ছবি: সংগৃহীত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় অবরোধ শুরু করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা থেকে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে তারা এই অবরোধ পালন করেন। এর ফলে মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোর থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র হাতে মহাসড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। একপর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি চালান তারা। টেকেরহাট অংশে যানবাহন চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রী ও চালকদের দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অবরোধ শুরুর দিকে ভোরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। তবে সকাল গড়ানোর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছান এবং মহাসড়কে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেন।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।




