Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১১ ১৪৩৩, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬

আজ ফের বসছে মজুরি বোর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৪, ২৬ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

আজ ফের বসছে মজুরি বোর্ড

ফাইল ফটো

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফের সভায় বসছে মজুরি বোর্ড।

এর আগে, গতকাল বুধবার (২৫ নভেম্বর) আগের সভায় শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলেও এবার তা নিয়ে আরও আলোচনা ও সমন্বয়ের সুযোগ রয়েছে কি না, সেদিকেই নজর সংশ্লিষ্টদের। বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এ মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
কোন গ্রেডে কত টাকা মজুরি নির্ধারণ?

বোর্ডের আলোচনায় তিনটি গ্রেডের মজুরি সব সদস্যের সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়েছে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে।

গ্রেডভিত্তিক প্রস্তাবিত নিম্নতম মাসিক মজুরির চিত্র নিচে দেওয়া হলো-
শ্রমিকের গ্রেড    নির্ধারিত নিম্নতম মাসিক মজুরি
গ্রেড-১    ২১ হাজার ৫০০ টাকা
গ্রেড-২    ২০ হাজার টাকা
গ্রেড-৩    ১৯ হাজার ২০০ টাকা
গ্রেড-৪    ১৭ হাজার টাকা

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো গ্রেডের শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে নির্ধারিত নিম্নতম মজুরির সঙ্গে অন্তত দুই হাজার টাকা সমন্বয় করা হবে।

প্রসঙ্গত, সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে। তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় সেদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়।
 

Walton
Walton