Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৪ ১৪৩৩, রোববার ২৯ নভেম্বর ২০২৬

চুয়েটের অচলাবস্থা কাটাতে নতুন কর্মসূচিতে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ২৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

চুয়েটের অচলাবস্থা কাটাতে নতুন কর্মসূচিতে শিক্ষকরা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তৈরি হওয়া অচলাবস্থা কাটিয়ে ওঠা এবং নিয়মিত শিক্ষা ও প্রশাসনিক কাজ সচল করার দাবিতে মৌন মিছিল করার ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকেই একজন যোগ্য ও উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করবেন তারা।

আজ রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে মৌন মিছিলটি শুরু হওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী বুধবার (২ ডিসেম্বর) একই সময়ে ও একই স্থান থেকে মিছিলটি বের হবে।

গত শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টায় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভায় এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় চুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই যোগ্য ও উপযুক্ত শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মতান্ত্রিক কর্মসূচি নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সেই আলোচনার ধারাবাহিকতায় সর্বসম্মতিক্রমে মৌন মিছিলের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি চলমান থাকবে।

Walton
Walton