিশেষ অনুশীলনে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে আয়োজিত চূড়ান্ত প্রশিক্ষণের মধ্য দিয়ে যৌথ কার্যক্রম পরিচালনার সক্ষমতা প্রদর্শন করা হবে।
বঙ্গোপসাগরের বুকে স্বর্ণদ্বীপ
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ডটির নাম স্বর্ণদ্বীপ। স্থানীয়ভাবে এটি ‘জাহাইজ্জার চর’ নামেও পরিচিত।
দ্বীপটির দায়িত্ব নেওয়ার পর ২০১৩ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক যুগের বেশি সময়ে সেখানে বিভিন্ন সামরিক অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।
এবারের আয়োজনের বিশেষত্ব হলো, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর তিনটি বিশেষায়িত ইউনিট প্রথমবারের মতো একই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। একই সঙ্গে স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মসূচি শেষ করে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।




