Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১২ ১৪৩৩, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন: কাপ্তাই সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ২৭ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন: কাপ্তাই সড়ক অবরোধ

ফাইল ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে চলমান বিরোধের স্থায়ী সমাধানের দাবিতে এবার কাপ্তাই সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী চুয়েটের মূল ফটকের সামনের সড়কে এ ব্লকেড কর্মসূচি পালন করা হয়। 

এদিকে, উত্তর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এ কাপ্তাই সড়ক দীর্ঘ ৩০ মিনিট বন্ধ থাকায় সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় অনেক যাত্রীকে হেঁটে শিক্ষার্থীদের আন্দোলন এলাকা অতিক্রম করতে দেখা গেছে।
এর আগে একই দাবিতে বৃহস্পতিবার নগরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।

উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থা নিরসনের দাবিতে বুধবার রাতে শিক্ষার্থীদের এক সভা থেকে বৃহস্পতিবার পুনরায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের শাটডাউনের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয়। তবে উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের সমাধান হয়নি। নতুন করে শাটডাউন ও সড়ক অবরোধের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
 

Walton
Walton