হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কেউ যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, সীমান্তে টহল জোরদারের পাশাপাশি সিসি ক্যামেরা, ড্রোন ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচারসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবি নিয়মিত সতর্ক অবস্থানে থাকে। তবে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা এবং সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের বেনাপোল সীমান্ত পরিদর্শনের পরিপ্রেক্ষিতে সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন হিলি সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহল দেওয়া হচ্ছে। সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব স্থানে ড্রোন ও সার্চলাইটের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া সীমান্ত দিয়ে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রী ও আমদানিপণ্যবাহী ট্রাক তল্লাশি করে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।




