ন্যূনতম মজুরি নির্ধারণ: স্থিরতা ফেরেনি শিল্পাঞ্চলগুলোতে
ন্যূনতম মজুরি নির্ধারণের পরও ফের উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন শিল্পাঞ্চলগুলো।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করায় বিক্ষোভ কওে পোশাক শ্রমিকরা।
এদিকে, এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মজুরি বোর্ড নতুন বেতন কাঠামো ঘোষণার পর বুধবার সকাল থেকে পোশাকশ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকরা দলবদ্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পুরো মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পুলিশ ও আনসারের ১০ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, একই সময়ে মালেকের বাড়ী এলাকায়ও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় সালনা থেকে গাজীপুর নগরীর বোর্ডবাজার পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের পাশাপাশি এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। শুধু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, নাওজোড় ও মালেকের বাড়ী এলাকায় বিশৃঙ্খলা চলছে। এসব এলাকার বেশির ভাগ পোশাক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।
অন্যদিকে, একই দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় থামছে না শ্রমিক অসন্তোষ। মজুরি ঘোষণার পর এবার গ্রেড উন্নয়ন, ছুটির টাকা পরিশোধসহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি সামাল দিতে তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে শিল্প পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিক অসন্তোষের জেরে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেডে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই গ্রেডে কাজ করলেও তাদের পদমর্যাদা ও বেতন কাঠামোর যথাযথ পরিবর্তন হচ্ছে না। সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন এবং ছুটির সম্পূর্ণ অর্থ পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নামেন।
এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় চাষাড়া ও ফতুল্লার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে এদিন ভোরে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়া হয়। এর পর থেকেই আবারও আন্দোলনে উত্তাল হয়ে উঠে পোশাক শ্রমিকরা।




