Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৪ ১৪৩৩, রোববার ২৯ নভেম্বর ২০২৬

মুশফিকের বিদায়ে অবসরে যাচ্ছে ১৫ নম্বর জার্সি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৯, ২৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

মুশফিকের বিদায়ে অবসরে যাচ্ছে ১৫ নম্বর জার্সি

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটার মুশফিকুর রহিম। গত ২৮ নভেম্বর শনিবার বিসিবির বোর্ড সভা শেষে মুশফিকের পক্ষ থেকে এই ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

অবসরের এই খবরের কয়েক ঘণ্টা পর নতুন তথ্য সামনে আসে যে, কেবল মুশফিকই নন, তার পরিচিত ১৫ নম্বর জার্সিটিকেও অবসরে পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির একটি সূত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, কেবল জার্সি তুলে রাখাই নয়, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির একটি অংশও মুশফিকুর রহিমের নামে করার চিন্তাভাবনা চলছে।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকে অভিষেক হয়েছিল মুশফিকের। সেই অভিষেকের প্রায় দুই দশক পর আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন এই অভিজ্ঞ ব্যাটার। লর্ডসের বদলে এবার শেষ ম্যাচটি খেলবেন নিজের চেনা আঙিনা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ওই ম্যাচ খেলেই দীর্ঘ পথচলার ইতি টানবেন মুশফিক।

দেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন। সে তুলনায় মুশফিকের বিদায়ের খবর স্ট্যাটাসের বদলে বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন সভাপতি তামিম ইকবাল।

গত ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি মুশফিকের ১৫ নম্বর জার্সি অবসরে পাঠানোর বিষয়টিও আলোচনায় আসে। বিসিবির সূত্র জানিয়েছে, মুশফিকের বিদায়ের পর তার জার্সি তুলে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ বিষয়ে বোর্ড পরিচালকদের অবস্থান ইতিবাচক বলে জানা গেছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

পাশাপাশি মিরপুরের কোনো একটি গ্যালারি মুশফিকের নামে করার পরিকল্পনাও করছে বিসিবি। তবে এ বিষয়ে এককভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বোর্ডের। স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন হওয়ায় নামকরণের ক্ষেত্রে তাদের অনুমোদন প্রয়োজন হবে। সব প্রক্রিয়া শেষ হলে মিরপুরের মাঠে স্থায়ীভাবে যুক্ত হবে মুশফিকের নাম।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে কিংবদন্তিদের সম্মান জানাতে তাদের জার্সি অবসরে পাঠানোর প্রচলন থাকলেও বাংলাদেশের ক্রিকেটে এমন নজির আগে ছিল না। মুশফিকের বিদায়কে স্মরণীয় করে রাখতে সেই রীতিই চালু করতে যাচ্ছে বিসিবি।

২০০৫ সালে লর্ডসে অভিষেকের পর ২১ বছরের পথচলায় বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েছেন মুশফিক। অবসরের আগে দেশের হয়ে সর্বোচ্চ ১৪টি শতক এবং ৭ হাজার ৬২ রানের মালিকও তিনি।

Walton
Walton