ছবি : সংগৃহীত
লিটারপ্রতি তিন টাকা দাম বাড়লেও রাজধানীর বাজারে এখনো স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। শুক্রবার মিরপুরের ১১, ১ ও ১২ নম্বর এলাকার বেশিরভাগ দোকানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও কোথাও বিক্রি হচ্ছে আগের দামেই।
খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কোম্পানিগুলো নতুন করে তেলের অর্ডার নেওয়া শুরু করেছে এবং আগামী দু-একদিনের মধ্যে সরবরাহ বাড়তে পারে। বৃহস্পতিবার সরকার আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয় বিবেচনায় বোতলজাত সয়াবিনের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করেছে।
তেলের সংকট নিয়ে পল্লবীর মুসলিম বাজারের আরিফ ট্রেডার্সের বিক্রেতা সুজন বলেন, গতকাল তেলের দাম বেড়েছে। এখনো কোম্পানির লোক আসেননি। শনিবার আসতে পারেন। এরপর অর্ডার নিলে রোববার থেকে তেল পাওয়া যেতে পারে।
একই সুরে মিরপুর ১২ নম্বর কাঁচাবাজারের ব্যবসায়ী দিহান আলমগীর বলেন, গত কয়েক মাস ধরে সয়াবিন তেলের সরবরাহ পর্যাপ্ত ছিল না। এ কারণে দোকানে তেল রাখা হয়নি। কখনো কোম্পানি তেল দেয়, কখনো দেয় না। আবার তেল নিতে হলে অন্যান্য পণ্য নেওয়ার শর্তও থাকে। কোম্পানিগুলো সরবরাহ স্বাভাবিক করলে দোকানে তেল রাখবো। এদিকে শামীম নামের আরেক বিক্রেতা জানান, কিছু দোকানে আগের দামেই সয়াবিন তেল বিক্রি হচ্ছে। প্রতি লিটার ২০৪ থেকে ২০৫ টাকা। নতুন তেল এলে নতুন দামে বিক্রি হবে।
তেলের বাজারে অস্থিরতা থাকলেও সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর বাজারে কমছে শীতের সবজির দাম। মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারে সবজি কিনতে আসা শারমীন বলেন, শীতের সবজির দাম কিছুটা কমেছে। আগের তুলনায় স্বস্তিতে সবজি কেনা যাচ্ছে। বাজারে এখন মূলা ও শালগম ৫০ টাকা কেজি এবং প্রতি পিস ফুলকপি, বাঁধাকপি ও মিষ্টি কুমড়া ৪০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া শিম ৬০ থেকে ১২০ টাকা, শসা ৫০ টাকা, সবুজ গোল বেগুন ৮০ টাকা এবং নীল গোল বেগুন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে নতুন আলু বাজারে উঠলেও আকার ও মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়।
শীতের সবজি কমলেও অন্যান্য সবজির দাম এখনো বেশ চড়া। বাজারে দেশি টমেটো ১৫০ টাকা, ভারতীয় টমেটো ১৮০ টাকা, কাঁচা টমেটো ৮০ টাকা, দেশি গাজর ১০০ টাকা এবং চায়না গাজর ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি করলা ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০ টাকা, হাইব্রিড পটল ৭০ টাকা, দেশি পটল ১০০ টাকা, চিচিঙ্গা, ধুন্দল, ঝিঙা ও কচুর লতি ৮০ টাকা এবং বরবটি ও কচুরমুখী ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে ৪০ টাকা, চালকুমড়া ৬০ টাকা এবং প্রতিটি লাউ ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
সবজিতে সামান্য স্বস্তি মিললেও চাল ও মাছ-মাংসের বাজারে ক্রেতাদের বাড়তি খরচ করতে হচ্ছে। বাজারে বর্তমানে সরু চাল ৭০ থেকে ৯০ টাকা, মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা এবং মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, প্রতি কেজি গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।




