Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৪ ১৪৩৩, রোববার ২৯ নভেম্বর ২০২৬

সাবেক এমপিসহ অন্তত ৯ বাড়িতে হামলা ও আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১১, ২৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

সাবেক এমপিসহ অন্তত ৯ বাড়িতে হামলা ও আগুন

ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতা আবু বকর রানাকে কুপিয়ে জখম করার ঘটনার পর সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বাড়িসহ অন্তত নয়টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় এ সহিংসতার সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত আটটার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী পুটিকা বাজার এলাকায় গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। তখন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দিলে সংঘাতের সৃষ্টি হয় এবং একপর্যায়ে যুবদল নেতা আবু বকর রানার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে মারাত্মক জখম করা হয়।

এ ঘটনার জেরে প্রথমে অভিযুক্ত নিষিদ্ধ যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেওয়া হয়। এরপর নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, তার ভাতিজা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও যুক্তরাষ্ট্র প্রবাসী আমানুর রশীদ খান জুয়েল, তার ভাই যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট আকসানুর রশীদ খান লিটন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার, ময়মনসিংহ মেডিকেলের স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. ওয়াহিদুর রহমান ছোটন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম এবং উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নিজাম উদ্দিনের বাড়িসহ অন্তত নয়টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

হামলা ও অগ্নিসংযোগে আহমদ হোসেনের বাড়ির দুটি আধাপাকা ভবন, আমানুর রশীদ খান জুয়েলের বাড়ির একটি তৃতীয়তলা ঘরসহ চারটি আধাপাকা ঘর, আবুল বাশারের দোতলা ভবন, ফয়জুর রহমান ঝুন্টুর বাড়ির তৃতীয়তলা ভবন, মুনতাসির মাসুদ খান ফাহিমের দুটি আধাপাকা ভবন এবং রফিকুল ইসলামের দুটি আধাপাকা ঘর লুটপাট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান মুঠোফোনে অভিযোগ করেন, বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী অতর্কিত এসে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

অন্যদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনার খবর পেয়েছেন। অগ্নিসংযোগে কারা জড়িত তা তিনি জানেন না উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে শান্ত ও বিরত থাকার জন্য দলের নেতাকর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিল। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করে।

ওসি আরও জানান, ওই হামলার জেরে রফিক নামের যুবলীগ নেতার বাড়িতে উত্তেজিত জনতা আগুন দিয়েছে বলে নিশ্চিত হওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়। এরপর আরও কিছুক্ষণ পর উত্তেজিত জনতা সাবেক এমপি আহমদ হোসেন ও যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ নয়টি বাড়িতে অগ্নিসংযোগ করে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

গুরুতর আহত যুবদল নেতা আবু বকর রানাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে।

Walton
Walton