Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১১ ১৪৩৩, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী করার তাগিদ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৯, ২৬ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী করার তাগিদ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গ্রামীণ ও কৃষি অর্থনীতির প্রাণ হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সদিচ্ছা ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নিজস্ব উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর জোর দিয়েছেন তিনি।

মেধাবী জাতি গঠনে পুষ্টির নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে।

অর্থনৈতিক অবদানের চিত্র তুলে ধরে তিনি বলেন, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। এ ছাড়া কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। খামারিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে।

রপ্তানি সম্ভাবনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য ও পশুজাত উপজাত এবং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্যের বাজার সম্প্রসারণের বিশাল সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম বা হ্যাচিং এগ রপ্তানি করতে সক্ষম হয়েছে জানিয়ে তিনি নতুন বাজার খোঁজার আহ্বান জানান।

বিশ্ববাজারে প্রবেশের জন্য খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকার আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে।

পোলট্রি ও প্রান্তিক খামারিদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, দেশে বর্তমানে দুই লাখের বেশি পোলট্রি খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। প্রায় ৫০ হাজার কোটি টাকা বেসরকারি বিনিয়োগের এ খাতের সঙ্গে জড়িত ৬০ লাখ মানুষের ৪০ শতাংশই নারী। পাশাপাশি প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।

তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে উৎপাদিত ১৭ ধরনের টিকার পাশাপাশি চাহিদা মেটাতে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে। এ ছাড়া উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে জেগে ওঠা নতুন চর ও খাসজমি সমবায় ভিত্তিতে মহিষ পালনের জন্য খামারিদের বরাদ্দ দিতে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করার আহ্বান জানান তিনি।

শহরাঞ্চলে পোষা প্রাণী ও পাখি পালনের প্রবণতা বৃদ্ধির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী প্রাণীর অধিকার রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রাণীকে ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা, রোগ ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রেখে স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা মানবিক দায়িত্ব। খামারিদের প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি অভিহিত করে তিনি প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই স্বীকৃতি লাখো উদ্যোক্তা ও গবেষকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। যথাযথ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও খামারিদের দক্ষতার সমন্বয়ে বাংলাদেশের প্রাণিসম্পদ খাত অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে এবং বৈশ্বিক বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Walton
Walton