ছবি: সংগৃহীত
জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়তি সতর্কতার অংশ হিসেবে আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর ২০২৬) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, কক্সবাজারে সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মাঠে নামা এসব সদস্য স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্প এলাকা ও বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড ঠেকাতে তৎপর রয়েছেন সদস্যরা।
মাঠপর্যায়ের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তির সহায়তায় নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আসা সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষার নিয়মিত কাজের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায়ও সদস্যরা পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে বাহিনীটি দৃঢ়প্রতিজ্ঞ।




