ফাইল ফটো
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয় গেছে। তারা হলেন, চকরিয়ার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন (৪৩) এবং বান্দরবানের লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। নিহত এক নারী ও অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী ওবায়দুর রহমান ওবাইদু বলেন, বাস ও অটোরিকশার সংঘর্ষের পরপর ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে পড়ে ছিল। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। পরে তারা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
দুর্ঘটনার পর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার জানান, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




