Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১১ ১৪৩৩, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৮, ২৬ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা



গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে ফের অবরোধের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুর চৌরাস্তা, সাইনবোর্ড ও মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার চেষ্টায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে, এ পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে অবরোধকারীরা সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই তিনটি এলাকায় অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগের আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, যাত্রী ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের নর্থ জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ শহিদুল আলম শহীদ বলেন, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টির ঘটনা বরদাশত করা হবে না। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। মহাসড়কে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

Walton
Walton